২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আশরাফুল ইসলাম সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

নাম: দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার

লেখক: মার্ক টোয়েন

প্রথম প্রকাশ: ১৮৮১

ভাষা: ইংরেজি

ধরন: শিশুসাহিত্য/ ফিকশন

প্রকাশক: জেমস আর ওসগুড অ্যান্ড কোম্পানি

পৃষ্ঠা: ৪১৮

কাহিনিসংক্ষেপ: ষোড়শ শতকের কথা। ইংল্যান্ডের দুই প্রান্তের দুই শিশু। একজন রাজপুত্র, ইংল্যান্ডের ভবিষ্যত রাজা। আরেকজন ভিখারিপুত্র, যার ভবিষ্যত চিন্তা করাই অপরাধ!

দুজনের জন্ম একই দিনে হলেও, একজন জন্মেছে সোনার চামচ মুখে নিয়ে; যার জন্য রাজ পরিবার তো বটেই, পুরো ইংল্যান্ডবাসী ছিল অধীর অপেক্ষায়। আর অন্য জনের আগমনে পরিবারের মানুষেরাই খুশি হতে পারেনি। রাগ করেছে আরও একটি খাওয়ার মুখ যোগ হয়েছে বলে। রাজপুত্রের নাম এডওয়ার্ড ট্যুডোর। আর ভিখারিপুত্রের নাম টম ক্যানটি।

ক্যানটি পরিবার থাকে লন্ডনের সবচেয়ে ঘিঞ্জি এলাকায়-- ওফাল কোর্ট এ। এখানেই ভাঙাচোরা, পলেস্টার-খসা একটা বাড়ির তিনতলায় থাকে টম। একটামাত্র ঘরেই গাদাগাদি করে আরও থাকে টমের দাদি, বাবা, মা আর বড় দুই জমজ বোন। টমের বাবা পেশায় চোর। আর দাদি ভিক্ষুক।

ওরা সব ভাইবোন সারাদিন বাইরে বাইরে কাটায়। আর রাত হলে বাড়িতে ফিরলেই টমের দাদি আর বাবার হাতে পিটুনি খায়। প্রতিদিনই এমন ঘটনা ঘটে বলে টমের ধারণাই হয়ে গিয়েছিল, জীবনটা বোধহয় এমনই!

ওফাল কোর্ট এলাকাতেই এক অবসরপ্রাপ্ত পাদ্রি থাকেন। সবাই তাকে ডাকে ‘ফাদার অ্যান্ড্রু’ নামে। এই ফাদার বেশিরভাগ সময় কাটান ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে। তাদের তিনি লেখাপড়া শেখান, ল্যাটিন ভাষা শেখান। আর শেখান ভালো-মন্দের বিবেচনাবোধ। আর সুযোগ পেলেই শোনান নানা ধরনের গল্প। যার মধ্যে টমের সবচেয়ে ভালো লাগে রাজা-রানির গল্প। গল্পের ছোট রাজকুমারের কথা শুনে শুনে টমও নিজেকে রাজকুমার কল্পনা করে। গল্পে নিজেই হয়ে ওঠে নায়ক। দুষ্টুদের হাত থেকে লড়াই করে রাজকন্যাকে উদ্ধার করে আনে!

এমনি এক সকালের কথা। পেটে রাজ্যের ক্ষুধা নিয়ে টম বের হয়েছে রাস্তায়। মন পড়ে আছে গত রাতে দেখা স্বপ্ন। যে সে স্বপ্ন নয়, একেবারে রাজকীয় স্বপ্ন। স্বপ্নে বিভোর হয়ে আপন মনে হেঁটে যাচ্ছে টম। আপনভোলা হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল সেদিন।

যখন সম্বিত ফিরল, দেখে ওর সামনেই রাজপ্রাসাদ! আর প্রাসাদের বাগানে খেলছে ওরই বয়সী এক ছেলে। কী দারুণ পোশাক ওর গায়ে! কোমরে ঝোলানো একটা তরবারিও আছে! ঠিক যেন ফাদার অ্যান্ড্রুর কাছে শোনা গল্পের রাজপুত্রের বাস্তব রূপ। মুগ্ধ হয়ে দেখতে দেখতে কখন যে ও প্রাসাদের গেটে ধাক্কা দিয়ে ফেলেছে, নিজেই বুঝতে পারেনি।

বুঝল, যখন প্রহরী ওকে ছুঁড়ে ফেলল রাস্তায়। তাই দেখে রাজপুত্র তো ভীষণ ক্ষেপে গেল। প্রহরীকে সে আচ্ছা করে ধমক দিয়ে দিল। আর টমকে নিয়ে গেল প্রাসাদের ভেতরে। তারপর শুরু করল রাজ্যের গল্প। এই করতে করতে রাজপুত্র এডওয়ার্ড ট্যুডোর যখন জানল, টমের খুব ইচ্ছা একবার হলেও রাজপোশাক পরার, তখন ওরা পোশাক অদলবদল করে নিল।

এদিকে হয়েছে কী, টম আর এডওয়ার্ড-- দুজনই দেখতে প্রায় একই রকম। ওদের পোশাক পরিবর্তনের কারণে অন্য কারও বোঝারই উপায় থাকল না, টমের পোশাক পরা ছেলেটি আসলে টম নয়, ইংল্যান্ডের ভবিষ্যত রাজা এডওয়ার্ড। আর রাজপুত্রের পোশাকে যে আছে, সেও আসলে এডওয়ার্ড নয়, টম।

তখন এডওয়ার্ডকে দারোয়ানরা টম মনে করে আচ্ছাসে ধোলাই দিয়ে সোজা গেটের বাইরে বের করে দিল। এডওয়ার্ড যতই বলে, সে রাজপুত্র, ততই ওর উপর আরও পিট্টি নেমে আসে।

এবার তো রাজপুত্র ভীষণ বিপদে পড়ে গেল। কেউ ওর কথা বিশ্বাস করে না। বরং ও যে রাজপুত্র, এ কথা বললেই নেমে আসে পিট্টি!

ওদিকে প্রাসাদে আটকা পড়ে টমও কিন্তু খুব বেকায়দায় পড়ে গেল। ও যতই বোঝাতে চায়, ও এডওয়ার্ড নয়, টম, ততই সবাই মনে করে যে রাজপুত্র পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত ডাক্তারও পরীক্ষা করে রায় দিল যে, অতিরিক্ত পড়ালেখার চাপে রাজপুত্রের মাথা নষ্ট হয়ে গেছে। ওকে কিছুদিন বিশ্রামে রাখতে হবে।

এদিকে রাজপুত্র তো টমের বাড়িও চেনে না। কীভাবে যাবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় সে পড়ল টমের বাবার পাল্লায়।

রাজপুত্র তখন টমের বাবাকে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলার চেষ্টা করল। সব শুনে টমের বাবারও ধারণা হল, টমের আসলেই মাথা খারাপ হয়ে গেছে। সে তখন এডওয়ার্ডের কলার ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলল বাড়িতে। তারপর টমের বাবা আর দাদি মিলে ওকে পাল্লা দিয়ে পেটাল।

তারপর ঘটতে থাকল এডওয়ার্ডের কপালে একের পর এক দুর্ভোগ। মার খাওয়া, দস্যুদলের হাতে পড়া, আরও কত কী! কিন্তু এক মুহূর্তের জন্যও এডওয়ার্ড ভোলেনি যে, ও ইংল্যান্ডের রাজা। এর মধ্যে এডওয়ার্ডের বাবা, মানে রাজা মারা গেলেন। এবার তো রাজপুত্রের অভিষেক হবে রাজা হিসেবে। সময়ও নির্ধারিত হয়ে গেছে। আমন্ত্রিত অতিথিরাও সবাই হাজির। কী ঘটবে এখন? টমই কি শেষমেষ ইংল্যান্ড শাসন করবে, আর এডওয়ার্ড শুধু মার খেয়ে খেয়ে আর পালিয়ে পালিয়ে বেড়াবে? জানতে চাইলে ঝটপট পড়ে ফেলতে হবে মার্ক টোয়েনের এই দুর্দান্ত উপন্যাস, ‘দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার’।