একটি ছোট্ট বীজের গল্প
অনেক অনেকদিন আগের কথা। ফিলিপিন্সের মিন্দানাও শহরে বাস করত এক ধনী লোক। তার নাম ছিল দাতু। তার ছিল অনেক সম্পদ। কিন্তু তার কোনো হৃদয় ছিল না। সে ছিল খুব জটিল ও কাঠখোট্টা ধরনের মানুষ। তার ভেতর কোনো অনুভূতি বা ভালোবাসা ছিল না। অন্যের কোনো বিষয়কে একদম পাত্তা দিত না সে।
একদিন দাতু তার সুন্দর বাগানবাড়িতে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় সে শুনতে পেল কে যেন সরু গলায় চিৎকার করে কাঁদছে, “এখানে কে আছ, আমাকে দয়া করো। আমাকে বাঁচাও।”
বারবার এমন চিৎকার শুনে দাতু সেদিকে এগিয়ে গেল। একটি ছোট্ট বীজ এতক্ষণ ধরে চিৎকার করছিল। দাতুর খুব রাগ হল। সে বীজকে ধমক দিয়ে বলল, “চিৎকার থামা, বেয়াদব। তোর জন্য আমি ঘুমুতে পারছি না।”
বীজটি আবার করুণভাবে বলল, “তুমি কি আমাকে বাঁচাবে? আমি খুব অসহায়। তুমি যদি একটু কষ্ট করে আমাকে মাটিতে পুতে দাও তাহলে আমি বড় গাছ হতে পারি। আমি বড় হতে চাই। আমি অনেক ফুল ও ফল জন্ম দিতে চাই। অনেক মানুষ আমার ফল খাবে। অনেক পাখি আমার ফল খাবে। আমার সুন্দর ফুল দেখে অনেকে মুগ্ধ হবে। আমি এভাবে মরে যেতে চাই না। আমি বনের পাশে পঁচে যেতে চাই না। কোনো পাখি আমাকে খেয়ে ফেলুক, আমি তাও চাই না। দয়া করে আমাকে বাঁচাও।”
বীজের কথা শুনে দাতু খুব বিরক্ত হল। তার খুব ঘুম পেয়েছে। সে হাই তুলতে তুলতে চোখ বন্ধ করল। কিন্তু ছোট্ট বীজটি চিৎকার করতেই থাকল।
দাতু তাকে ধমক দিয়ে বলল, “আমার খুব ঘুম পেয়েছে। তুই কি একটু চুপ করবি?”
বীজ আবারও কাতর স্বরে বলল, “আমি তোমার জন্য সবকিছু করতে পারি। দয়া করে তুমি আমাকে মাটিতে পুঁতে দাও।”
দাতুর কথা শুনে বীজ একটু ঘাবড়ে গেল। তারপর বলল, “কিন্তু তোমার হৃদয় আমি কোথায় পাব?”
তার কথা শুনে দাতু হা-হা করে হাসতে শুরু করল। সে বলল, “সেটা আমি জানি না। তুই যেখান থেকে পারিস আমার হৃদয় নিয়ে আয়। যদি না পারিস তাহলে তোকে মরতে হবে। আমার লোকদের কেউ-ই তোকে সাহায্য করবে না। আমি সবাইকে নিষেধ করে দেব।”
এখন দাতুর হৃদয় খুঁজে বের করা ছাড়া অসহায় বীজটির আর কিছু করার রইল না। অগত্যা সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে একটি সুসজ্জিত বাগানে চলে এল। এখানে বিচিত্র ধরনের গাছপালা তাদের রংবেরংয়ের ফুল আর ফল নিয়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে।
বনের বাসিন্দাদের প্রত্যেকেরই আলাদা আলাদা দলনেতা আছে। যেমন ফলের রাজা, ফুলের রানি, কন্দের রানি এবং ছোট ঝোপের রাজা। বীজটি একে একে সব দলনেতার কাছে গেল।
অসহায় বীজটি ফলের রাজাকে বিনয়ের সঙ্গে বলল, “তুমি কি দাতুর হৃদয়ের সন্ধান দিতে পার? আমি তার হৃদয় খুঁজে না পেলে জন্মাতে পারব না।”
বীজটি সবাইকে একই কথা বলল। বীজের কথা শুনে সবার খুব দয়া হল। তাদের প্রত্যেকে মিলে সকল গাছপালা, ফুল, ফল আর কন্দকে বলল, “তোমরা সবাই মিলে ভালো করে খুঁজে একটা হৃদয় বের কর। এটা আমরা এই অসহায় বীজের হাতে তুলে দিতে চাই।”
তখন তাদের প্রত্যেকেই নিজেদের মধ্য থেকে একটা করে হৃদয় খুঁজে বের করল।
ফুলের রানি বলল, “আমি গোলাপ, অর্কিড এবং সকল বুনোফুলের বাগান থেকে তোমার জন্য এনথোরিয়াম ফুল বেছে নিয়েছি। এর পাতাটি দেখতে হৃদয়ের মতো। এটি দাতুর হারিয়ে যাওয়া হৃদয় হতে পারে।”
কন্দের রানি অসহায় বীজটিকে ডেকে আনন্দের সঙ্গে একটি কচুপাতা দিয়ে বলল, “তুমি কি এই পাতাটি দেখতে পাচ্ছ? এই পাতাটি দেখতে ঠিক হৃদয়ের মতো! এটি তুমি দাতুকে দিও। এটি তার হৃদয় হতে পারে।”
সবশেষে ছোট ঝোপের রাজা উল্লাসের সঙ্গে বলল, “আমাদের আদরের সোনামণি বীজ, এটি দাতুর হারিয়ে যাওয়া হৃদয় হতে পারে। শহরের মানুষেরা একে কলার থোর বলে। এটি আসলে কলাগাছের হৃদয়। কলাগাছে কলা জন্মাবার আগে এই হৃদয়টি বেরিয়ে আসে।”
অসহায় বীজটি সবুজ সাম্রাজ্যের রাজা-রানিদের ধন্যবাদ জানাল, “আমাকে সাহায্য করার জন্য তোমাদের ধন্যবাদ। আমার বিশ্বাস, আমি শীঘ্রই একটা উপকারি গাছ হব। আমার শরীরে অন্যের জন্য অনেক অনেক ফল হবে।”
রাজা-রানিরা বলল, “ছোট্টমণি বীজ, এগুলো দাতুর হৃদয় নাও হতে পারে। কিন্তু তোর ধৈর্য্য ও নিষ্ঠার ফল হিসেবে তুমি অবশ্যই দাতুর হৃদয় খুঁজে পাবে।”
ছোট্ট বীজটি তখন রাজা-রানিদের দেওয়া উপহারগুলো নিয়ে দাতুর কাছে গেল। এগুলো দেখে দাতু তো হেসেই বাঁচে না। সে বলল, “তুই আমাকে এসব কী এনে দিলি? স্টবেরি? এটা একটা ফল, আমার হৃদয় নয়। এনথোরিয়াম? এটি হৃদয়ের মতো দেখতে একটি ফুল ছাড়া কিছুই নয়। কচুপাতা তো কেবলই একটি পাতা। আর সবচেয়ে ফালতু জিনিস হচ্ছে কলার থোর।”
একথা বলার পরও দাতু হা-হা করে হাসতে লাগল। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল।
অসহায় বীজটির কাণ্ড দেখে দাতু সারাদিন একা একাই হাসল। একসময় সে অনুভব করল যে তার ভেতরও একটা হৃদয় আছে। আর সে জন্যই সে হাসতে পারছে। সে বীজটিকে ডেকে বলল, “তুই সত্যি সত্যি আমাকে একটা হৃদয় এনে দিয়েছিস। আমি জীবনে কখনও না হাসলেও এখন হাসতে শিখেছি। আমি এখন একজন সুখী মানুষ। আমার অনেক উপকার করেছিস তুই। আর সে জন্যই আমি তোকে আমারে বাড়ি পেছনের জমিতে পুঁতে দেব। তাছাড়া তুই যাতে বড় হতে পারিস এবং অনেক ফুল আর ফলের মা হতে পারিস সেদিকে খেয়াল রাখব।”
এখন দাতু আনন্দের সঙ্গে ফলগুলোর দিকে তাকিয়ে থাকে।
একদিন সকালে সে গাছটির দিকে তাকিয়ে বলল, “ছোট্ট বীজ, এখন তুই অনেক বড় হয়েছিস। যেদিন আমি তোকে মাটিতে পুঁতে দিয়েছি এবং যত্ন শুরু করেছি, সেদিন থেকেই আমি শিখেছি, কী করে অন্যের প্রতি দয়াবান হওয়া যায় এবং অন্যকে ভালোবাসা যায়। আমার বিপুল সম্পদ আর এত বড় প্রাসাদ আমাকে সুখী করতে পারেনি। কিন্তু আমার সম্পদ অন্যের সেবায় কাজে লাগানোর মধ্যে আনন্দ খুঁজে পেয়েছি। অন্যকে ভালোবাসি বলে মানুষও এখন আমাকে ভালোবাসে, সম্মান করে।
“ছোট্ট বীজ, তুই আমার ব্যবহারের প্রতিদানে আমাদের ফল ও ছায়া দিচ্ছিস। এটা আমার জন্য খুব বড় কিছু নয়। কিন্তু তুই আমার হারিয়ে যাওয়া হৃদয়টা এনে দিয়েছিস, সেটা আমার জন্য অনেক বড় দান। সে জন্য আমি চিরদিন তোর কাছে কৃতজ্ঞ থাকব।”
সেদিন থেকে আগের হৃদয়হীন দাতু একজন পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। সে গাছের ফল সবাইকে খেতে দেয়। প্রতিদিনই ঘুমুতে যাবার আগে সে গাছটির নিচে গিয়ে দাঁড়ায়। গাছটি ধীরে ধীরে অনেক বড় হয়েছে। দাতু প্রতিদিন গাছটির দিকে অনেক ভালোবাসা নিয়ে তাকায় আর কুতজ্ঞতা জানায়; কারণ সেই দাতুর হারিয়ে যাওয়া হৃদয় ফিরিয়ে দিয়েছে।
ফিলিপাইনের রূপকথা
