নতুন দিন
আকাশ জুড়ে মেঘ করেছে উঠল নদী ক্ষেপে এল বোশেখ হাজার নদীর ঢেউয়ে চেপে চেপে।
নদী ছিল শান্ত, তবে শান্ত এমন থাকবে না
নীল আকাশের নীল দিয়ে আর রঙিন ছবি আঁকবে না।
কারণটা তো সবার জানা
নদী পেল তার ঠিকানা
আকাশ জুড়ে মেঘ করেছে উঠল নদী ক্ষেপে
এল বোশেখ হাজার নদীর ঢেউয়ে চেপে চেপে।
নদীর বুকে মেঘের ছবি হচ্ছে ভেঙে খানখান
আগুনমুখী পুবের বাতাস দারুণ ক্ষোভে টানটান
আজ বুঝি এই নামল ঝড়
কাঁপছে কেমন দিগন্তর
শঙ্খচিলের ডানায় ডানায় আগুন জ্বলে উঠল
কালবৈশাখির বাতাস বুঝি উল্টো দিকে ছুটল।
একটি দোয়েল মা-দোয়েল আর একটি দোয়েল বাবা
যাচ্ছে উড়ে মানছে না তো কালবৈশাখির থাবা
একটি গাছের এক ফোঁকরে
দুই দোয়েলের ছোট্ট ঘরে
পরম সুখে গান করছে ছোট্ট দুটি ছানা
তাদের কাছে তুচ্ছ ব্যাপার কালবৈশাখির হানা।
