২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুড্ডু অথবা ছোট লাড্ডুর কথা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চন্দনকৃষ্ণ পাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 07:45 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

পরিচয় পর্ব

গুড্ডুর বয়স? কত আর। এই ধর চার বছর। একমাথা উলুঝুলু চুল। ঝকঝকে সাদা দাঁতের হাসি। আর দিনভর মজার মজার কথামালা নিয়েই হচ্ছে আমাদের গুড্ডু।

“নাম কি তোমার?”

“পাঁচটা নাম আমার।” তিন আঙুল দেখিয়ে বলে গুড্ডু।

“পাঁচটা!”

“হ্যাঁ। মালিহাপু আছে না?” মাথা ঝাঁকিয়ে বলে সে, “মালিহাপু ডাকে ‘গুড্ডু’, বড়খালামনি ‘ছোট লাড্ডু’, লাল আম্মু (মেজখালা) ডাকে ‘ছোট গোল্লা’ আর আম্মু যে কী একটা কঠিন নামে ডাকে আমার মনেই থাকে না।”

‘গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত...’

গান বাজছে ক্যাসেট প্লেয়ারে। ‘গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত...’। গানের সঙ্গে সঙ্গে মাথা দোলাচ্ছে গুড্ডু। ঘুরিয়ে-ফিরিয়ে বারবার শুনছে মজার গানটি। আম্মু মালিহাপুকে পাঠালেন গুড্ডুকে ধরে আনতে। মালিহাপু এসে কঠিন গলায় বলল, “তিনবার খালামণি ডেকে পাঠাল। যাওনি কেন?”

ধীরস্থিরভাবে ঘুরে তাকাল গুড্ডু। তারপর বলল, “তোমরা যখন গান শোনো, আমি ডিস্টার্ব করি? করি? যাও তো ডিস্টার্ব করো না।”

মালিহাপু অবাক এবং চুপ।

হ্যালো কাঁথামামা

গুড্ডুর সঙ্গে ভীষণ খাতির লিটনমামার। গুড্ডু হচ্ছে লিটনমামার আম্মুজান। তো আম্মুজান যখনই আসেন, লিটনমামা তখনই মুখ গম্ভীর করে বলেন, ‘আসসালামু... ...’।

লিটনমামার একটা মজার অভ্যেস আছে। শীত-গ্রীষ্ম সবসময় বাসায় থাকাকালীন তার গায়ে চমৎকার একটা নকশিকাঁথা জড়ানো থাকে। ভীষণ কৌতূহল গুড্ডুর এই কাঁথা নিয়ে। একদিন গুড্ডু জানতে চাইল এই কাঁথার মাহাত্ম্য।

লিটনমামা যা বললেন, তা শুনে তো গুড্ডুর চোখ তালের পিঠে। এই কাঁথা নাকি পৃথিবীর তাবৎ ভূত- প্রেতকে লিটনমামার কাছে ঘেঁষতে দেয় না। গুড্ডু ঠিক কতটুকু বিশ্বাস করল কে জানে! কিন্তু ওই দিন থেকে লিটনমামা হয়ে গেলেন কাঁথামামা। গুড্ডুর সঙ্গে লিটনমামার ঘরে-বাইরে যেখানেই দেখা হোক, গুড্ডু চমৎকার করে বলে, “হ্যালো কাঁথামামা, ভালো আছেন?”

বাসা চেনা, না চেনা

ঈদের পূর্বমুহূর্ত। সবারই কেনাকাটা প্রায় শেষ। গুড্ডুর একগাদা খালা নানারকম পোশাক, এটা-ওটা গিফট দিয়েছেন গুড্ডুকে। প্রায় প্রতিদিনই গুড্ডু তার গিফট নিয়ে কথা বলে।

লিটনমামার রুমে আড্ডা হচ্ছে সেদিন। লিটনমামার বন্ধু চান্দুমামাও আছেন। গুড্ডুর সঙ্গে কথা বলার মজা উপভোগ করছেন চান্দুমামাও। ঈদের নিমন্ত্রণের প্রসঙ্গ এল। এক পর্যায়ে চান্দুমামাও গুড্ডুকে নিমন্ত্রণ করলেন। গুড্ডু মাথা নেড়ে নিমন্ত্রণ গ্রহণ করল।

গুড্ডু অন্যদেরও নিমন্ত্রণ করল। শুধু চান্দুমামা বাদ। চান্দুমামা অবাক। জিজ্ঞেস করলেন একসময়, “গুড্ডু, আমাকে নিমন্ত্রণ করলে না যে?”

“আপনাকে নিমন্ত্রণ করে কী হবে? আপনি আমাদের বাসা চিনেন?”

চান্দুমামাসহ সবাই অপলক শুধু তাকিয়ে থাকলেন। কথা বললেন না।

লেখা পাল্টায় না বুঝি?

সাবিহাপু খুব আদর করে গুড্ডুকে। সেদিন বাসায় এসে সাবিহাপু দেখে টিভিরুমে গুড্ডু নেই। রিডিংরুমে উঁকি দিয়ে দেখা গেল, গুড্ডু পড়াশোনায় ব্যস্ত। ফিরে আসবে এমন সময় গুড্ডু বলল,

“আমাকে কি খুব দরকার সাবিহাপু?”

“না, দরকার নেই।”

“বেশি দরকার হলে হাতের কাজটা করে দাও, তাড়াতাড়ি চলে আসব।”

সাবিহাপু বুঝল গুড্ডুর ইচ্ছে। দুলাইন হাতের লেখা লিখে দিয়ে বইপত্র গুটিয়ে টিভিরুমে এল। আম্মু ধরলেন, “হাতের কাজ শেষ?”

“জি আম্মু।”

“খাতা নিয়ে এসো। গুড্ডু খাতা আনতে গেল। সাবিহাপু চট করে তাদের ফ্ল্যাটে চলে গেল। খাতা দেখে আম্মু বুঝলেন।

“কে লিখেছে? এটা তো তোমার লেখা না।”

“বারে! হাতের লেখা বুঝি পাল্টাতে পারে না?”

পানি নয়, পেপসি

গুড্ডুর নানুভাই এসেছেন বাসায়। আনন্দে হৈচৈ করছে গুড্ডু। বেশ গরম পড়েছে কদিন ধরে। ফ্রিজের পানি, কোল্ড ড্রিংকসের বোতল দ্রুত শেষ হয়ে যাচ্ছে কদিন ধরে।

নানুভাই ড্রয়িং রুমে বসে টিভিতে বিবিসি দেখছেন। আম্মু গুড্ডুকে বলল, “নানুভাইকে ডাকো।”

গলা জড়িয়ে মাত্র একবার ডাকল গুড্ডু।

“আবার ডাক।”

“ডাকতে পারব না।”

“কেন?” আম্মু অবাক।

“গলা শুকিয়ে গেছে।”

“গলা শুকিয়ে গেছে তো, পানি খেয়ে নাও।”

“পানি না, পেপসি খাব।”

আম্মু গুড্ডুর দুষ্টুমিতে না হেসে পারল না!

টেবিলের নিচে কে রে ?

গুড্ডুর খালা কিছুদিনের মধ্যেই আমেরিকা চলে যাবেন। তাই গুড্ডু তাকে আমেরিকা-খালা বলে ডাকে। মালিহা আর সাবিহাপুরা হচ্ছে গুড্ডুর আমেরিকা-খালার মেয়ে। গুড্ডু প্রায়ই এই বাসায় আসে, থাকে, হৈচৈ করে। সাবিহাপুর সঙ্গে খুব ভালো খাতির গুড্ডুর।

সেদিনও আমেরিকা-খালাদের বাসায় এসেছে গুড্ডু। এহর-ওঘর করছে। দুষ্টুমি হৈচৈ। সাবিহা পড়ছিল তার টেবিলে। হঠাৎ বুঝল ওর টেবিলের নিচে মানুষের নড়াচড়া। বুঝল গুড্ডুর কারবার।

“টেবিলের নিচে কে রে?”

“আনু।” গুড্ডু বলল।

“আনু না গুড্ডু?”

“আনু, সত্যি বলছি আনু।” গুড্ডু বলল আবার।

“ঠিক আছে। চিমটি দেই?”

“বাব্বা! আনু বুঝি ব্যথা পায় না।”

হাসিতে গড়িয়ে পড়ল সাবিহাপু।