বইমেলায় রঙিন শিশুকর্নার
অমর একুশে গ্রন্থমেলার শুরুর গল্পটা তো তোমরা জানই। তবুও যারা এখনও জান না, তাদের জন্য বলছি।
১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসের কথা। ঠিক আমাদের স্বাধীনতাযুদ্ধের পরের বছর। পরের বছর বললেও তো ঠিক পরের বছর না। কারণ, দেশ স্বাধীন হওয়ার ঠিক তিনমাস পরের কথা এটি।
১৯৭২ সালের ফেব্রুয়ারির ৮ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনে বটতলায় বসেছিল বইমেলা। এক টুকরো চটের উপর ৩২টি বই সাজিয়ে এই বইমেলা শুরু করেছিলেন একজন মানুষ একাই। সেই থেকেই মূলত আজকের এই বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার সূচনা।
এরপর ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এই মানুষটি একাই বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলা চালিয়ে যান। তার নাম চিত্তরঞ্জন সাহা। তিনি ছিলেন বাংলাদেশের প্রকাশকদের মধ্যেও একজন পথিকৃত। এখনকার বইমেলার ১ নম্বর স্টলটিই হচ্ছে তার প্রকাশনা প্রতিষ্ঠান মুক্তধারার স্টল।
আর এই মুক্তধারার স্টল সংলগ্ন অংশেই গড়ে উঠেছে তোমাদের জন্য শিশুকর্নার। শিশুকর্নারকে মেলা কর্তৃপক্ষ তোমাদের মনের মতো করে নানা রংয়ে সাজিয়েছে। আর এখানে যারা স্টল সাজিয়ে বসেছেন তাদের কাছেও আছে শুধু তোমাদের জন্য লেখা বইগুলো। শিশুকর্নারে ঢুকলে প্রথমেই তোমাদের চোখ যাবে মিনা, রাজু আর মিঠুর দিকে। মনে হবে ওরা বুঝি তোমাদের স্বাগত জানাতেই দাঁড়িয়ে আছে এই আঙিনায়। আর শিশুকর্নারের চারদিকে সাজানো স্টলের মাঝে প্রায় গোল অংশটা বেশ বড়। চাইলে ছুটোছুটি করে খেলতেও পারবে কিছুক্ষণ। খেলতে খেলতে দেখা পাবে মিনা-রাজুর মতো আরও অনেক প্রিয় চরিত্রেরও।
শিশুকর্নারে তো তোমাদের জন্য লেখা সব ধরনের বই-ই পাবে। যার যেমন পছন্দ ঠিক তেমনটাই খুঁজে নিতে পারবে শিশুকর্নার থেকে। এখানে আছে ছোট গল্পের বই, বড় গল্পের বই, ছড়ার বই, কবিতার বই, বড় বড় মনীষীদের জীবন নিয়ে লেখা বই। আবার, গল্পের বইয়ের মধ্যেও আছে নানা বিষয়। যেমন ভূতের গল্পের বই, হাসির গল্পের বই, রহস্য উন্মোচনের গল্প নিয়েও রয়েছে অনেক বই। সেই যে একেবারে ছোটবেলায় শোনা আর টম এন্ড জেরি কার্টুনে দেখা গেঁয়ো ইদুর আর শহুরে ইঁদুরের গল্পের মতো আরও কত শত গল্প নিয়ে লেখকরা তোমাদের জন্য বই লিখেছেন, সেসব বইয়ে আছে কত নাম না জানা গ্রামের গল্প, যা পড়লেই হয়তো তোমাদের গ্রামে যেতে ইচ্ছে করবে। আবার আলো ঝিলিমিল শহরের গল্প নিয়েও অনেকে বই লিখেছেন তোমাদের জন্য।
আছে অনেক দেশ-বিদেশ নিয়ে লেখা বইও। নদী নিয়েও বই লিখেছেন কেউ কেউ। গাছপাখির বইও আছে। সেসব বই পড়ে তোমরা জানতে পারবে কত বিচিত্র রকমের গাছ আছে এই পৃথিবীতে। আছে কত সুন্দর সুন্দর পাখি। আর সেসব পাখি কত রকমের মজার মজার কাণ্ড করতে পারে। বনের প্রাণীদের নিয়ে যদি কেউ জানতে চাও, তার জন্যও বই আছে এই শিশুকর্নারে।
ছড়ার বইয়ের মধ্যেও আছে কত বিচিত্র বিষয়। কেউ লিখেছেন দেশকে নিয়ে। কেউ লিখেছেন প্রকৃতি নিয়ে। কেউ-বা আবার তোমাদের দুষ্টুমি নিয়েও ছড়া লিখেছেন। কবিতার বইও আছে অনেক রকমের। যেসব কবিতা তোমরা খুব সহজেই আবৃত্তি করতে পারবে, সেসব কবিতা নিয়েও আছে আলাদা বই। আর তোমাদের যাদের একেবারে ছোট ভাইবোন আছে যারা এখনও পড়তে শেখেনি ওদের জন্যও আছে ছবির বই।
এত সব বই তো আছে শিশুকর্নারে। কিন্তু এই বইগুলো কারা এনেছে তোমাদের জন্য? সেই যে চিত্তরঞ্জন সাহা ছিলেন একজন প্রকাশক। যিনি শুরু করেছিলেন বইমেলা। তার মতোই অন্যান্য প্রকাশকরা এতসব বইয়ের আয়োজন করেছেন তোমাদের জন্য।
টইটম্বুর, শিশুপ্রকাশ, প্রগতি পাবলিশার্স, কিশোর ভুবন, চলন্তিকা বইঘর, পাতাবাহার, নলেজ ভিউ, আরো প্রকাশন, হলি পাবলিকেশন, ওয়ার্ল্ড অব চিলড্রেন’স বুকস, রঙিনফুল, শিলা প্রকাশনী, আদিগন্ত প্রকাশন, পিপিএমসি, প্রিয়প্রকাশ, ফুলকি বই কেন্দ্র, টোনাটুনি, ছোটদের মেলা, ঝিঙেফুল, শিশুঘর, ছোটদের বই এবং শিশু একাডেমি প্রভৃতি মিলেই বইয়ের পসরা সাজিয়ে বসেছে তোমাদের জন্য এই শিশুকর্নারে।
আর, বইমেলা কমিটি তোমাদের জন্য প্রতিবারের মতো এবারেও ঘোষণা করেছে শিশুপ্রহর। এই ফেব্রুয়ারির তিনটি শনিবারের সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। যার মধ্যে দুটি শেষ হয়ে গেলেও বাকি রয়েছে আগামী ২২ ফেব্রুয়ারির শেষ শিশুপ্রহরটি। দেরি না করে চলে এসো এবারের বইমেলার শেষ শিশুপ্রহরে।
আর তোমাদের জন্য সাজানো শিশুকর্নার তো আছেই তোমাদের অপেক্ষায় আগামী ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়া পর্যন্ত। তাই যত দ্রুত সম্ভব মেলা চলাকালীন চলে আসো অমর একুশে গ্রন্থমেলার শিশুকর্নারে। আর ভাগ্য ভালো হলে দেখাও পেয়ে যেতে পার তোমাদের পছন্দের লেখকদের। আর সেই সঙ্গে নিতে পারবে নতুন বইয়ে তাদের অটোগ্রাফ, চাইলে তাদের সঙ্গে তুলে নিতে পারবে ফটোগ্রাফও।
ছবি : ইসরাত জাহান মনি
