২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বউকথাকও

বাহারি রংয়ের সুন্দর সুন্দর পাখি দেখে আমরা কতই না মুগ্ধ হই। এদের সুরেলা কণ্ঠের মিষ্টি-মধুর গলা শুনে আমাদের মনপ্রাণ জুড়িয়ে যায়। পাখির বিশাল জগৎ এই সুন্দর পৃথিবীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শহীদুল ওয়াহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 05:52 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

আমাদের দেশে যত প্রজাতির পাখি আছে তার প্রায় অর্ধেক আসে অতিথি হয়ে। অনেক পাখি আমরা চিনি। আবার অনেক পাখি আমরা চিনি না। দেখতে প্রায় একই রকম, তবে নাম ভিন্ন ভিন্ন।

আমাদের পরিবেশ দূষিত হওয়ার ফলে প্রাণিজগতের জন্য সৃষ্টি হয়েছে বিরাট হুমকি। দূষিত পরিবেশের সঙ্গে লড়াই করে টিকতে না পেরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পাখিকুল। এ রকম একটি পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, নাম-- বউকথাকও।

বউকথাকও মাঝারি আকারের কোকিলজাতীয় পাখি। এ পাখিটি আবার ভারতীয় কোকিল নামেও পরিচিত। ইংরেজি নাম- Indian Cuckoo, বৈজ্ঞানিক নাম Cuculus micropterus । কোকিল পরিবারের সদস্য। বউকথাকও পাখিটি এশিয়া মহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পূর্বাঞ্চল থেকে ইন্দোনেশিয়া, চীনের উত্তরাঞ্চল, রাশিয়া প্রভৃতি দেশে দেখা যায়।

একাকী, নিভৃতচারী ও লাজুক পাখি হিসেবে এর পরিচিতি রয়েছে। বনাঞ্চলসহ উন্মুক্ত গাছ-গাছালিপূর্ণ এলাকা থেকে শুরু করে ৩ হাজার ৬০০ মিটার উঁচুতে এরা বাস করে। মাঝারি আকারের এই কোকিলজাতীয় পাখি হিসেবে বউকথাকও পাখিটির স্ত্রী-পুরুষকে দেখতে প্রায় একই রকম। উপরের দিকে ধূসর এবং পিছনের অংশে কালো পালক রয়েছে। লেজটি বিস্তৃত থাকে। প্রাপ্তবয়স্ক পাখির বাদামি এবং সাদা বর্ণের সংমিশ্রণে মাথা ও পাখায় পালকের রং রয়েছে। অক্ষিগোলক ধূসর থেকে হলুদ রংয়ের হয়ে থাকে। চোখের মণি হালকা বাদামি থেকে লোহিত আকারের। স্ত্রীজাতীয় বউকথাকও পাখি সনাক্তকরণের লক্ষ্যে পুরুষের তুলনায় গলা, বুক ও লেজের দিকে হালকা ধূসর রংয়ের হয়। পেটের অংশটুকু সরু হয়ে থাকে। পাখিটি অতি উচ্চস্বরে ডাকে।

আমাদের দেশে রাতজাগা পাখির বসবাস খুবই কম। রাতজাগা পাখির মধ্যে রয়েছে পেঁচা, নিশিবক, বাদুর, বউকথাকও ইত্যাদি। রাতজাগা প্রজাতির পাখি নিজের জায়গায় বসে রাতবিরাতে বিলাপ করে ডাকে। কিন্তু বউকথাকও ব্যতিক্রম। এই পাখি উড়তে উড়তেই ডাকাডাকি করে। দিনে রাতে একইভাবে ডাকে। তবে চাঁদনি রাত বেশ প্রিয়। চাঁদের ঝিলিক দেখলেই এরা ডেকে ওঠে।

বউকথাকও পাখি কোকিলের মতো শীতকালে দেখা যায় না। গ্রীষ্মকালে এদের আগমন ঘটে। এদের খাবার মোকামাকড়। গাছের উপর বসেই শিকার করে পোকামাকড়। জমিতে খুব একটা নামতে দেখা যায় না।

বউকথাকও পরজীবী পাখি হিসেবে পরিচিত এবং স্ত্রী পাখিটি একটি মাত্র ডিম পাড়ে। ফিঙে এবং কাকের মতো কালো পাখির বাসায় ডিম পেড়ে উধাও হয়। কোকিল পাখির ন্যায় এরা ডিম পাড়ার পূর্বে ফিঙে অথবা কাকের একটি ডিম খেয়ে ফেলে অথবা নিচে ফেলে দেয়। চীনের উত্তরাংশে পাখিটির ডিম পাড়ার মৌসুম হচ্ছে মে থেকে জুলাই। ভারতীয় উপমহাদেশে মার্চ থেকে আগস্ট। বার্মায় জানুয়ারি থেকে জুন এবং মালয় উপত্যকায় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রজনন সময়কাল। ১২ দিন অতিবাহিত হলেই ডিম ফুটে বাদামি রংয়ের বাচ্চা জন্মে। এলাকায় ভেদে ১৪ দিন সময় লাগে।