২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের মতো সুন্দর দ্বীপ

বিশাল নীল সমুদ্রের ভেতরে মাঝে একটুখানি মাটি মাথা উঁচু করে আছে, নাহয় লম্বা হয়ে খানিক এগিয়ে গেছে সামনে, ভেসে-ডুবে নানারকম আকার নিয়ে সাজিয়ে দিয়েছে সমুদ্রকে, করে দিয়েছে তাকে আরও সুন্দর-- ভাবো তো!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাদিয়া ইসলাম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 06:14 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

কেমন লাগে এমন একটা জায়গার কথা ভাবতে, যেখানে যেদিকে চোখ যায় সেদিকেই কেবল নীল আর নীল। আর সন্ধ্যাবেলায় সেই নীলের মাঝে মিশে যায় আবার লাল-হলুদ-সোনালি নানা রংয়ের মেলা। কেমন একটা স্বপ্নের মতন লাগছে না সবটা?

তবে না! এসব মোটেই স্বপ্ন নয়। সত্যিই এমন অদ্ভুত সুন্দর সৌন্দর্যও পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে। আর এই সুন্দর জায়গাগুলোর নাম দ্বীপ বা আইল্যান্ড!

এমন অনেক দ্বীপ আছে যেখানে গেলে তোমার আর বাড়ি ফিরতেই মন চাইবে না। আর সে রকম কিছু দ্বীপের কথাই এখন বলব তোমাদের--

শেল আইল্যান্ড বা শঙ্খদ্বীপ

বেশিরভাগ মানুষ শেল আইল্যান্ড বলে জানলেও এর শঙ্খদ্বীপ নামটাই যেন বেশি মিষ্টি শোনায়। তবে নামের চাইতেও বেশি মিষ্টি পেনিনসুলার এ দ্বীপটি দেখতে। ১৮১৯ সালে জন্ম নেওয়া এই দ্বীপটি বিখ্যাত এর সৈকতে পাওয়া নানা রং, আকার আর রকমের শঙ্খের জন্য। এখানে দেখতে পাওয়া বুনো ফুলের বিস্ময়কর সমাহারও। কেবল অর্ত্রো নদীর মাধ্যমেই এ দ্বীপে পৌঁছানো যায়। স্নোডোনিয়া জাতীয় উদ্যানে অবস্থিত এই দ্বীপটির মধ্যে আছে ক্যাম্প ফায়ারের সুবিধাও। দ্বীপটি লন্ডনের ওয়েলস-এ অবস্থিত।

মাউই দ্বীপ

৭২৭.২ মাইল লম্বা দ্বীপটি হাওয়াই দ্বীপপুঞ্জের ভেতরে দ্বিতীয় এবং পুরো আমেরিকার ভেতরে ১৭তম দীর্ঘ দ্বীপ হওয়ায় অনেকেই একে একনামে চেনে। তবে কেবল এটাই না, সৌন্দর্যের দিক দিয়েও এর জুড়ি মেলা ভার! বলা হয় এই দ্বীপের আবিস্কারক তার ছেলের নামেই এর নাম মাউই রেখেছিলেন। তবে প্রচুর পরিমাণে উপত্যকা থাকায় একে অনেকে উপত্যকার দ্বীপ বলেও ডাকে।

পাংলাও দ্বীপ

৮০.৫ বর্গ কিলোমিটারের এই দ্বীপটি ফিলিপাইনের মধ্য ভিসায়াসে অবস্থিত। রাজনৈতিকভাবে এটি পাংলাও ও দাউইস দুভাগে বিভক্ত। গাক-অ্যাং, পন্টডসহ আরও কয়েকটি ছোট ছোট দ্বীপের সমষ্টি পাংলাও দ্বীপটি ফিলিপাইনের পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ।

২০১০ সালে এর জনসংখ্যা ছিল মোট ৬৮ হাজার ০৫১ জন। চাইনিজ, মালায়ানদের কাছে পরিচিত হলেও ১৮০৩ সালে প্রথম স্প্যানিয়ার্ডরা এ দ্বীপে আসে বিশুদ্ধ পানির খোঁজে। আর সে সময় সমুদ্রউপকূলে এ দ্বীপটির অধিবাসীরা মাছ ধরবার যন্ত্র পাংনাও বানাচ্ছিল। স্প্যানিয়ার্ডরা তাদের কাছে জানতে চায়-- দ্বীপটির নাম কী? আর তারা মনে করে ওরা বুঝি মাছ ধরার যন্ত্রটার নাম জানতে চাইছে। তাই ওরা বলে- পাংনাও। আর তখন থেকেই এই দ্বীপটি পাংলাও দ্বীপ বলেই পরিচিত।

থাসোস দ্বীপ

গ্রিক আইল্যান্ড থাসোসের উৎপত্তি ইজিয়ান সমুদ্রের বুকে। থ্রেস উপকূল আর নেস্টোস নদীর কাছাকাছি হলেও এটি প্রাকৃতিকভাবে মেসিডোনিয়ার অংশ। প্রসারতার দিক থেকে ১২তম দ্বীপটি গ্রিক আইল্যান্ডগুলোর মধ্যে সবচাইতে উত্তরে অবস্থিত। বৃহত্তম শহরের অধিকারী দ্বীপটি বহু বছর ধরে বিভিন্ন সাম্রাজ্যের আওতায় ছিল। বর্তমানে এর প্রশাসন মেসিডোনিয়া ও থ্রেস থেকে আলাদা।

আওগাশিমা দ্বীপ

ফিলিপাইন সমুদ্রের উপরে অবস্থিত আওগাশিমা দ্বীপটি একটি জাপানিজ আগ্নেয়গিরির দ্বীপ। টোকিও থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার দক্ষিণে মাথা উঁচু করে থাকা দ্বীপটি টোকিও প্রশাসন দ্বারাই নিয়ন্ত্রিত হয়।

২০০৯ এর এক অনুসন্ধান অনুযায়ী এর প্রতি ৯ কিলোমিটারে ২০৫ জন বাস করে। এটি ফুজি-হাকোনে-ইজু জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত। দ্বীপটি আগ্নেয়গিরির সঞ্চয়স্থল হিসেবে সবার কাছে পরিচিত। এর অধিকাংশ অধিবাসীই জাপানিজ।

ওয়াহু দ্বীপ

হাওয়াইয়ের হৃদয় বলে পরিচিত ওয়াহু দ্বীপটির অন্যতম আকর্ষণ এর মৃদুষ্ণ পানির সমাহার। এখানে রয়েছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা নানারকম পাহাড়ের সমাবেশ। দ্বীপটি হাওয়াইয়ান দ্বীপগুলোর মধ্যে তৃতীয়। আমেরিকার সবচেয়ে জনবহুল এই দ্বীপটিতে রয়েছে আন্তর্জাতিক বিমান বন্দরও। বর্তমানে এখানে প্রায় ৯ লক্ষ ৫৩ হাজার ২০৭ জন মানুষ বাস করে। কথিত আছে, এর আবিষ্কারক তার ছেলের নামে নাম রাখেন দ্বীপটির।