নানান নজরুল
এক নজরুল বিষের বাঁশির এক নজরুল শিউলিমালার।
এক নজরুল অগ্নিবীণার
এক নজরুল দোলনচাঁপার
এক নজরুল আমার ছিল
এক নজরুল বড় আপার।
এক নজরুল বিষের বাঁশির
এক নজরুল শিউলিমালার
এক নজরুল খালুর ছিল
এক নজরুল ছোট খালার।
এক নজরুল সেনার সাজে
এক নজরুল কবির কবি
এক নজরুল বাউণ্ডুলে
এক নজরুল করে সবই।
এক নজরুল একা একা
এক নজরুল ডজন ডজন
এক নজরুল মিলে এখন
গায় ঠুমরি-শ্যামা-ভজন।
