২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাছের বদলে ডুবুরি ধরা পড়লো বড়শিতে

তোমরা অনেকেই হয়তবা পড়েছো কাজী নজরুল ইসলামের কবিতা, 'কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে'। মুক্তা আনার বদলে সেই বীর ডুবুরিই এবার ধরা পড়েছে মাছ ধরার বড়শিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

আগস্ট ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমরা অনেকেই হয়তবা পড়েছো কাজী নজরুল ইসলামের কবিতা, 'কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে'। মুক্তা আনার বদলে সেই বীর ডুবুরিই এবার ধরা পড়েছে মাছ ধরার বড়শিতে। ঘটনাটা তাহলে খুলেই বলি। ১৩ বছর বয়স্ক এক ডাচ বালকের মাছ ধরার খুব শখ। সময় সুযোগ পেলেই সে বড়শি নিয়ে বসে পড়ে সমুদ্রের ধারে। ঘটনাটা যে দিনের সেদিনও সে যথারীতি বড়শি ফেলে চুপচাপ অপেক্ষা করছিলো কখন টান পড়ে সুতোয়। একসময় টান পড়লো আর টান পড়া মাত্রই হুইল ঘোরাতে শুরু করলো সে। মাছের বদলে উঠে এলো আস্ত এক ডুবুরি। বেচারাতো ভয়েই অস্থির। এদিকে হয়েছে কি, ওই ডুবুরি সেদিন তার নিয়মিত প্রশিক্ষনের অংশ হিসাবে নেমেছিলো সমুদ্রে। কখন সমুদ্রের নীচ দিয়ে সাঁতার কাটতে কাটতে সে এখানে চলে এসেছে খেয়ালই করেনি। যখন খেয়াল করেছে তখন সে বড়শির টানে উপরে উঠতে শুরু করেছে। নেদারল্যান্ডের দক্ষিণাঞ্চলের শহর জিরিকজির সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটেছে। অভিজ্ঞতা বনর্না করতে গিয়ে ডুবুরি উইম ভ্যান হুফেলেন জানায়, "সমুদ্রের নীচ দিয়ে যখন সাঁতার কেটে যাচ্ছিলাম হঠাৎ করে আমি আমার মাথার দিক থেকে একটা শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে আমি একটা টান অনুভব করি। এবং কিছু বুঝে উঠার আগেই উপরের দিকে উঠতে থাকি।" এতে হুফেলেনের নীচের ঠোটের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয়। সঙ্গে সঙ্গেই চিকিৎসকের কাছে নেওয়া হয় তাকে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/২০৫৫ ঘ.