আগস্ট ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খবরটার হেডিং পড়েই ফিক করে হেসে ফেলো না যেন। এক বর্ণও মিথ্যা না খবরটা। সত্যি সত্যিই টয়লেট ফ্লাশ না করার অপরাধে চীনে পাঁচ ছাত্রকে স্কুল থেকে বহিস্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। তারা সবাই ফুজিন শহরের এথনিক মঙ্গোলিয়ান এক্সপেরিমেন্টাল মিডল স্কুলের ছাত্র।
স্কুলের প্রধানশিক্ষক মি. শাই বিষয়টার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "প্রত্যেক বছর ছাত্র এবং অভিভাবকরা একটি চুক্তিপত্র সই করে এবং আমরা চাই সেই শর্তগুলো তারা মেনে চলবে। ওই পাঁচ ছাত্র সুস্পষ্টভাবে স্কুলের নিয়ম ভঙ্গ করেছে।"
চুক্তিপত্রে সর্বমোট ২৭টি নিয়মের কথা উল্লেখ আছে এবং তার ভেতর টয়লেট ফ্লাশ করা অন্যতম।
স্কুলের এই সিদ্ধান্ত মোটেই ভালোভাবে নেয়নি অভিভাবকরা। তারা ইতিমধ্যেই স্থানীয় শিক্ষা ব্যুরো বরাবর অভিযোগ করেছে স্কুলের বিরুদ্ধে। তাদের দাবী, যতই নিয়মের কড়াকড়ি থাকুক না কেন এই অপরাধে কোন ছাত্রকে স্কুল থেকে বহিস্কার করতে পারে না তারা।
ঘটনা চীন দেশের হলেও তুমি কিন্তু আবার টয়লেট ব্যবহার করে ফ্লাশ করতে ভুলো না।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/২১৪৮ ঘ.
bdnews24