আগস্ট ০২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২০০৭ সাল কেন গুরুত্বপুর্ণ? -- এ প্রশ্নের উত্তরে অনেকে অনেক কথা বলবে, কিন্তু হ্যারি পটারের ভক্তরা বলবে অন্য কথা। সেটা আর কিছু নয়, ২০০৭ সালে হ্যারি পটার সিরিজের শেষ বইটি বের হয়েছে।
দীর্ঘদিন অপেক্ষার পর এই তো গত ২১ তারিখে প্রকাশিত হলো হ্যারি পটারের শেষ বই। তাতেই হ্যারি ভক্তদের যেন আনন্দ উৎসব শুরু হয়েছিলো বিশ্ব জুড়ে। এখনো হ্যারি জ্বরে কাপছে সবাই।
বইটি পড়ার পর অনেকেরই ইচ্ছে ছিলো লেখিকা জেকে রাউলিং এর সাথে আলাপ করবে। কারণ তাদের আশা এতে যদি জানা যায় এরপর হ্যারি পটার ও তার সঙ্গীদের কি হয়েছিলো। রাউলিং তাদের একদম হতাশ করেননি। সোমবার তিনি ওয়েবে প্রায় ৯০ মিনিটের এক আড্ডায় অংশ নিয়েছিলেন। তাতে তিনি বলেছেন, হ্যারি ও তার সঙ্গীদের ভাগ্যে আসলে কি ঘটতে পারে।
হ্যারি পটারের শেষ বই "হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস" প্রকাশের পর এটাই ছিলো তার ভক্তদের সাথে প্রথম আড্ডা। এই আড্ডায় ভক্তদের কাছ থেকে প্রায় এক লাখ ২০ হাজার প্রশ্ন জমা পড়েছিলো।
যে সব সিরিয়াস ভক্ত বইটি প্রকাশের পর ইতিমধ্যে কয়েকবার পড়ে ফেলেছে তাদের একটাই জিজ্ঞাসা, তাদের প্রিয় চরিত্রের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটছে। উত্তরে রাউলিং জানান, তার ধারনা সপ্তম বইয়ে ভল্ডেমর্টের মৃত্যুর পর পৃথিবীটা অনেক আলোকিত ও সুখের জায়গায় পরিনত হয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/ ১৮২৮ ঘ.
bdnews24