শিশু আর ফুলের রংয়ে দার্জিলিং
সামনে গ্রীষ্মের ছুটি। গরম রোদে তেঁতে আছে চারপাশ। তোমাদের নিশ্চয়ই এই গরমের ছুটিতে বেড়াতে ইচ্ছে করছে। আমাদের দেশের খুব কাছেই রয়েছে অনেক শান্ত, শৈত্য, আর অপূর্ব প্রাকৃতিক নিসর্গ ভ্রমণের বিশাল আয়োজন।
যেখানে আমাদের বসবাস সে পৃথিবী থেকে ৭ হাজার ফুট উপরের শৈল শহরের কথা বলছি।
ভ্রমণপিপাসু বন্ধুরা নিশ্চয় বুঝে গেছ এতক্ষণে এই গরমে আমরা দার্জিলিং যাচ্ছি, যেখানকার চারপাশের ভোর কুয়াশায় মোড়ানো আর রাতগুলো বরফ পানিতে ধোঁয়া।
তিব্বতীয় শব্দ দর্জি বা বজ্রের দেশ দার্জিলিং। অন্যকথায় উপজাতি লেপচাদের বক্রদেবতা দোর্জের বাসভূমি এ দেশ।
১৮২৯ সালে ইংরেজ সেনা অফিসার লয়েডের আবিষ্কারের পর তাঁর পরিকল্পনা ও নকশায় পাহাড় কেটে কেটে গড়ে ওঠে এ ভিক্টোরিয়ান স্যানেটোরিয়াম বা স্বাস্থ্য নিবাস।
আমরা অনেক সময় পুরনো সিনেমায় দেখে থাকি স্বাস্থ্য উদ্ধারের জন্য সিনেমার লোকজনের দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার দৃশ্য। অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায় দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা নামে একটা ছবি বানিয়েছেন। দার্জিলিং মানেই ঘরের কাছে হিমালয়, চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা। এ শৈল শহরের প্রধান আকর্ষণ পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ (২৮ হাজার ১৫৬ ফুট) কাঞ্চনজঙ্ঘা।
বুড়িমারী থেকে অটোতে প্রায় ঘণ্টা চারেক সময়ের দূরত্ব অতিক্রমের পর শিলিগুঁড়িতে এসে জিপ অথবা ট্রেন-- এ দুভাবেই দার্জিলিং যাওয়া যায়। তবে সময় বেশি লাগলেও বিশ্ব ঐতিহ্যের টয়ট্রেনে এঁকে বেঁকে পাহাড় অতিক্রম করার মজা অন্যরকম। সিটি বাজিয়ে কু-ঝিক-ঝিক-ঝিক শব্দে একরাশ কয়লার গুড়ো ছিটিয়ে ট্রেন শিলিগুঁড়ি শহরের পাশ কাটিয়ে এঁকে বেঁকে পাহাড়ের কোল ঘেঁষে উপরে উঠে যায়। দৃষ্টিসীমায় একের পর এক বিস্ময়! পাহাড় কেটে কেটে কারুকার্যময় টিনের চালায় ছোট ছোট কাঠের বাড়ির সামনে-পাশে-কিনারে ফুলের বাগান। বেগুনি ও হলুদ ম্যাজেন্ডা। কোথাও আবার প্রান্ত আলো করে ফুটে আছে টিউলিপ, রডোডেনড্রন, অর্কিড, লিলি।
ট্রেন চলে স্থির গতিতে। কখনও কখনও ট্রেনটিকে পেছনে যেতে হয় ব্যাক গিয়ারে, পাহাড়ের গা ঘেঁষে। সামনে-পাশে-পেছনে আকাশ ছুঁয়ে আছে উঁচু-নিচু খাঁজকাটা সাদা মেঘের ধাপে। পাইন-ওক বনের গাঁয়ে সবুজ অন্ধকারের আভাস। মনে মনে অমোঘ রোমাঞ্চকর সোনালি রংয়ের চূড়া-- কাঞ্চনজঙ্ঘার আকর্ষণ।
দুপুর গড়িয়ে বিকাল, সামনে কার্সিয়াং স্টেশন। উচ্চতা পৃথিবীতে থেকে পাঁচ হাজার ফুট উঁচুতে। পাহাড়ি রাস্তায় পিঠে ব্যাগ নিয়ে ক্ষুদে পণ্ডিতরা কনভেন্ট স্কুল থেকে ফিরে যাচ্ছে ডর্মেটরিতে।
পাহাড়ের নিস্তব্ধতা ভাঙছে ছোট্ট বন্ধুদের পায়ের শব্দে আর পাহাড়ি ফুলের সৌন্দর্যে। রং-বেরংয়ের গাঢ় রঙিন ফুল কার্সিয়াংয়ের পাহাড়ের গায়ে গায়ে জড়িয়ে আছে।
ক্রমশ: গন্তব্যের দুরত্ব কমে আসে। গতির সাথে সময় পাল্লা দিয়ে ছুটে চলে ট্রেন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল। শীতের তীব্রতা বাড়তে থাকে। গায়ে জড়াতে হয় একের পর এক শীতের কাপড়, উলের চাদর, মাফলার, জ্যাকেট-- এসব যতকিছু।
দার্জিলিংজুড়ে আছে দেশ-বিদেশের ছোট শিশু আর রং-বেরংয়ের ফুলের মেলায়। জেরানিয়াম, প্রিমুলা, পোটেনটিলা, হিমালয়ান পপি, লিলিয়ান-- এ রকম কত জানা-অজানা ফুল ফুটে আছে পাহাড়ের খাঁজে খাঁজে আর উপত্যকায়।
দর্শনীয় অনেক কিছুর পশরা রয়েছে তোমাদের জন্য। শৃঙ্গ ছুঁতে চাও যেসব বন্ধুরা, তাদের জন্য রয়েছে তেনজিং নোরগে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট যেখানে পাহাড় জয়ের প্রশিক্ষণ চলে। প্রাচীন স্থাপনা-- বৌদ্ধ মনার্ক, গুম্ফা, পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, বাটাসিয়া লোপ, টাইগার হিল, উঁচু-নিচু পাহাড়ে পাথুরে বাগান-- রক গার্ডেন, গঙ্গামায়া গার্ডেন, সুবাস ছড়ানো ঐতিহ্যবাহী সুগন্ধি দার্জিলিং চা, চিড়িয়াখানার সাদা বাঘ, ন্যারো গেজে কয়লায় চালিত হেরিটেজ টয়ট্রেনের ঝিকঝিক শব্দ-- ভ্রমণপিয়াসী তোমাদের জন্য অ্যাডভেঞ্চারের আমেজ ছড়িয়ে আছে দার্জিলিংয়ের পাহাড়ি বাতাসে, পথে পথে।
