বিশ্বকাপের বল ব্রাজুকা
২০১৪ সালের জুন মাসে ফুটবল বিশ্ব একত্রিত হবে একই তাঁবুর নিচে। সব ভেদাভেদ ভুলে মেতে উঠবে উত্সবের আমেজে।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয় ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ব্রাজুকা’। এই বল দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে ৩২টি দল লড়াই করবে।
জার্মানির বহুজাতিক কোম্পানি অ্যাডিডাস হচ্ছে এই বলটির অফিসিয়াল স্পন্সর, যারা ১৯৭০ সাল থেকে বিশ্বকাপে বল সরবরাহ করে আসছে।
ব্রাজুকা মূলত পর্তুগিজ শব্দ। যার অর্থ দাঁড়ায় ‘ব্রাজিলিয়ান’ বা ‘ব্রাজিলিয়ানদের জীবনধারা’। এছাড়া আরও কয়েকটি আঞ্চলিক অর্থ রয়েছে ব্রাজুকার। তবে রংয়ের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। রং নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে ব্রাজিলের ইতিহাস ও ঐতিহ্যকে। সাদা, সবুজ, আকাশি, সোনালি, বেগুনি রংয়ের সংমিশ্রণে তৈরি করা হয়েছে বলটি।
এই বলটি বানাতে সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ইউরো ২০১২-এর বল ট্যাঙ্গো ও ফিফা কনফেডারেশন্স কাপ ২০১৩ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অ্যাডিডাস জানিয়েছে, অফিসিয়াল বল হিসেবে ফিফা যা যা চেয়েছে তার সবকিছুরই সংমিশ্রণ ঘটানো হয়েছে বলটিতে। বলটি নিয়ে ট্রায়ালও নিয়েছেন অনেক ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন মেসি, বাস্তিয়ান শোয়েনস্টেইগার। এমনকি সর্বশেষ আর্জেন্টিনা এবং সুইডেনের মধ্যকার প্রীতিম্যাচেও বলটি ব্যবহূত হয়েছে। ব্যবহার করা হয়েছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও। বলটির উন্নয়নে কাজ করেছে লিওনেল মেসি, ইকার ক্যাসিয়া, বায়ার্ন মিউনিখ এবং এসি মিলান। এছাড়া আড়াই বছর ধরে চিন্তাভাবনা করে বানানো হয়েছে এই বলটি।
বলটি সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে লিওনেল মেসি জানান, “ব্রাজুকা দিয়ে খেলার আমার অভিজ্ঞতা হয়েছে। এক কথায় বলতে গেলে বলটি দারুণ।”
রিয়াল মাদ্রিদের দলপতি ইকার ক্যাসিয়াসও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ব্রাজুকার। জানিয়েছেন ব্রাজিলে এই বল দিয়ে খেলতে তিনি মুখিয়ে আছেন।
বলটি উন্মোচনের জন্য আরও একটি চমকপ্রদ পরিকল্পনা অ্যাডিডাস হাতে নিয়েছিল বলটি উন্মোচনের দিন (৩ ডিসেম্বর) ব্রাজিলে যতগুলো শিশু জন্ম নেবে তাদের প্রত্যেককে একটি করে ব্রাজুকা বল দেবে অ্যাডিডাস। এই বল সংগ্রহ করতে শিশুটির জন্ম সনদ প্রদর্শন করতে হয়েছিল। মূলত মার্কেটিংয়ের কারণেই এমন সিদ্ধান্ত হাতে নিয়েছিল তারা।
৩ ডিসেম্বর থেকেই বলটি বিক্রির জন্য বাজারে ছাড়া হয়েছে। প্রতিটি বলের দাম রাখা হয়েছে ১০০ পাউন্ড (১৬০ ডলার), বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ১২ হাজার ৭২০ টাকা। ব্রাজুকার আনুষ্ঠানিক অভিষেক হবে ১২ জুন ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে।
