২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দটাই মাটি করে দিলেন প্রধান শিক্ষিকা

মেজাজ খারাপ করার মতো বিষয়ই বটে। ধরো তুমি খুব আগ্রহ নিয়ে একটা সিনেমা দেখতে বা বই পড়তে বসেছ। উত্তেজনাপূর্ণ কাহিনী। ঘটনা একসময় এমন দিকে মোড় নিলো যে তুমি শোয়া থেকে উঠে বসলে উত্তেজনায়। এই বুঝি ভিলেনের পিস্তল এফাড় ওফোড় করে দেবে নায়ককে। ঠিক এমন সময় যদি তোমার ত্যাদড় ছোট ভাইটা এসে গড় গড় করে আগেই কাহিনী বলে দিতে শুরু করে তাহলে তোমার কেমন লাগবে? তাকে খুন করে ফেলতে ইচ্ছে করবে না তোমার?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জুলাই ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মেজাজ খারাপ করার মতো বিষয়ই বটে। ধরো তুমি খুব আগ্রহ নিয়ে একটা সিনেমা দেখতে বা বই পড়তে বসেছ। উত্তেজনাপূর্ণ কাহিনী। ঘটনা একসময় এমন দিকে মোড় নিলো যে তুমি শোয়া থেকে উঠে বসলে উত্তেজনায়। এই বুঝি ভিলেনের পিস্তল এফাড় ওফোড় করে দেবে নায়ককে। ঠিক এমন সময় যদি তোমার ত্যাদড় ছোট ভাইটা এসে গড় গড় করে আগেই কাহিনী বলে দিতে শুরু করে তাহলে তোমার কেমন লাগবে? তাকে খুন করে ফেলতে ইচ্ছে করবে না তোমার? ঠিক এমন এক ঘটনাই ঘটিয়েছেন সমারসেটের সেন্ট জন'স সি অফ ই স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুলের ৪০০ বাচ্চা এখন মহা খাপ্পা হয়ে আছে তার উপর। ঘটনাটা তাহলে খুলেই বলি। পরীক্ষা আর ক্লাসের চাপে এতদিন স্কুলের একটা বাচ্চাও পটার সিরিজের সর্বশেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' এর পুরোটুকু পড়ে শেষ করতে পারেনি। অনেকে আবার কিনে পাতা উল্টিয়ে রেখে দিয়েছে কিন্তু শুরু করতে পারেনি। সবাই তাকিয়ে ছিলো সামনের লম্বা গরমের ছুটির দিকে। এইতো আর দুটো দিন মাত্র তারপর ছুটিতে আয়েশ করে পড়া যাবে জাদুকর বালকের কাহিনী। জানা যাবে কি ঘটলো তার কপালে। ঘটনাটা ঘটেছে স্কুলের শেষ দিন। স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস ব্যানফিল্ড অ্যাসেম্বলিতে ৪০০ ছেলে মেয়ের সামনে গড় গড় করে বলতে শুরু করেন পটারের ভাগ্যে কি ঘটলো। পটার যে মরেনি এবং সাতাশ বছর বয়সের যুবকে পরিনত হয়েছে সেটাও বলতে তিনি ভুলেননি। পুরো কাহিনীটিই তিনি তার মতো করে বলে দেন। অ্যাসেম্বলিতে দাঁড়িয়েই সবাই চেচামেচি শুরু করে দেয়। অবশেষে তাদের ব্যাপক আপত্তির মুখে তিনি থামতে বাধ্য হন। কিন্তু ততক্ষনে সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। ওই স্কুলের নয় বছরের ছাত্র লুই সুইফট তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে, "আমি এখনো বুঝতে পারছি না কেন তিনি এই কাজটি করলেন। তিনি যখন এই কাজটি করছিলেন তখন আমি আমার দুই হাত দিয়ে কান চেপে ধরেছিলাম এবং চোখ বন্ধ করে ফেলেছিলাম। আমি চাচ্ছিলাম না তার কথার একটা বর্ণও আমার কানে ঢুকুক।" বাচ্চা কাচ্চারা এমনটি মনে করলেও স্কুল কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছে, প্রধান শিক্ষিকার এমন কর্ম মোটেই তাদের ছাত্র ছাত্রীদের হ্যারি পটার পড়তে নিরুৎসাহিত করবে না। কিন্তু ন্যাশনাল কনফেডারেশন অফ প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন এর মুখপাত্র মারগারেট মরিস বলেন, "এটা অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ। হ্যারি পটার উন্মাদনাকে সমর্থন করেন আর নাই করেন আপনি বাচ্চা কাচ্চাদের মন ভেঙ্গে দিতে পারেন না। মিসেস ব্যানফিল্ড যা করেছেন তাতে হয়তবা অনেকেই আর বইটি পড়বে না এবং যারা পড়বে তারা আর আগের মজাটা পাবে না।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ ১৭১৫ ঘ.