আগষ্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমরা যারা পোকেমনের সিরিয়াস ভক্ত তারা হয়তো জানো শুক্রবার হাওয়াই এর বিগ আইল্যান্ডে শুরু হয়েছিলো আর্ন্তজাতিক পোকেমন চাম্পিয়নশিপ। বিশ্বের ২৮টা দেশের ১৯০ জন আর্ন্তজাতিক মানের পোকেমন খেলোয়াড় সেখানে জড়ো হয়েছিলো। সবাইকে তো আর চ্যাম্পিয়ন বানানো যায় না, তাই তীব্র প্রতিযোগিতা শেষে ১৯০ জনের মধ্যে বিজয়ী হয়েছে তিনজন।
১৮ বছরের টম রস বিজয়ী হয়েছে মাস্টার ডিভিশনে। টমের দেশ ফিনল্যান্ড। ১৩ বছর বয়সের জেরেমি স্কার্ফ কিম সিনিয়র ডিভিশনে বিজয়ী হয়েছে। ওর বাড়ী আমেরিকার সিয়াটলে। আর জাপানের মাত্র ৭ বছর বয়সের জান হাসেবি জুনিয়র ডিভিশনে বিজয়ী হয়েছে। শুধু তাই না, হাসেবি এ পর্যন্ত বিজয়ীদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট।
তিন দিনের এই প্রতিযোগিতায় বিজয়ীরা পুরষ্কার হিসেবে অনেক কিছু পেয়েছে। প্রত্যেক বিজয়ী একটি করে ট্রফি ও ৭ হাজার ৫০০ ডলার সহ আরো অনেক কিছু পেয়েছে। আর আগামী বছর ফ্লোরিডায় অনূষ্ঠিতব্য পোকেমন প্রতিযোগিতায় তারা আসতে পারবে বিনা খরচে।
জেরেমি বিজয়ী হয়ে খুব খুশি। সে জানালো, "এখানে প্রত্যেকে আমার নাম ধরে ডাকছে যেটা সত্যিই খুব চমৎকার। এখানে আমি অনেক বন্ধু পেয়েছি। তাই আমার খুব ভালো লাগছে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২১৩৪ ঘ.
bdnews24