২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাপি নিউ ইয়ার

আমাদের দেশে ব্যবহার করা হয় দুটি ক্যালেন্ডার— ইংরেজি ক্যালেন্ডার আর বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার আমাদের ঐতিহ্যবাহী ক্যালেন্ডার, আর তাই সেই ক্যালেন্ডারের প্রথম দিনটিতে পালিত হয় আমাদের ঐতিহ্যবাহী উৎসব— পহেলা বৈশাখ। ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিনটিও আমাদের দেশে পালিত হয়; ৩১ ডিসেম্বর পার হয়ে যখনই ১ জানুয়ারি শুরু হয়, ঘড়ির কাঁটা ১২টা ছুঁয়ে দেয়, তখন পৃথিবীর বিভিন্ন দেশের মতো উৎসব হয় আমাদের দেশেও। সবাই সবাইকে হাসি মুখে জানায়— হ্যাপি নিউ ইয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দুর্জয় দাস

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 03:24 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

১ জানুয়ারির নববর্ষ

বলা হয়ে থাকে, পৃথিবীর সবচেয়ে পুরনো উৎসব এই বর্ষবরণ উৎসব। এর শুরু প্রায় ৪ হাজার বছর আগে, খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে, মেসোপটেমিয় সভ্যতায়। প্রাচীন মেসোপটেমিয়া ছিল এখনকার ইরাকে। এই মেসোপটেমিয় সভ্যতার আবার ৪টা আলাদা আলাদা ভাগ আছে— সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। এদের মধ্যে বর্ষবরণ উৎসব পালন শুরু হয় ব্যাবিলনীয় সভ্যতায়।

সে সময় বেশ জাঁকজমকের সঙ্গেই পালন করা হত বর্ষবরণ। তবে সেটা এখনকার মতো ১ জানুয়ারি পালন করা হত না। পালন করা হত বসন্তের প্রথম দিনে।

তখন অবশ্য বছর গণনা হত চাঁদ দেখে। তাই বছর শুরুর উৎসবও পালন করা হত চাঁদ দেখে। আমরা যেমন এখন ঈদের চাঁদ দেখি, ওরাও তখন সেভাবে বর্ষবরণের চাঁদ দেখত। যেদিন বসন্তের প্রথম চাঁদ উঠত, শুরু হত বর্ষবরণ উৎসব। চলত টানা ১১ দিন।

জাঁকজমক করে নববর্ষ পালন করত রোমানরাও। ওরা আবার ছিল এক কাঠি সরেস। তৈরি করে ফেলেছিল ক্যালেন্ডার। সে ক্যালেন্ডারও অবশ্য চাঁদের হিসেবেই বানানো হয়েছিল। আর সেই ক্যালেন্ডার অনুযায়ী ওদের নববর্ষ ছিল ১ মার্চ। আর মাসও ছিল দশটা। ওদের ক্যালেন্ডারে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস ছিল না। পরে সম্রাট নুমা পন্টিলিউস জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারে যোগ করেন।

সমস্যা ছিল আরও, রোমানদের ক্যালেন্ডারে তারিখও ছিল না। চাঁদের বিভিন্ন অবস্থা দিয়ে ওরা মাসের বিভিন্ন সময়কে চিহ্নিত করত। চাঁদ ওঠার সময়কে বলা হত ক্যালেন্ডস, পুরো চাঁদকে বলত ইডেস আর চাঁদের মাঝামাঝি অবস্থাকে বলত নুনেস।

পরে সম্রাট জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারের পরিবর্তন ঘটান। তিনি ক্যালেন্ডস, ইডেস, নুনেসের ঝামেলা শেষ করে বসিয়ে দেন তারিখ। ফলে বছরে মোট ৩৫৫ দিন হয়। দশদিন কম ছিল কেন? চাঁদ দেখে হিসেব করাতেই এই গোল।

কিন্তু ওভাবে হিসাবের ফলে চাষিরা পড়ল সমস্যায়। সে সমস্যার সমাধান করলেন হোঞ্চাস হেডাস নামের এক রোমান। তিনি ফেব্রুয়ারির পরে আরেকটা আস্ত মাসই ঢুকিয়ে দিলেন।

তাতে গোল আরও বাড়ল। তখন সিজার অনেক চিন্তা-ভাবনা করে দেখলেন, সূর্য দিয়ে হিসাব করলেই তো ল্যাঠা চুকে যায়! এবার বছর হয়ে গেল ৩৬৫ দিনের।

ক্যালেন্ডারের ঝামেলা মিটলেও, বছর শুরু হবে কবে, সেই হিসেব কিন্তু সহজে মেটেনি। একেক সময় একেক জায়গায় একেক দিনে বছর শুরু করা হত; উৎসবও হত একেক দিনে। যিশু খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে ঠিক করা হল, বর্ষবরণ হিসেবে পালন করা হবে ২৬ মার্চ।

কিন্তু সেটাও ঠিকভাবে মানা হচ্ছিল না। পরে সম্রাট নুমা পন্টিলাস যখন জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ক্যালেন্ডারে ঢোকান, তিনি ঠিক করে দেন, জানুয়ারির ১ তারিখ হল বছরের প্রথম দিন। ওইদিনই হবে বর্ষবরণ।

অবশ্য সমস্যা ছিল সিজারের ক্যালেন্ডারেও। সেই সমস্যা দূর করেন একজন ডাক্তার। নাম তার অ্যালোসিয়াস লিলিয়াস। কিন্তু ইতিহাসে তার নাম সেভাবে কেউ জানে না। কারণ, ক্যালেন্ডারটির কথা সবাইকে জানান একজন পোপ— ত্রয়োদশ (১৩তম) গ্রেগরি। সবাই তাকেই চেনে। পোপ গ্রেগরির নাম অনুসারে ক্যালেন্ডারটিকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এখন যে ইংরেজি ক্যালেন্ডারটি প্রচলিত, সেটিই গ্রেগরিয়ান ক্যালেন্ডার।

এই ক্যালেন্ডারটি তৈরি করা হয় মাত্র ৪০০ বছর আগে, ১৫৮২ সালে। আর ক্যালেন্ডারটি নানা কারণে এতটাই প্রচলিত হয়ে পড়ে, সবাই এই ক্যালেন্ডারটিই অনুসরণ করতে শুরু করে। ফলে আগে যারা নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী বর্ষবরণ উৎসব পালন করত, তারাও এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারির ১ তারিখে নববর্ষ হিসেবে পালন করে। যেমন আমরা পহেলা নববর্ষ-এর পাশাপাশি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মানে ইংরেজি নববর্ষও পালন করি।

নববর্ষের নানা সংস্কার

বিভিন্ন দেশে নববর্ষের নানা সংস্কার প্রচলিত আছে। চীনে নববর্ষের উদযাপনের সঙ্গে এক দৈত্যের যোগ আছে, নাম নিয়েন। এই নিয়েন নামের দৈত্য লাল রং ভয় পায়। আর তাই চীনের নববর্ষের অনুষঙ্গ হিসেবে থাকে লাল রং। সবাই সবাইকে লাল রংয়ের খামে টাকা ভরে উপহার দেয়।

জাপানে নববর্ষ উপলক্ষে বানানো হয় চালের কেক, যাকে বলা হয় ‘মোশি’। আর ঘরের দরজায় ঝুলিয়ে দেওয়া হয় হাতে তৈরি খড়ের দড়ি।

ডেনমার্কে সবাই নববর্ষের মুহূর্তে, মানে ঠিক রাত বারটার সময় সবাই চেয়ার থেকে লাফিয়ে নামে। তাদের আরেকটা মজার সংস্কার— বাসার সামনে সারাবছর ব্যবহার করা থালা-বাসন ভেঙে ফেলে রাখা হয়। বিশ্বাস— যার বাসার ভাঙা টুকরো যত বেশি হবে, নতুন বছরে তার বন্ধুও তত বেশি হবে।

স্পেনে সংস্কার হল, বারটা বাজার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব, বারোটা আঙুর খেতে হবে; সম্ভব হলে ঘড়ির সঙ্গে। এই সংস্কার চালু আছে পর্তুগালেও।

জার্মানিতে প্রচলিত সংস্কারটিও বেশ মজার। নতুন বছরের শুরুতে ঠাণ্ডা পানিতে ঢেলে দিতে হবে গলিত সীসা। সীসা একা একা যে আকার নিবে, সেই আকারই পরের বছরের ভবিষ্যদ্বাণী।

অস্ট্রেলিয়ায় বারটা বাজার পর সবাই নানারকম শব্দ করে মুহূর্তটি উদযাপন করে। কেউ বাঁশি বাজায়, গাড়িতে থাকলে হর্ন বাজায়, আর গির্জায় বাজানো হয় ঘণ্টা।

মেক্সিকোতে নববর্ষের মুহূর্তে ১২ বার ঘণ্টা বাজানো হয়। অন্যদিকে কোরিয়ায় ঘণ্টা বাজানো হয় ৩৩ বার। কোরিয়াতে আরেকটা বিশ্বাসও আছে, নববর্ষের সময় ঘুমালে নাকি ভ্রূ সাদা হয়ে যায়।

আবার ফিলিপাইনের সংস্কার হল, নতুন বছরের শুরুতে খেতে হবে গোলাকৃতির সব খাবার। তাহলে নাকি নতুন বছর ভালো যাবে।