মজার মানুষ রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে গুরুদেব বলা হত। তিনি যখন শান্তিনিকেতনে থাকতেন, তখন তাকে ঘিরে ছাত্রছাত্রী,ভক্তদের আনন্দের হাট জমত।
কথাবার্তায় রবীন্দ্রনাথ ছিলেন দারুণ রসিক। রবীন্দ্রনাথ তার ছাত্রদের যেমন ভালোবাসতেন এবং তাদের ব্যাপারে যত্নশীল ছিলেন, তেমনি তাদের সঙ্গে অনেক হাস্যপরিহাসও করতেন। তার ছাত্র প্রমথনাথ বিশী গুরুদেব সম্পর্কে অনেক ঘটনার স্মৃতিচারণ করেছেন।
একদিন সকালবেলায় রবীন্দ্রনাথ জলখাবার খেতে বসেছেন। প্রমথনাথ এসে তার পাশে বসলেন। উদ্দেশ্য, গুরুদেবের খাবারে ভাগ বসানো। ফল, লুচি, মিষ্টি সবকিছুরই ভাগ পেলেন তিনি। কিন্তু তার নজর একগ্লাস সোনালি রংয়ের সরবতের দিকে যেটা তাকে দেওয়া হয়নি। গুরুদেব তার ভাব লক্ষ করে বললেন, “কী হে এই সরবত চলবে নাকি?” প্রমথ তাতে খুব রাজি। অমনি গুরুদেব বড় এক গ্লাসে সেই সরবত প্রমথকে দেওয়ার আদেশ দিলেন। বড় গ্লাস ভর্তি হয়ে সেই সোনালি সরবত এল। প্রমথনাথ এক চুমুক খেয়েই বুঝলেন সেটা চিরতার সরবত। এদিকে গুরুদেব তার মুখের দিকে চেয়ে মিটিমিটি হাসছেন। ভাবখানা এমন-- ‘কেমন জব্দ’।
শান্তিনিকেতনে নতুন একটি ছেলে ভর্তি হয়েছে, তার নাম ভাণ্ডারে। ছেলেটির সঙ্গে তখনও রবীন্দ্রনাথের পরিচয় হয়নি। রবীন্দ্রনাথ একদিন শান্তিনিকেতনের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তার পরনে দীর্ঘ আলখাল্লা,মাথায় টুপি। ভাণ্ডারে তাকে দেখে ছুটে গিয়ে হাতে আধুলি মানে আটআনা পয়সা দিয়ে এল। অন্য ছেলেরা জিজ্ঞাসা করল,“গুরুদেবকে তুই কী দিলি?”
“গুরুদেব কোথায়? ও তো একজন ফকির। মা বলেছে ফকিরকে দান করলে পুণ্যি হয়।” ভাণ্ডারের সাফ জবাব।
গুরুদেবের কথায় ভাণ্ডারের দুষ্টুমি কিছুটা কমেছিল।
রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের ছাত্রদের বকাঝকার পক্ষপাতি ছিলেন না। তিনি কাউকে কখনও আঘাত দিতে চাইতেন না। একবার প্রমথনাথ বিশী সম্পর্কে একটা নালিশ এল। এমন অবস্থা যে, তাকে না বকলেই নয়। অনিচ্ছা সত্ত্বেও গুরুদেব প্রমথকে অনেকক্ষণ ধরে বকলেন। তিনি একটু থামলে প্রমথ বললেন, “কিন্তু ঘটনা হল আমি এ বিষয়ে কিছুই জানি না।”
রবীন্দ্রনাথ হাঁফ ছেড়ে বাঁচলেন। বললেন, “বাঁচালি। তোকে বকাও হল আবার তুই কষ্টও পেলি না।”
রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন, “আপনাকে আমি দণ্ড দেব।”
ভদ্রলোক তো ভীষণ বিব্রত। না জানি কী অপরাধ হয়েছে তার। বললেন “কেন, আমি কী অপরাধ করেছি?”
একবার এক ঘরোয়া আসর জমেছে। সবাই হাসি গল্পে মশগুল।
রবীন্দ্রনাথ বললেন, “এ ঘরে একটা ‘বাঁদোর আছে।”
সবাই এ ওর মুখের দিকে তাকাচ্ছে। গুরুদেব কাকে বাদর বললেন।
রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন,“এ ঘরে দুটো দরজা বা দোর। একটা ডান দিকে অন্যটা বাম দিকে। তাই বলছিলাম এ ঘরে একটা বাঁদোর রয়েছে।”
রবীন্দ্রনাথ তার ভক্ত ও ছাত্রছাত্রীদের সামনে গান গাইছেন, “হে মাধবী, দ্বিধা কেন?”
তখন ভৃত্য বনমালী আইসক্রিমের প্লেট নিয়ে তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। বনমালী ভাবছে ঘরে ঢুকবে কি ঢুকবে না। কারণ রবীন্দ্রনাথ গান গাইছেন, এ সময় বিরক্ত হবেন কিনা কে জানে।
গুরুদেব বনমালীর দিকে তাকিয়ে গাইলেন “হে মাধবী, দ্বিধা কেন?”
বনমালী আইসক্রিমের প্লেট গুরুদেবের সামনে রেখে লজ্জায় ঘর থেকে বেরিয়ে গেল।
একবার রবীন্দ্রনাথ ঘুমুচ্ছেন। ঘরের জানালা খোলা। জানালা দিয়ে চাঁদের আলো আসছে। ফুটফুটে জ্যোৎস্না। আলোতে ঘুমের ব্যাঘাত হচ্ছে।
রবীন্দ্রনাথ ভৃত্য মহাদেবকে ডেকে বললেন, “ওরে মহাদেব, চাঁদটাকে একটু ঢাকা দে বাবা।”
মহাদেব তো হতভম্ব। চাঁদ সে কীভাবে ঢাকা দেবে?
গুরুদেব হেসে বললেন, “জানালাটা বন্ধ কর, তাহলেই চাঁদ ঢাকা পড়বে।”
এমনি মজার মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এত বড় প্রতিভার অধিকারী একজন মানুষ। কিন্তু মোটেই রাশভারী বা গুরুগম্ভীর নন। বরং সবার সঙ্গে সহজ, সরল তার ব্যবহার।
