আগস্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কান্ডটা দেখো! দাঁতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী প্রতারণাটাই না করলো মালয়েশিয়ার এক প্রতারক। দাঁতের ডাক্তারি বিষয়ে কোন পড়াশোনা বা ট্রেনিং না করেই ২৯ বছর ধরে সে দিব্যি রোগি দেখে যাচ্ছিল। এবার সে ধরা পড়েছে।
কুয়ালা লামপুরে সে তার নিজের এপার্টমেন্টেই এতদিন রোগি দেখত। এ কাজে সে ব্যবহার করতো চল্লিশের দশকে তৈরী একটি ডেন্টিস্ট চেয়ার যা আগে সেনাবাহিনীতে ব্যবহৃত হতো। পুলিশ এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সে এপার্টমেন্টে হানা দিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমান ব্যাথা নিরোধক অষুধ এবং সিরিঞ্জ।
পুলিশের জিজ্ঞাসবাদে সে জানায়, ষাট এবং সত্তরের দশকে সেনাবাহিনীর একজন দাঁতের ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতো সে। কাজ ছিলো ডাক্তারের ব্যাগ বহন করা। সেখানেই সে শিখেছে কীভাবে দাঁত তুলতে হয়।
সে আরো জানায়, "দাঁতের ডাক্তারের সহকারী হিসাবে কাজ করার সময় আমি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতাম ডাক্তার কীভাবে কাজ করেন। তার দাঁত তোলার পদ্ধতি, নতুন দাঁতের জন্য মাপঝোক, মডেল তৈরি কৌশল আমি মনে গেঁথে নিতাম।"
সেখানে কাজ হারানোর পর বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও সে যখন আর কোন কাজ পেলো না তখন সিদ্ধান্ত নিলো নিজেই একটা ডাক্তারখানা খুলে বসবে। যেমন কথা তেমন কাজ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দাঁতের ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে নিজের চেম্বার দিয়ে বসে সে।
তাও ভালো যে ২৯ বছর পর সে ধরা পড়েছে। এখন সে আছে জেলখানায়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/২০৪২ঘ.
bdnews24