২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ডাহুকের দিন

খুব বেশি দেরি নেই বর্ষা আসার। আসছে ডাহুকের দিন। বর্ষার ঘনমেঘে আকাশ যখন আচ্ছন্ন, সজল বাতাস কদম ফুলের গন্ধে মাতোয়ারা, তখন অন্ধকার নিশীথে একটানা ডেকে প্রকৃতিকে মুখর করে তোলে ডাহুকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রহীম শাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 06:15 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

নীলাভ সবুজ পাখার পালক, ছোট লেজ তার নিচে বাদামি লাল, মুখ, বুক ও পেটের নিচ পর্যন্ত উজ্জ্বল সাদা রং। কপাল লাল, যেন সিঁদুরের ছোপ পড়েছে; ঠোঁট এবং পা সবুজাভ হলুদ রংয়ের। পাখিটির আকৃতি এবং বর্ণবিন্যাসে সুশ্রী দৃষ্টিনন্দন রূপ আছে। শরীরের অনুপাতে পা দীর্ঘ। স্ত্রী-পুরুষ উভয়েরই রূপ একই প্রকার।

আর্দ্র ঝোপঝঙ্গল যেখানে কাছাকাছি পানি আছে এমন জায়গা ডাহুকের পছন্দ। আমাদের দেশের প্রায় সবখানেই ডাহুক দেখা যায়। ঘন ঝোপঝাড় অথচ নিচে পাখির চলাফেরার মতো ফাঁক আছে, এমন স্যাঁতসেঁতে জায়গা এদের খুব প্রিয়। বর্ষায় পার্শ্ববর্তী জমিতে পানি এলে ঝোপ ছেড়ে এরা প্রকাশ্য হয়। লোকজেনর কোলাহল না থাকলে কাছাকাছি লোকজনের বাড়ির কাছাকাছি চলে আসে খাবারের খোঁজে। তবে সবসময় থাকে সতর্ক। অতি সন্তর্পণে তালে-তালে পা ফেলে ফেলে হাঁটে। হাঁটার সময় প্রতি পদক্ষেপে ছোট্ট লেজটিকে ঝিলিক দিয়ে উঁচু করে তোলে। হাঁটার সময় কখনও ডাকে না। এদের খাবার জলের এবং ডাঙার পোকামাকড়, ছোট শামুক, ধানের কচি চারা আর জলজ উদ্ভিদ। পানিতে বেশ সাঁতার কাটতে পারে, তবে হেঁটে চলতেই পছন্দ করে বেশি। হঠাৎ বিপদে পড়লে ডুব দিয়ে কচুরিপানা বা অন্য জলজ জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে। জলাশয়ের আশপাশের জঙ্গলের মধ্যে সামান্য উঁচুতে সরু ডালপালা, লতার টুকরো নলখাগড়ার ফুলের শিষ প্রভৃতি দিয়ে বাসা বানায়। ডিম দেখা যায় ৬-৭টি। সামান্য হলদে সাদা, তাতে লালচে বাদামি রংয়ের ছাপ। জুন থেকে অক্টোবর ডিম পাড়ার সময়।

প্রথম অবস্থায় বাচ্চাগুলো মুরগির কালো ছানার মতো হয় দেখতে। অত্যন্ত সজাগ, নিমেষে জলে ডুব দিয়ে এরা অদৃশ্য হয়ে যায়। ডাহুকী বাচ্চাগুলো সঙ্গে নিয়ে জলের ধারে ঘুরে ঘুরে খাবার সন্ধান করে, জলে সাঁতার কাটে, সন্তানদের পরিচয় করিয়ে দেয় পরিবেশের সঙ্গে।