২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনিয়াছানার বুদ্ধি

মিষ্টি পাখি মুনিয়া তার ছোট্ট ছানা চিচিকে নিয়ে যে বনে বাস করে, সেই বনের নাম হিজলবন। হিজলবনে চিচিরা ছাড়াও আরও অনেক পাখি বসবাস করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> এনায়েত রসুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:42 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

রোজ সকালে দল বেঁধে উড়ে যায় ওরা। ফিরে আসে শেষ বিকেলে। বাসায় বসে বসে চিচি দেখে পাখিদের ওড়াউড়ি। যত দেখে ততই মন খারাপ হয় ওর। কারণ চিচির ডানায় এখনও পালক গজায়নি। আর পালক গজায়নি বলে চিচি উড়তেও পারছে না।

চিচিদের বাসা জাম গাছের ডালে। সেই গাছের উল্টোদিকের কদমগাছে থাকে এক পেঁচা। কয়েকদিন আগে উড়তে গিয়ে চিচি পড়ে গিয়েছিল। সে সময় নিচ থেকে ওকে তুলে এনেছিল পেঁচাটি। তাই পেঁচার উপর মা-মুনিয়ার কৃতজ্ঞতার অন্ত নেই। সারাক্ষণ শুধু ‘পেঁচোদাদা’ ‘পেঁচোদাদা’। শুধু পেঁচোদাদার প্রশংসা।

অথচ চিচির খুব একটা ভালো লাগে না পেঁচাকে। কারণ জিজ্ঞেস করলে বলে, “পেঁচা আলসে পাখি। আলসে পাখিদের দুচোখে দেখতে পারি না আমি।”

সন্ধ্যা নামি নামি করছে। সেই যে সকালে বেরিয়েছে মা মুনিয়া, এখনও ফিরে আসেনি। বাসায় একাকি বসে আছে চিচি। ওকে একাকি বসে থাকতে দেখে, পেঁচা এসে বসল জাম গাছের ডালে। তারপর জিজ্ঞেস করল, “তোর মা কোথায় রে?”

চিচি বলল, “খাবার আনতে গেছে।”

“সে তো সকালের কথা! এখনও ফেরেনি? সারাদিনে খেয়েছিস কিছু?”

চিচি কথা না বলে ডানে-বাঁয়ে মাথা নাড়াল।

“কিছু খাসনি তাহলে? আমার কাছে শুঁয়োপোকা আছে, খাবি?”

“হুম।”

সঙ্গে সঙ্গে পেঁচা দুটো শুঁয়োপোকা এনে দিল চিচিকে। চিচি খুব মজা করে খেল। আর মনে মনে ভাবল, “মা-মুনিয়া ঠিকই বলেন। পেঁচো মামা খুব ভালো প্রতিবেশি। শুধু শুধুই আমি অপছন্দ করি তাকে।”

এসব ভাবছে চিচি, এমন সময় ফিরে এল মা-মুনিয়া। এসেই একগাদা কৈফিয়ত দিল, “উফ্! কী যে সমস্যা! এদিকে কোনো খাবারই পাওয়া যায় না। খাবারের খোঁজে গিয়েছিলাম অনেক দূর। তবু খাবার খুঁজেই পাই না। এদিকে সন্ধ্যাও নেমে আসছে। তাই খাবার না নিয়েই ফিরে এলাম।”

“ফিরে তো এলে। এখন খাবে কী?” জিজ্ঞেস করল পেঁচা।

মা-মুনিয়া বলল, “তাই তো ভেবে কূল পাচ্ছি না। আমি না হয় না খেয়েই থাকব। কিন্তু চিচি না খেয়ে রাত কাটাবে কেমন করে?”

মা-মুনিয়ার কথা শুনে চিচি বলল, “আমার জন্য ভেব না মা। পেঁচোমামু আমাকে শুঁয়োপোকা খেতে দিয়েছিল। উহ্ মা! কী যে নরম মাংস! কী যে মজা খেতে!”

মা-মুনিয়া বলল, “আমাকে আর স্বাদ বোঝাতে হবে না। পেঁচোদাদা যে তোর জন্য খাবারের ব্যবস্থা করেছেন, তাতেই আমি খুশি। আর পেঁচোদাদা তোমাকে বলি, বারবার তুমি শুধু ঋণীই করে যাচ্ছ।”

পেঁচা বলল, “বোনের বিপদ-আপদে ভাই পাশে থাকবে, এটাই তো নিয়ম। তো দিদি, এখন আমি যাই। রাত হয়ে গেছে। সকালে দেখা হবে।”

দুই.

কয়েকদিন ধরেই চিচির ডানা দুটো খসখস করছিল। চিচি চিন্তিত ছিল এ নিয়ে। তার উপর আজ যখন দেখল, সেই ডানা দুটোর রং অন্যরকম লাগছে, তখন চিচি আরও ঘাবড়ে গেল। মা-মুনিয়াকে ডেকে বলল, “দেখো মা, কী অবাক কাণ্ড! আমার ডানা দুটো রঙিন হয়ে গেছে।”

মা-মুনিয়া ডানা দুটো নেড়েচেড়ে দেখে বলল, “রঙিন দেখাচ্ছে কেন জানিস? তোর ডানা দুটোয় পালক গজিয়েছে। তুই এখন উড়তে পারবি। প্রথম প্রথম এ বাসা থেকে তোর পেঁচোমামার বাসা পর্যন্ত-- পরে উড়বি শূ্ন্যে ডানা মেলে পুরো হিজলবনে।”

মা-মুনিয়া বেরিয়ে যাওয়ার পর আকাশে ডানা মেলল চিচি। কথা ছিল কদম গাছ পর্যন্ত উড়বে, কিন্তু উড়ে গেল অনেক দূর। উড়ে উড়ে এক মাঠের উপর এসে পড়ল চিচি। সেই মাঠে মহিষের পিঠে চড়ে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছিল। তা দেখে চিচিরও ইচ্ছে হল অমন করে ঘুরে বেড়াতে। ও তখন নেমে বসল একটা মহিষের পিঠে। অমনি মহিষ লেজ তুলে চিচিকে মারল এক বাড়ি। চিচি তো ছিটকে পড়ল। কত চেষ্টা করল, কিন্তু উড়তে পারল না।

তখন মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছিল পেঁচোমামা। সে দেখল চিচিকে; তার মুনিয়াদিদির মেয়েটা মুখ থুবড়ে পড়ে আছে! ব্যাপার কী?

“তুই ওখানে কী করছিস, চিচি?”

“কী আর করব, উড়তে চেষ্টা করছি। কিন্তু উড়তে পারছি না। পাখা দুটো টনটন করছে।”

“তাহলে এক কাজ কর। আমার পিঠে উঠে বোস, পৌঁছে দিই তোকে।”

আর কোনো উপায় না দেখে তাই করল চিচি। পেঁচোমামার পিঠে চড়ে ফিরে এল হিজলবনে।

পরদিন চিচি ঘটাল আরেক ঘটনা। উড়ে উড়ে চলে গেল অন্য এক বনে। সেখানে ওর পরিচয় হল এক টিয়ে পাখির সঙ্গে। টিয়ের নাম ট্যাট্যা।

চিচি খুব ছোট্ট পাখি। তাই টিপ্পনি কেটে ট্যাট্যা জিজ্ঞেস করল, “এ্যাই পুঁচকে! কী নাম তোর?”

চিচি বলল, “আমার নাম চিচি। মুনিয়ার মেয়ে আমি। হিজলবনের জামগাছে আমাদের বাসা। আকাশ ছুঁইছুঁই মাথা ওই গাছটার।”

“তুই তো খুব বাচাল রে! জিজ্ঞেস করলাম নাম, শোনালি চোদ্দ গোষ্ঠীর ইতিহাস!”

“আমি এমনই। জান, আমাদের বাসা থেকে আকাশ দেখা যায়।”

ট্যাট্যা নাক সিঁটকে বলল, “আকাশ দেখা যাক আর পাতাল দেখা যাক, গাছের ডালে বাসা। ছ্যাছ্যা। এ বাসার কোনো নিশ্চয়তা আছে? একটু জোরে বাতাস এলেই ধপাস। আর আমার বাসা কোথায় জানিস?”

“কোথায়?”

“ওই বটগাছের খোড়লে। বাসা তো নয়, যেন রাজপ্রাসদ। রোদ-বৃষ্টিতে কষ্ট হয় না একটুও।”

“কিন্তু প্রাণ জুড়ানো হাওয়া তো লাগে না গায়ে। আকাশও দেখা যায় না।”

খুব সাজিয়ে-গুছিয়ে নিজের বাসার সুবিধাগুলোর কথা বলল চিচি। কিন্তু ট্যাট্যা বলল, “আরে, কোনো সভ্য পাখি অমন গাছের ডালের বাসায় থাকে!”

ট্যাট্যার কথা শুনে মেজাজ বিগড়ে গেল চিচির। কী বলতে চায় ট্যাট্যা! যারা গাছের ডালে বাসা বেঁধে থাকে, তারা সভ্য নয়? ঠিক আছে, অসভ্যতা কাকে বলে তা আজ দেখিয়ে দেবে চিচি!

ট্যাট্যার কাছে অপমানিত হয়ে চুপ করে বসে রইল চিচি। আর চিচিকে থম মেরে বসে থাকতে দেখে ট্যাট্যা উড়ে গিয়ে বসল অন্য গাছে।

চিচি তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। ট্যাট্যা অন্য গাছে গিয়ে বসতেই চিচি গিয়ে ঢুকল ট্যাট্যার খোড়লের বাসায়। সেখানে বিছানো ছিল কচি ঘাসের নরম বিছানা। চিচি ওগুলো ফেলে দিল বাইরে। রাতে খাবে বলে ডাসা ডাসা ডুমুর এনে রেখেছিল ট্যাট্যা। ধারালো নখ দিয়ে আঁচড়ে নষ্ট কর দিল সেগুলো। তারপর চলে এল নিজের বাসায়।

তাতে অবশ্য খুব একটা লাভ হল না। চিচি যে ওর নাম-ঠিকানা জানিয়ে দিয়েছিল ট্যাট্যাকে। সেই ঠিকানা খুঁজে খুঁজে একটু পরেই ট্যাট্যা এসে হাজির। এসেই চিৎকার জুড়ে দিল, “এই মুনিয়া! তোমার পাজি মেয়েটার বিচার কর। নইলে আমি যাচ্ছেতাই কাণ্ড ঘটিয়ে ছাড়ব বলে দিচ্ছি।”

মুনিয়া জিজ্ঞেস করতে যাচ্ছিল চিচি কী করেছে, তার আগেই চেঁচিয়ে উঠল চিচি, “এ্যাই ট্যাট্যা! এত জোরে চেঁচাবে না। এটা ভদ্র পাখির বাসা।”

ট্যাট্যা বলল, “হাজার বার চেঁচাব। তুই আমার বাসা তছনছ করেছিস কেন? তোর মা যদি বিচার না করে, তাহলে আমি ঈগলরাজার কাছে যাব। তখন বুঝবি মজা।”

কদম গাছের ডালে বসে ট্যাট্যা আর চিচির কথা শুনছিল পেঁচা। এবার নেমে এসে সে জিজ্ঞেস করল, “ভাই সাহেবের নাম কী?”

“ট্যাট্যা।”

গম্ভীর কণ্ঠে জবাব দিল ট্যাট্যা। অমনি হৈহৈ করে উঠল পেঁচা, “আরে তাই নাকি! তুমিই ট্যাট্যা?”

ট্যাট্যা বলল, “হ্যাঁ, আমিই ট্যাট্যা। কেন, শুনেছেন নাকি আমার নাম?”

পেঁচা বলল, “শুনিনি মানে! কে না জানে তোমার নাম! ভদ্র, সভ্য, মিতভাষী-- আরও কত গুণ রয়েছে তোমার! সেই তুমি এসেছ চিচির মতো একটা ছোট্ট মেয়ের নামে নালিশ জানাতে? এটা কিন্তু তোমার সুনামের সঙ্গে একদম মানানসই নয়। অথচ তুমি যদি তোমার অভিযোগ ফিরিয়ে নাও, তোমার মহত্ত্বের কথা ছড়িয়ে পড়বে চারদিকে।”

পেঁচার কথা শুনে এক সেকেন্ড কী যেন ভাবল ট্যাট্যা। তারপর বলল, “আচ্ছা, ফিরিয়ে নিলাম আমার অভিযোগ। আমি এখন যাই। ওই পুঁচকেটাকে নিয়ে আমার বাসায় যেও মা-মুনিয়া।”

মা-মুনিয়া উত্তরে বলল, “আচ্ছা। তুমিও বেড়াতে এসো।”

তিন.

তিনদিন আগে খাবার আনতে গিয়েছিল পেঁচা। আর ফিরে আসেনি। মা-মুনিয়ার তাই খুব মন খারাপ।

মা মুনিয়াকে চুপ করে বসে থাকতে দেখে চিচি বলল, “কী অবাক কাণ্ড জান? আগে পেঁচোমামাকে আমার ভালোই লাগত না। আর এখন মনে হচ্ছে, মামার মতো ভালো পাখি আর একটিও নেই এ বনে। মামা নেই-- মনে হচ্ছে বন শূন্য হয়ে গেছে!”

বিকেলে চিচিকে রেখে মা-মুনিয়া গেছে খাবার আনতে। সেই সুযোগে চিচি ডানা মেলল আকাশে। কখনও মেঘ ছুঁয়ে, কখনও আকাশ ছুঁয়ে উড়ে উড়ে চিচি এসে পড়ল এক গ্রামের উপর।

অনেকক্ষণ উড়ে হাঁপিয়ে উঠেছে সে। একটু জিরিয়ে নেওয়া দরকার। এই ভেবে চিচি গিয়ে বসল এক চালতা গাছের ডালে। আর তার পরপরই ওর কানে ভেসে এল অদ্ভুত করুণ এক চিৎকার-- “চি... চি... রে...”

চিৎকার শুনে তো চিচি ভীষণ অবাক। এই অচেনা গ্রামে নাম ধরে ওকে কে ডাকে?

অবাক চিচি এদিক-ওদিক তাকাতেই দেখতে পেল, গাছের নিচের সুন্দর একটা ঘরের ভেতর ঘুরঘুর করছে ওর পেঁচোমামা। আর ঘরটার পাশে বসে আছে ছোট একটা ছেলে।

চিচি জিজ্ঞেস করল, “পেঁচোমামা, অমন সুন্দর ঘরে বসে তুমি কী করছ?”

পেঁচোমামা বলল, “এই দুষ্টু ছেলেটা আমাকে আটকে রেখেছে।”

“তাই? তো পালাচ্ছ না কেন?”

“কী করে পালাব! খাঁচাটা যে খুব শক্ত। আমার বাকি জীবনটা মনে হয় এই খাঁচাতেই কেটে যাবে।”

“তা কেন! একটু বুদ্ধি খরচ করলেই পালাতে পারবে। খাঁচাও ভাঙতে হবে না তোমাকে।”

“তাই নাকি? কী করতে হবে বল তো?”

বিপুল কৌতূহল নিয়ে পেঁচা তাকাল চিচির দিকে। চিচি বলল, “মানুষরা তো মরা পাখি পোষে না। তুমি মরে যাওয়ার ভান কর। তাহলেই ছেলেটা ফেলে দেবে তোমাকে। সেই সুযোগে...”

এটুকু মাত্র বলেছে চিচি, অমনি চেঁচিয়ে উঠল পেঁচা, “আর বলিস না, আর বলিস না। আমি বুঝতে পেরেছি কী করতে হবে আমাকে।”

একথা বলেই পেঁচা দম খিঁচে চোখ বন্ধ করে চিৎপটাং হয়ে খাঁচার ভেতর শুয়ে পড়ল। এ দৃশ্য দেখে ছেলেটা চিৎকার করে ডাকল ওর মাকে। মা এসে দেখলেন, পেঁচাটা জিভ বের করে চিৎ হয়ে শুয়ে আছে।

মা বললেন, “আহা রে, পাখিটা মরে গেছে। কী আর করবি! ওকে চালতাগাছের নিচে রেখে দে। তোর বাবা ফিরে এসে কবর দিয়ে দেবেন।”

মায়ের কথা মতোই কাজ করল ছেলেটি; পেঁচাও চিচির কথামতো কাজ করল। যেই ওকে খাঁচা থেকে বের করে চালতাগাছের নিচে রাখা হল, অমনি চিচি চেঁচিয়ে বলল, “পালাও! পেঁচোমামা পালাও... !”

পেঁচাও উড়ে পালিয়ে বন্দিদশা থেকে মুক্তি পেল।

চার.

দুপুরে মুনিয়া ফিরে এলে পেঁচা খুব প্রশংসা করল চিচির। বলল, “জানো মুনিয়াদি! তোমার মেয়ের বুদ্ধির জন্যই আজ আমি জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি। নইলে বাকি জীবনটা একটা খাঁচার ভেতরেই কাটাতে হত।”

চিচি বলল, “তুমি শুধু শুধু আমার প্রশংসা করছ পেঁচোমামা। আসল কাজটা তো তুমিই করেছ। ওই কাজ করতে কী কম সাহস লাগে!”

পেঁচা বলল, “আর পাকামো করতে হবে না।”

পরে মুনিয়ার দিকে ফিরে বলল, “তো আমি এখন যাই দিদি। তোমরা ভালো থেকো।”

পেঁচা চলে যাওয়ার পর চিচি বলল, “পেঁচোমামার বিপদে সাহায্য করতে পেরে খুব ভালো লাগছে মা।”

মুনিয়া বলল, “ভালো তো লাগবেই। ভালো কাজ করার তৃপ্তিই আলাদা। সারাজীবন পেঁচোদাদা আমাদের উপকার করেছেন। তুই জীবন বাঁচিয়ে তার কিছুটা ফিরিয়ে দিলি। ভালো তো লাগারই কথা। আয় বাছা, আমার বুকে আয়। আজ তোকে বুকে নিয়ে ঘুমোব।”

চিচি সেঁটে গেল মায়ের বুকের সঙ্গে।