জুলাই ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হ্যারি পটার সিরিজের সর্বশেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' এর প্রকাশনা উপলক্ষে ঢাকার ইটিসি এবং ওয়ার্ডস অ্যান্ড পেইজেস বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বইটি প্রকাশিত হবে ২১ জুলাই। একই দিনে ঢাকার ইটিসি ও ওয়ার্ডস অ্যান্ড পেইজেসে বইটি পাওয়া যাবে।
ইটিসি একটি অভিজাত বিপণীবিতান এবং ওয়ার্ডস অ্যান্ড পেইজেস অভিজাত বই বিক্রেতা প্রতিষ্ঠান।
বইটির প্রকাশনা উপলক্ষে ইটিসির কিডস ক্লাবের আয়োজনে জুলাই ২১ তারিখে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তাদের অনুষ্ঠান সূচীতে রয়েছে কাস্টমার কন্টেস্ট, মুভিশো, হ্যারি পটারের কুইজ, মিউজিক অ্যান্ড ড্যান্সিং গেম, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। এসবই সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে অনুষ্ঠিত হবে ধানমন্ডির ইটিসি ভবনে।
ওয়ার্ডস অ্যান্ড পেইজেসের নিজস্ব ভবনে জুলাই ১৯ তারিখ মিউজিক শো হওয়ার কথা। তাদের কর্মসূচীতে ২০ তারিখ 'টেল ইওর স্টোরি অন হ্যারি পটার' এবং শেষের দিন অর্থাৎ ২১ তারিখ কুইজের র্যফেল ড্র সহ অনুষ্ঠিত হবে লঞ্চিং, গেমস, ফুড এবং ফান। এ উপলক্ষে তারা হ্যারি পটারের প্রতিকৃতি সম্বলিত টি-শার্ট তৈরি করেছে। যারা বইটি কিনছেন কেবল তারাই একটি করে টি শার্ট পাবেন উপহার হিসেবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৯১০ ঘ
bdnews24