অতীতের প্রাণী ডাইনোসর
৪০ কোটি বছর আগের সময়টিকে বলা হয় সিলুরিয়ান যুগ। এ সময় প্রথম আবির্ভুত হল বর্মযুক্ত মাছ-- অস্টাকোর্ডাম।
২৭ কোটি বছর আগের সময়কালের নাম হচ্ছে কার্বোনিফেরাস যুগ। এ সময়টিতে উভচর প্রাণী থেকে উৎপত্তি হয়েছে সরীসৃপ প্রাণীর। এই সময়টিকে বলা হচ্ছে অরণ্য যুগ। উদ্ভিদজগতের বিকাশ ঘটেছে এ সময়। পৃথিবীর স্থলভাগ তখন ভরে গিয়েছিল বিশাল আকারের গাছপালাতে।
আঁশযুক্ত মাছ থেকে হয়েছে আঁশহীন উভচর। এদের রয়েছে ফুসফুস। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। তখন ভূ-পৃষ্ঠের ডাঙায় বিস্তার ঘটেছে অরণ্যের। ওই গাছপালার জন্য বাতাসে পাওয়া যাচ্ছে মুক্ত অক্সিজেন। এসব প্রাণীর শরীরে তখন ধীরে ধীরে হাত-পা গজানো শুরু হল। এসব উভচর কিন্তু ডাঙাতে ডিম পাড়ত না। ডিম পাড়ার জন্য তারা নেমে যেত পানিতে। বিবর্তনের ধারায় তখন মাছ থেকে জন্ম নিচ্ছে উভচর।
মাছের ফুসফুস নেই। মাছের কানকোর ভেতরে রয়েছে ঝিল্লি। এই ঝিল্লির সাহায্যে এরা পানি থেকে বাতাস নিত।
১৯৩৮ সালে আফ্রিকার মাদাগাস্কার দ্বীপের উপকূলের কাছে এই প্রজাতির একটি মাছ সিলাকান্থ ধরা পড়ে জেলেদের জালে। পরবর্তী সময়ে আরও কয়েকটি এ প্রজাতির মাছ ধরা পড়ে। প্রাণিবিজ্ঞানীরা এ শ্রেণির মাছের সন্ধান পেয়ে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। সিলাকান্থকে বলা হয় ‘জীবন্ত জীবাশ্ম’।
প্রাণিজগতের বিবর্তনের ধারায় এর পরের পর্যায়টি হচ্ছে উভচর। এরা পানি এবং ডাঙা দুই জায়গাতেই বাস করতে অভ্যস্ত। এদের হাতে-পায়ে তখন হাড় গজিয়েছে।
এর পরের ধাপটি হচ্ছে সরীসৃপ। যেসব উভচর ডাঙায় ডিম পাড়ত, তাদের বেশিরভাগই বাস করত পাহাড়ি এলাকায়।
সরীসৃপেরা শীতল রক্তের প্রাণী। এরা বুকে হেঁটে চলে। ডিম পাড়ে ডাঙাতে। উভচরদের ডিমের খোলসটা কিন্তু শক্ত ছিল না। যার ফলে খানিক উত্তাপেই ডিমের তরল অংশটি যেত শুকিয়ে। কিন্তু সরীসৃপের ডিমের গঠন ছিল উন্নত। খোলস ছিল শক্ত। এসব খোলসের গায়ে ছিল অতি সূক্ষ্ম ছিদ্র। এসব ছিদ্রের ভেতর দিয়ে অক্সিজেনসহ বাতাস ভেতরে প্রবেশ করতে পারে। ডিম ফুটে বের হওয়া শাবকেরা ফুসফুসের সাহায্যে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করত।
২৩ কোটি বছর আগের সময়কালকে বলা হয় পারমিয়ান যুগ। এ সময়ের একটি সরীসৃপ প্রজাতি হল কটিলেসর। সে সময়টিতে বিস্তার ঘটছে কীটপতঙ্গের।
সবচাইতে আদি প্রকৃতির সরীসৃপ হল কটিলেসর। প্রাণিবিজ্ঞানীদের মতে ‘সরীসৃপ-বৃক্ষ’-এর কাণ্ড বলা যেতে পারে এই গোষ্ঠীকে। এ কাণ্ড থেকেই অন্যান্য সরীসৃপ গোষ্ঠীর উৎপত্তি হয়েছে। এসব চোয়ালের কিনারা ছিল ধারালো দাঁতযুক্ত। এরা ছিল মাংসাশী। ছোট ছোট উভচর, বড় বড় পোকা ও সরীসৃপ খেয়ে জীবন কাটাতে লাগল। তখনকার সবচেয়ে বড় সরীসৃপ হচ্ছে পারিয়াসোরাস। এদের ছিল মোটা দেহ। ছোট লেজ। বিশাল গাছপালা চিবিয়ে খেত। এদের তালুতে ছিল অসংখ্য দাঁত। তার সাহায্যে সবজিকে পাতলা ফালি করত।
কোনো কোনো প্রাণিবিজ্ঞানীর মতে, অদ্ভুত ধরনের এই পাল ব্যবহৃত হত তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র হিসেবে।
প্রাণীরা সকালে তাপকে ধরে রাখত। শরীর বেশি গরম হয়ে গেলে এমনভাবে ঘুরে দাঁড়াত, যেন পালের পাতলা কিনারা সূর্যের দিকে মুখ করে রাখে। এর ফলে কিছু তাপ বিকিরিত হয়ে যাওয়ার পর সঠিক মাত্রা ফিরে আসত।
এ যুগের শেষ দিকে দেখা গেল এডাকোসর সরীসৃপ। আকারে অনেকটা কটিলোসরদের মতো। মোটা শরীর। শক্তিশালী। খাটো ও মোটা পা। শরীর নিচু হয়ে ঝুলে থাকত। শরীরের তুলনায় মাথাটি ছিল ছোট। দাঁত দিয়ে গাছপালা পিষে চূর্ণ করত। এদের কোনো কোনো প্রজাতির পিঠে ছিল কাঁটাঅলা পাল। সুঠাম গড়নের এসব সরীসৃপদের ছিল ছোট মাথা।
এই সময়কার আরেকটি সরীসৃপ ছিল ডাইসাইনোডন্ট। এদের ছিল এক জোড়া ধারালো দাঁত। এই প্রজাতির কেউ ছিল ইঁদুরের মতো ছোট। আবার কোনোটি ছিল ষাঁড়ের মতো বড়। এদের বড় আকারের সদস্যরা জলাভূমির ধারে বিচরণ করত। এদের পাগুলো একসময় দাঁড়ে রূপান্তরিত হয়েছিল। এদের বলা চলে ট্রায়াসিক যুগের জলহস্তী।
এ সময় বেশ কয়েক ধরনের মাংসাশী সরীসৃপের বিচরণ ছিল। এদের নাম থেরিওডন্ট। এদের বড় মাথা। লম্বা লেজ। দেখতে অনেকটা নেকড়ে বা কুকুরের মতো। কোনোটি ছিল সিংহের চাইতেও বড়। এরা সজোরে মুখ খুলে মাংস ছিঁড়ে খেত।
