আগষ্ট ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গরু ঘাস খাবে আর কুকুর হাড় মাংস খাবে সেটাই তো স্বাভাবিক। তা না হয়ে যদি উল্টোটা হয় তাহলে কেমন একটা উদ্ভট ব্যাপার হয়ে যায় না! মানে 'পাখি ঘাস খায় গরু উড়ে যায়' এর মতো হয়ে যায়, তাই না? কিন্তু অস্বাভাবিক হলেই যে কখনো হবে না তা নয়। গরু আকাশ না উড়লেও একটা কুকুর সত্যি সত্যি ঘাস খেয়েছে। শুধু কি তাই, ঘাস খেতে খেতে এখন এমন অবস্থা যে তার জন্য একটা অপারেশন জরুরী হয়ে পড়েছিলো।
ঘটনা ঘটিয়েছে পাই নামের এই রোটেলার-অ্যালশেসিয়ান সংকর জাতের একটি কুকুর। পাইকে তার মালিক তার নির্ধারিত খাবারই দিতেন। কিন্তু বলা নেই কওয়া নেই হঠাৎ করে পাই খাওয়া দাওয়া পুরোপুরো বন্ধ করে দেয়। তার নতুন মালিক অ্যানাবেলি পোটেল কিছু বুঝতে না পেরে তাকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানেই জানা গেল আসল ঘটনা। পশু চিকিৎসক জানালেন পাইয়ের পেটে প্রায় আধা কিলোর মতো ঘাস আছে।
পোটেল জানান, "পশু চিকিৎসক যখন ঘটনাটা জানালেন আমি বিশ্বাস করতে পারিনি। সম্ভবত পাই নিজেকে একটা গরু ভেবেছিলো। আর তাই সে নিজের খাবার না খেয়ে ঘাস খেতো।"
অবশ্য এখন ভয়ের কিছু নেই। প্রায় ৮০০ পাউন্ড ব্যয় করে তার মালিক অপারেশন করে পেট থেকে ঘাস বের করিয়েছেন। পশু চিকিৎসক গেমা প্রোফেট জানান, "অনেক কুকুর ঘাস খায়, কিন্তু পরিমানে বেশী হয়ে গেলে তা পেটের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে কুকুর তা হজম করতে পারে না।"
খেয়াল রেখো তোমার পোষা কুকুরটা বেশী বেশী ঘাস যাতে না খায়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২২১৮ ঘ.
bdnews24