পঁচিশে বৈশাখ
বাতাসের কানে রবীন্দ্র-সুর বাজে, তারিখ পঁচিশে ডেকে যায় বৈশাখ।
রাত নিঝঝুম
জোনাকপোকার দল
দূরে বাঁশবনে
সারারাত জ্বলে-নেভে।
আগামীর ভোর
কলরব কোলাহল,
রাত জেগে থাকে
ভোর হয় ভেবে ভেবে!
নতুন সকাল
গাঢ় লাল রঙে সাজে,
দিকে দিকে শুনি
করতাল জয়ঢাক।
বাতাসের কানে
রবীন্দ্র-সুর বাজে,
তারিখ পঁচিশে
ডেকে যায় বৈশাখ।
