তিনটি জোকস
হাফিজ সাহেব গেছেন কলা কিনতে। বাজারে গিয়ে এক কলাবিক্রেতার দেখাও পেয়ে গেলেন। ঝুড়ি-ভরা কলা নিয়ে পা ছড়িয়ে বসে আছে।
হাফিজ সাহেব কলা বিক্রেতার কাছে জিজ্ঞেস করলেন, “এক হালি কলা কত করে?”
“২০ টাকা।”
“কেন, সেদিন যে ১০ টাকা হালি কিনলাম?”
“আগে দিতাম, এখন দিই না। এখন ২০ টাকা।”
আর তা শুনে হাফিজ সাহেবও এক হালি কলা হাতে নিয়ে হাঁটা দিলেন। কলাবিক্রেতা হৈহৈ করে উঠলেন, “এই যে সাহেব, কলা হাতে হাঁটা দিলেন যে? দাম দিবেন না?”
“আগে দিতাম, এখন দিই না।”
সংগ্রহে: শুভ, হাটহাজারী, চট্টগ্রাম
শফিক গেছে তার বাবার সঙ্গে সেলুনে। চুল কাটাবে।
তো চুল কাটার আগে নাপিত জিজ্ঞেস করল, “কী বাবু, কেমন করে চুল কাটব?”
শফিক ওর বাবার টাক মাথা দেখিয়ে বলল, “আব্বুর মতো করে কাটবেন। মাথার মাঝখানে গোল করে ফাঁকা রেখে দেবেন!”
সংগ্রহে: রহিম চৌধুরী, কাঠালতলী, মির্জাগঞ্জ, পটুয়াখালি, বরিশাল
আকিব আর রাকিব দুই বন্ধু। দুজনের ভীষণ বন্ধুত্ব, যাকে বলে গলায় গলায় দোস্তি। সমস্যা একটাই, দুজনেই ভীষণ বোকা।
একবার তাদের বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল। রাকিবের বাসা আবার তিনতলায়। রাকিব ভাবতে বসল, এত রাতে বাসার সবাই হয়তো ঘুমিয়ে গেছে, এখন আবার ডেকে তুলবে সবাইকে… তখন আকিব ওকে বুদ্ধি দিল, তুই এক কাজ কর, আমি টর্চ লাইটের আলো জানালা বরাবর ধরছি, তুই আলো বেয়ে বেয়ে উঠে যা।
শুনেই আঁতকে উঠল রাকিব, আমাকে বোকা পেয়েছিস নাকি! আমি আলো বেয়ে বেয়ে দুইতলা উঠি, আর অমনি তুই লাইট বন্ধ করে দিবি। তখন একেবারে ধপাস করে পড়ব না?
সংগ্রহে: জান্নাতুর রহমান অনিক, মোহাম্মদপুর, ঢাকা
