শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসার জবাব দেবে যে বই
বই: শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা-২, লেখক: লুনা পারভীন, প্রকাশক: আনন্দম, প্রচ্ছদ: এনায়েত ইসলাম, মূল্য: ৩০০ টাকা
একটা নতুন প্রাণের অস্তিত্ব যখন মায়ের শরীরে প্রতীয়মান হয় তখন থেকেই সে মায়ের সংগ্রাম শুরু। প্রতিনিয়ত তার উপর বিধিনিষেধের খড়গ ঝুলে। তখন তার পুষ্টি, বিশ্রাম, মানসিক শান্তি যে কতটা জরুরি একটা সুস্থ সবল শিশু ভূমিষ্ট হতে তা আমরা কেউ ভাবি না।
অন্যদিকে, শিশুটি জন্ম নেওয়ার পর সবাই মায়ের উপর ঝাপিয়ে পড়ি উপদেশের ঝুড়ি নিয়ে। অথচ সুস্থ বাচ্চার জন্য মাকেও যে সুস্থ থাকতে হবে, বেশি বেশি খেতে হবে, ঘুমাতে হবে তা বেমালুম ভুলে যাই।
শিশুকে এভাবে খাওয়াচ্ছো না কেন, ওভাবে পালছো না কেন, অসুস্থ বানাচ্ছো কেন, এমন হাজারও অভিযোগের তীরে বিদ্ধ করার লোকের অভাব হয় না। কিন্তু দুদন্ড শিশুটিকে কোলে নিয়ে মাকে তার কাজগুলো শান্তিমতো করতে দেওয়ার লোকের যেন আকাল পড়ে যায়।
মাকে চিকিৎসাবিষয়ক পরামর্শ দিতে গেলে সবচেয়ে বড় বাধা কিছু তথাকথিত প্রচলিত ধ্যান-ধারণা। যতই মাকে সহজ পথে সন্তান পালার উপায় বাতলে দেওয়া হোক না কেনো, মাকে শুনতে হয় ‘ডাক্তার কি জানে, আমরা অভিজ্ঞ, সব জানি!’ সঙ্গে নতুন আপদ ইউটিউবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিছু শিশুখাদ্যের চটকদার বিজ্ঞাপন।
‘শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা-২’ বইটি এবার তাই সব নতুন মায়েদের জন্য, পাশাপাশি এসব পুরনো ধ্যান-ধারণা পাল্টানোর জন্য লেখা। উদ্দেশ্য যদি পরোপকারই হয় তাহলে আগে সঠিকটা জানুন, মাকে সহযোগিতা করুন, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেমনটা এ বই লেখারও উদ্দেশ্য।
ডা. লুনা পারভীন পেশায় শিশু বিশেষজ্ঞ। গত ১৬ বছর ধরে ঢাকা শিশু হাসপাতালে কাজ করছেন তিনি। ২০২০-এর বইমেলায় প্রকাশিত হয়েছিল ‘শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা’, সিরিজ হিসেবে এবার প্রকাশিত হলো ‘শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা-২’।
কী আছে নতুন বইটিতে? বইটিকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে; পর্ব ক- শিশুর যত্ন বা লালন-পালন, পর্ব খ- মায়ের জিজ্ঞাসা ও পর্ব গ- সাধারণ কিছু রোগের চিকিৎসা।
সূচিপত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো- শিশুর বেড়ে উঠায় বাবা-মায়ের ভূমিকা, শিশুর খাদ্যে তীব্র অনীহা, শিশুর ঘুমের হিসাবনিকাশ, শিশুর অকারণ জিদ, পটি ট্রেইনিং, শিশুর বয়স উপযোগী খেলনা, কন্যাশিশুর প্রথম মাসিক, বুকের দুধের বিকল্প, ভ্রমণে শিশুর যত্ন, গর্ভবতী মায়ের যত্ন ও জরুরি ওষুধ ইত্যাদি। এছাড়া থাকছে বেসরকারি টিকার চার্ট, ওজন ও উচ্চতার চার্ট, ওজন কমানো, বাড়ানো ও ডায়রিয়ায় খাবারের চার্ট।
| কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
