সেপ্টেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- যেদিকে চোখ যায় সেদিকেই শুধু বিশাল বিশাল দাড়ি আর গোফঅলা লোকজন। কেউ বা চুপচাপ বসে আছে আবার কেউ বা আয়েশ করে তা দিচ্ছে গোফে। এরকম প্রায় একশ জন লোক জড়ো হয়েছিলো সেদিন ব্রাইটনে বিশ্ব দাড়ি ও গোফ প্রতিযোগিতায় অংশ নিতে।
সবাইকে পেছনে ফেলে প্রকৌশলী পল লুইস জিতে নিয়েছেন 'প্রাকৃতিক গোফ' বিভাগের সেরা পুরস্কারটি। তার গোফটাও দেখার মতোই বটে। পুরস্কার জিততে পেরে তিনিও খুব খুশি। তিনি বলেন, "এরকম চমৎকার একটি পরিবেশে এধরনের অনুষ্ঠানের মজাই অন্যরকম। এক সঙ্গে এত দাড়ি আর গোফঅলা লোক দেখাও কম আনন্দদায়ক নয়। কোন পুরস্কারের লোভে আমি গোফ রাখিনি, তবে এ পুরস্কারে আমি খুশি।"
অনুষ্ঠানটি আয়োজন করেছিলো হ্যান্ডেলবার্গ ক্লাব। অনুষ্ঠানের বেশ কয়েকদিন আগেই বিক্রি হয়ে গিয়েছিলো সব টিকেট। অনেকেই আবার টিকেট না পেয়ে এরকম একটি মজার অনুষ্ঠান দেখতে না পারার বেদনা নিয়ে ফিরে গেছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮৫৪ ঘ.
bdnews24