জুলাই ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কল্পনা করুন -- একটা দেশ, সে দেশের সব মানুষ একসঙ্গে বই পড়ছে। কী শিশু কী বৃদ্ধ সকলেরই হাতে বই। বাসে, পার্কে, বিমানে, রেস্টুরেন্টে সর্বত্রই সবাই বুঁদ হয়ে ডুবে আছে বইয়ে। আর সবাই পড়ছে একটি নির্দ্দিষ্ট বই। .......কিছুদিন আগে হলেও দৃশ্যটা একটা উপন্যাস বা চলচ্চিত্রের বলে মনে হতো। কিন্তু এখন এটাই বাস্তব। এ সপ্তাহান্তে এভাবেই হ্যারি পটারের মোহন মায়ায় ডুবেছিল আমেরিকা, বৃটেনসহ বিশ্বের বেশ কিছু দেশ। তার আগে বইয়ের জন্য কেটেছে প্রতীক্ষার দীর্ঘ প্রহর, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে বইয়ের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা। শনিবার সে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে শুধু আমেরিকাতেই হ্যারি পটার সিরিজের সর্বশেষ বই ' হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' বিক্রি হয়েছে ৮ দশমিক ৩ মিলিয়ন কপি। বইটির মার্কিন প্রকাশক স্কলাস্টিক জানিয়েছে এ তথ্য। খবর একটি মার্কিন ওয়েবসাইটের।
এর আগে কোন বই, এমনকী হ্যারি পটার সিরিজের কোন বইও, এতো দ্রুত এতো বিপুল পরিমানে বিক্রি হয়নি। এভাবে কোন দেশে একটা বই নিয়ে এতো আগ্রহও দেখা যায়নি।
স্কলাস্টিকের দেয়া তথ্য মতে, শনিবার আমেরিকায় প্রতি ঘন্টায় জে কে রাউলিংয়ের বইটি বিক্রি হয় ৩ লাখ কপি। অর্থাৎ মিনিটে ৫ হাজারেরও বেশি। ৩৪ দশমিক ৯৯ ডলারের বইটি ছাড় দিয়ে বিক্রি করার পরও সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ দি ফিনিক্স' এর তুলনায় অনেক অনেক বেশি আয় করেছে। 'ফিনিক্স' মুক্তি পায় ১০ জুলাই।
স্বাভাবিকভাবেই এর মার্কিন প্রকাশক স্কলাস্টিকা বেজায় খুশি। এর প্রেসিডেন্ট লিজা হলটন রোববার এক বিবৃতিতে যে কথা বললেন তাতেও তার আনন্দের রেশটা টের পাওয়া গেছে বেশ। লিজা বলেছেন, " এই প্রকাশকে ঘিরে যে উত্তেজনা, যে হিস্টিরিয়া ছড়িয়ে পরেছিল গোটা আমেরিকা জুড়ে বিটলসের প্রথম আমেরিকা সফরের সঙ্গে কেবল তার তুলনা চলে।"
বই বিক্রির পরিমানকে বিস্ময়কর বললেও একে 'অসম্ভব' বলে মানতে রাজী নন স্কলাস্টিকের মুখপাত্র কাইলি গুড। তিনি জানান যে রেকর্ড ভাঙার একটা পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল। সে লক্ষ নিয়েই তারা পয়লা দফায় ১২ মিলিয়ন বই ছেপেছেন। গুড জানান, এরই মধ্যে বেশ কয়েকটা বুক স্টোরে বই বিক্রি শেষ হয়ে গেছে বলে তারা খবর পেয়েছেন।
গুড বলেন, "আমাদের প্রাথমিক লক্ষ ছিল ৮ দশমিক ৩ মিলিয়ন বই বিক্রি করা। সেটা করা গেছে। এখন আমরা খুচরা বিক্রেতাদের কাছে অবশিষ্ট বইগুলি বিক্রি করছি।"
এতো গেলো শুধু আমেরিকার কথা। আর বইটির জন্মস্থান অর্থাৎ বৃটেনের কী খবর। সেখানকার প্রকাশক ব্লুমসবারি অবশ্য এখনো এ ব্যপারে মুখ খোলেনি। এই প্রকাশক বলেছেন, সোমবার তারা জানাবেন তাদের বিক্রিবাট্টা কেমন হলো।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৩৭ ঘ
bdnews24