কী পড়বে: পাখিসব করে রব
বই: পাখিসব করে রব
প্রধান পৃষ্ঠপোষক: এম ওয়াহিদুল হক
প্রধান সম্পাদক: মাহফুজুর রহমান
সম্পাদক: সুবলকুমার বণিক
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: চন্দ্রাবতী একাডেমি
মূল্য: ৪০০ টাকা
পৃষ্ঠা: ১২০
মদনমোহন তর্কারঙ্কার অনেক আগে লিখেছিলেন--
পাখিসব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুম-কলি সকলি ফুটিল।।
এই যে কলরবে মুখর হয়ে ওঠা, এ সবারই জন্মগত অধিকার। পাখির মতো এমনি কলরবে মুখর হয়ে উঠতেই মানুষ কথা বলে, চিন্তা করে। এমনি কলরবে মুখর হয়ে উঠতে চায় বলেই মানুষ নানাভাবে নিজেকে প্রকাশ করতে চায়, নিজের চিন্তাকে প্রকাশ করতে চায়।
আর নিজেকে প্রকাশ করতে গিয়ে কেউ লেখে গল্প-কবিতা-গান বা ছড়া, কেউ ছবি আঁকে, কেউ সুর তুলে গায় গান। কেউ আরেক জনকে সমর্থন করে, কেউ প্রতিবাদ করে আরেক জনের বিরুদ্ধে। কেউ ফিরে যেতে চায় অতীতের কাছে, ঐতিহ্যের কাছে। কেউ আবার চলতে চায় বিপরীতে, সামনের দিকে কেবল। এরকম সহস্র চাওয়াকে একত্র করেই এই ছড়া ও কিশোরকবিতার সংকলনটি প্রস্তুত করা হয়েছে। রাখা হয়েছে সাম্প্রতিক বাংলা ছড়া ও কিশোরকবিতার অঙ্গনের গুরুত্বপূর্ণ প্রায় সবাইকে। অন্তত সেই চেষ্টাই করা হয়েছে।
সব মিলিয়ে তাই ছড়ার এই সংকলনটি আকারে হয়ে উঠেছে ঢাউস। ঢাউস সাইজের সংকলনটিতে আছে মোট ৬৫ জন ছড়াকার-কবির ছড়া ও কিশোরকবিতা। তাদের মধ্যে যেমন কাইয়ুম চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুকুমার বড়ুয়া, রফিকুল হক, আল মাহমুদ, রফিকুন নবী, মহাদেব সাহা, মুহম্মদ নূরুল হুদা, মাহমুদ উল্লাহ, আখতার হুসেন, মাহবুব সাদিকের মতো প্রবীণরা আছেন, তেমনি আছেন আমীরুল ইসলাম, আনজীর লিটন, জগলুল হায়দার, রোমেন রায়হান, সারওয়ার-উল-ইসলামের কবিতাও। আর ও আছে হাসান হাফিজ, ফারুক নওয়াজ, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, রহীম শাহ, লুৎফর রহমান রিটন প্রমুখের ছড়া-কিশোরকবিতাও।
সংকলনটিতে যে অনেক ছড়া-কিশোরকবিতা সংকলিত হয়েছে, শুধু তাই নয়, ছড়া-কিশোরকবিতাগুলোও ভীষণ মজার। এই যেমন কাইয়ুম চৌধুরীর গুচ্ছছড়া যেমন-
“হরিণছানা
খাবার ঝোঁক
পাতার ফাঁকে
বাঘের চোখ।
হালুম বলে
যেই না লাফ
কুমির মুখে
মারল ঝাঁপ।
বাঘটা মুখে
ডুবসাঁতার
কুমির ভায়া
পগার পার।।”
কিংবা রফিকুন নবীর ভূত-সুদর্শন ছড়াটার কথাই বলা যাক--
“সবই আছে তার
কিন্তু তবু হায় রে
অত সে যে নজরকাড়া
পেত্নিকুলে নাইকো সাড়া
তাইতো জীবন ছন্নছাড়া
মনটা ভাল নাইরে।।
কমতি কোথায়?
খামতিটা কী?
ভূতটা নাকি
খুব ডর-পুক
আস্ত বেকুব,
ভয় দেখাতেই
ভয় পায়!!”
মাহবুব সাদিকের মনে রেখো ছড়াটিও ভীষণ সুন্দর--
“মনে রেখো কেয়াফুল
জুঁই-জবা ও বকুল
বাংলার রাঙা নীল ভোর-
মনে রেখো ছিল এক বাউল কিশোর;
মনে রেখো নদীতীর
মাছারাঙাদের ভিড়
আমাকেই মনে রেখো বিজন পাথার
মনে রেখো নদীজল অবাধ সাঁতার।”
সংকলনটিতে আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও আছে অনেকগুলো ছড়া-কিশোরকবিতা। তবে সেগুলোর মধ্যে রফিকুন নবীর খান-বেখান ছড়াটি আবার একটু স্বতন্ত্র। ছড়াটি যে লেখাই হয়েছিল উনসত্তরের গণ আন্দোলনের সময়--
“খাইছে রে ভাই খাইছে
গদিত বসা পশ্চিমা খান
বাঙালি ‘খান’ পাইছে।
এই খানটার কর্ম
তেলমালিশই ধর্ম
আকার-প্রকার বাঁটঠু
লম্বা খানে লাট্টু
লাল্টু-লাটিম-লাও
মিথ্যারে কয় সত্যি।
খান-সাবদে’র গদ্দি
ধাক্কা মাইরা
ফালাও এবার
ভাইঙ্গা বানাও রদ্দি।”
