২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসী ছেলে

ছেলেটির বাসা ছিল শহরে। তবে মাঝেমধ্যে গরমের ছুটিতে বাবার সঙ্গে গ্রামে বেড়াতে যেত সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাদিয়া ইসলাম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 07:02 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

ওদের গ্রামটা কী সুন্দর! খুব ভালোবাসত ছেলেটি গ্রাম; গ্রামের নদী, মাটি, পাখি, বন— সবকিছু। তবে এগুলোর মধ্যে সবচাইতে ভালো লাগত গ্রামের মাঝখানের বিশাল পুকুরটা। কী শান্ত!

“নানি, আমি ঐ পুকুরটার কাছে যাই?

নাতির বায়না শুনে নানি আঁতকে ওঠেন, “না না। ওখানে যাস না।”

“কেন?”

“কেন মানে, তুই তো সাঁতার জানিস না। যদি পড়ে যাস?” আমতা আমতা করে বলে নানি।

“পড়ব না, নানি।”

“না! তুমি যে বাঁদর হয়েছ।”

নানি কিছুতেই তার আদরের নাতিকে ঐ ভয়ানক পুকুরের কাছে যেতে দিতে চায় না।

ভয়ানকই তো! ভাবলেই গায়ে কাঁটা দেয় তার। সে কতকাল আগের কথা। তখনও নানি বউ হয়ে আসেনি এ গ্রামে। তারও অনেক আগে ওই পুকুরে পরিরা আসত। সবাই বলে ঐ পুকুরটাও নাকি পরিরাই বানিয়েছিল। জ্যোৎস্নারাতে দলে দলে ওরা আসত ওখানে গোসল করতে। আর গ্রামে যখন কোনো অনুষ্ঠান হত, তখন সোনার থালা-বাসন রেখে যেত পুকুরের পাড়ে। অনুষ্ঠান শেষ হলে গ্রামের মানুষেরা সেগুলো আবার ফেলে দিত পুকুরের ভেতরে। পরিরা সেসব আবার নিয়ে যেত।

কী সুন্দরই না ছিল পুকুরটা। কালো টলমলে জল। শানবাঁধানো ঘাট। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ কী যে হল, এক দুষ্টু লোক কী মনে করে সোনার একটা থালা লুকিয়ে রেখে দিল। ভেবেছিল, পরিরা হয়তো বুঝতে পারবে না।

সে এতই সোজা? পরিদের কাছে ধরা পড়ে গেল সে। সে রাতেই, বলা নেই কওয়া নেই হঠাৎ লোকটা দৌড়ে গিয়ে ডুব দিল পুকুরে। সেই যে ডুব দিল, আর উঠল না। পরদিন লোকটার লাশ পাওয়া গেল পুকুরের মাঝখানে।

এরপর থেকেই আর কেউ পুকুরটার ধারেকাছে যায় না।

কিন্তু এত সব কথা ছোট্ট নাতিকে বোঝাবে কীভাবে নানি? তাই সাঁতারের অজুহাতেই সে আটকাল ছেলেটিকে।

এদিকে ছেলেটিও কম যায় না। পরের বার গ্রামে আসার আগে খুব ভালো করে সাঁতার শিখে এল সে। এবার তাকে ঠেকায় কে?

নানি একা আটকাতে না পেরে ডাকলেন বাড়ির সবাইকে। কিন্তু কারও কথাই শুনল না একরত্তি ছেলেটি। গ্রামের এক দল কুসংস্কারাচ্ছন্ন লোকের সামনে আস্তে আস্তে নেমে পড়ল পানিতে। ঘুরে এল পুরো পুকুর। একাই এতদিন ধরে গ্রামের সবার মধ্যে জমে থাকা ভয় কেটে গেল।

এই সাহসী ছেলেটির নাম কুদরত-ই-খুদা। বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী।

এই সাহসী মানুষটির জন্ম হয়েছিল ১৯০০ সালের ১ ডিসেম্বর, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড়গ্রামে।

একবার গরমের ছুটিতে ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন ছোট্ট কুদরত-ই-খুদা। বড্ড কৌতূহলী ছেলেটির সব কৌতূহল মেটাবার দায়ভার পড়েছিল চাচাত ভাইয়ের কাঁধে। প্রশ্নে প্রশ্নে অস্থির হয়ে শেষে নিজের জমানো পয়সা থেকে এক পয়সা দিয়ে একটা বর্ণমালার বই কিনে এনে দিলেন তিনি। তাই পড়তে দিয়ে তবেই মুক্ত হলেন।

কীসের কী! সকাল গড়িয়ে দুপুর যেতে না যেতেই আবার প্রশ্ন শুরু।

বড় ভাই রেগেমেগে বললেন, “তোকে না বলেছিলাম, দাগিয়ে দেওয়া পড়াগুলো পড়তে?”

“পড়েছি তো।”

কুদরত-ই খুদার কথা শুনে খানিকটা অবিশ্বাস নিয়েই পড়া ধরতে বসেছিলেন বড়ভাই।

ওমা, একি! সত্যিই তো ছোট্ট ছেলেটা এই এতটুকু সময়ের মধ্যেই সবটা পড়া শেষ করে ফেলেছে। অবাক হয়ে গেলেন বড়ভাই। বাবাকে বলে কিছুদিনের মধ্যেই ছোট্ট কুদরত-ই-খুদাকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দিলেন।

তখন মুসলমান ছেলেদের পড়াশোনা করাটা এতটাও সহজ ছিল না। কুদরত-ই-খুদাকেও সংগ্রাম করতে হয়েছে পড়াশোনা করার জন্য। সব পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করার পরও তাকে প্রেসিডেন্সি কলেজে খানিকটা জোর করেই দ্বিতীয় স্থান দেওয়া হচ্ছিল। তিনি তখন শিক্ষক পি.সি. রায়ের সাহায্য নিয়ে প্রতিবাদ করেন। শেষমেশ কলেজ কতৃপক্ষ প্রথম স্থানটি তাকেই দিতে বাধ্য হয়।

এরপর প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি নিয়ে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে রসায়নে এমএসসি করে চলে যান লন্ডনে, লন্ডন বিশ্ববিদ্যালয়ে, উচ্চতর গবেষণার জন্য। সেখানে পিএইচডি করতে গিয়েও অনেক সমস্যায় পড়তে হয় কুদরত-ই-খুদাকে। কিন্তু সবসময় প্রথম সারিতে নিজের জায়গা বানিয়ে নিতে সব বাধাই এক এক করে পার হন তিনি।

এত এত পড়াশোনার পরও, কখনও এক চাকরিতে বেশি দিন থাকার সৌভাগ্য এই বিজ্ঞানীর হয়নি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, দেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। তার তত্ত্বাবধায়নে স্বাধীন বাংলাদেশের জন্য তৈরি হয় প্রথম শিক্ষা কমিশন রিপোর্ট। কমিশনটি পরিচিত তার নামেই। রিপোর্টটির নামও তাই ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট।

১৯৭৩ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠা হলে, তিনি নির্বাচিত হন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে।

বিজ্ঞানী হিসেবে তিনি প্রথমদিকে কাজ করেছিলেন স্টেরিও কেমিস্ট্রি নিয়ে। পরে কাজ করেন জৈব রসায়ন নিয়ে। বিশেষত ওষধি ফলমূল, পাট, লবন, খনিজ পদার্থ, কাঠকয়লা, মাটি প্রভৃতি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন তিনি।

কুদরত-ই-খুদা ও তার সহযোগীদের নামে মোটমাট ১৮টি প্যাটেন্ট আছে। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত  পাটকাঠি থেকে পারটেক্স তৈরির কৌশল উদ্ভাবন। তার অন্যান্য উদ্ভাবনের মধ্যে রয়েছে পাট ও পাটকাঠি থেকে রেয়ন ও কাগজ তৈরি, আখ ও গুড়ের রস দিয়ে মল্ট ভিনেগার তৈরি প্রভৃতি।

১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। আর ১৯৮৪ সালে প্রদান করে স্বাধীনতা দিবস পুরস্কার। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও প্রদান করে।

তিনি বাংলায় বিজ্ঞানবিষয়ক অনেকগুলো বইও লিখেছেন। এর কয়েকটি আবার ছোটদের জন্য। বইগুলো হল— ‘বিজ্ঞানের সরস কাহিনী’, ‘বিজ্ঞানের বিচিত্র কাহিনী’, ‘বিজ্ঞানের সূচনা’, ‘জৈব রসায়ন (৪ খণ্ড)’, ‘পূর্ব-পাকিস্তানের শিল্প সম্ভাবন ‘, ‘পরমাণু পরিচিতি’, ‘বিজ্ঞানের পহেলা কথা’, ‘যুদ্ধোত্তর বাংলার কৃষি ও শিল্প’ এবং ‘বিচিত্র বিজ্ঞান’।

এছাড়াও তার পৃষ্ঠপোষণায় দুটো বিজ্ঞান সাময়িকীও প্রকাশিত হত—‘পুরোগামী বিজ্ঞান’ ও ‘বিজ্ঞানের জয়যাত্রা’।

১৯৭৭ সালের ৩ নভেম্বর মারা যান আমাদের দেশের কৃতী এই বিজ্ঞানী।