হৃদয়পুরের রেল
ট্রেন থামতেই হুড়মুড় করে কে আগে নামবে তার প্রতিযোগিতা শুরু। সোনা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই হৃদয়পুর থেকে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতোটা পথ এসেছে সোনা। ঢাকা স্টেশনে পা দিলো সে।
স্টেশনটা কি বড়। এই না হলে কি আর ঢাকা। এদিক ওদিক ভালো করে তাকিয়ে আপন মনে বিড়বিড় করে ও। কি সোনা মিয়া, ঢাকা শহর কেমুন দেখতাছ?
খুব খিদে পেয়েছে সোনার। পকেটের খুচরো পয়সাগুলো ঝনঝন করছে। খরচ হতে চায় আর কি! আহা, চারদিকে কতো দোকান। কতো খাবার! আর চিন্তা নেই। এতো খাবার ফেলে আর গাঁয়ে থাকা নয়। গুন গুন করে গান ধরে সোনা- ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে।
পুরো এক টাকা বিশ পয়সায় একটা রুটি কেনে সোনা। আয়েশ ভরা চোখে রুটির ওপরকার সেলুফিন পেপারে ছাপা লেখাগুলো পড়তে চেষ্টা করে সোনা… ম-ডা-র্ন বে-রে-ড!
ওপাশে জটলা পাকিয়ে ছিলো মানিক, রাজা আর চানরা। ওরা অনেকক্ষণ ধরে খেয়াল করছিলো সোনাকে। রাজা বললো, নতুন আইছে। ল খসাই। মানিক বললো, অর শরীল দেখছস। কেমুন তাগড়া আমগো থেইকা।
চান বললো, রুটিরে, রুটি। ইস, রুটি দেইখা খিদা লাইগা গেছে।
দলের মধ্যে যে সবচে ছোট্ট সে বললো, অরে দলে ভিড়াইলে কেমন অয়?
ঠিক কইছস পিচ্চি। সব্বাই সায় দেয়।
সোনা তখনো রুটি খাওয়া শুরু করেনি। অতো তাড়া কিসের? একটু পরেই খাওয়া যাবে।
রাজারা ওর কাছে এলো। ওকে ঘিরে দাঁড়ালো। এর মধ্যে হঠাৎ বলা নেই কওয়া নেই চান ছোঁ মেরে সোনার হাতের রুটি নিয়ে দৌড়। সোনাও হতভম্ব হয়ে দাঁড়ালো খানিকক্ষণ। ব্যাপার বুঝেই ছুট লাগালো পেছন পেছন। সোনার পেছনে দৌড় লাগালো রাজা মানিক আর পিচ্চি।
লোকে গমগম স্টেশন আচমকা সচকিত হলো, কি ব্যাপার। পালাস ক্যান?
আর বলবেন না, এক ভদ্রলোক মুখ বাঁকা করে বললেন, নির্ঘাত পকেটমার ছোড়া। এ বয়েসেই হাত পাকিয়েছে ব্যাটা...।
চানকে ধরে ফেললো সোনা। হাঁপাচ্ছে দু-জুনই।
কিরে, অই রুটি লইয়া যাস কই?
খামু।
আহারে খামু। মুখ ভ্যাংচায় সোনা- শহরড়া কি তর বাপের?
এর মধ্যে রাজারা এসে গেছে। হাঁপাচ্ছে সবাই। মানিক বললো অই, অরে ছাইড়া দে।
রাজা বললো, হাড্ডি ভাইঙ্গা ফালামু, চিনস?
পিচ্চি বলল অন্যরকম কথা- চান তুই অর রুটি ফেরত দে। অই ছেড়া, অরে ছাড়।
কৃতজ্ঞের হাসি মাখা চোখে সোনা তাকায় পিচ্চির দিকে- তোমরাই বিচার কর। ব্যাটা আমার রুটি লইয়া পলাইছিল।
পিচ্চিই বিচার করলো। ব্যাপার অইলো কি, চানের খুব খিদা লাগছে। এর থেইকা অরে একটু ভাগ দে। রুটি খাওনের পর চান তিনবার কান ধইয়া বটনি লবি। আমরা ফকির হইতে পারি। কিন্তু চোর না।
খুশি হয় সোনা। খুব ভালো তো এরা।
না থাক। বটনি লওন লাগবো না। এমুন সোন্দর কইরা কইলেতো আমরা সবাই মিল্যা খাইতে পারি। লও, তোমরাও খাও।
সোনা সবাইকে ভাগ করে দেয় রুটি। স্টেশনের পিলার ঘেঁষে বসে ওরা। তারপর খেতে থাকে আয়েশ করে।
নতুন আইছ না?
পিচ্চি বলে- নাম কি তোমার?
দু-জনের প্রশ্নের জবাব একসঙ্গেই দেয় সোনা-
হ, নতুন। সোনা মিয়া।
শহরে আইছ ক্যা? জিজ্ঞেস করে রাজা।
আমার মায়েরে খোঁজতে আইছি। তালুকদার চাচায় কইছে মায় এই শহরে থাকে। জানো, বাবা মইরা যাওনের পর তালুকদার চাচা আমাগো জমিজিরাত সব দখল করছে!
পিচ্চি জিগেশ করে, তালুকদার চাচা কেডা?
জমিদার। মস্ত জমিদার। হৃদয়পুরের নোয়াব আর কি? কি দাপট! মায়েরে শহরে পাঠাইয়া দিলো। মজলিস ডাইক্যা সালিস বহাইছিলো। মায় বলে চুরি করছে অভাবে পইড়া। মিছা কতা। আমার মা চোর না, ক্ষেপে ওঠে সোনা।
তরে ফালাইয়া আইলো ক্যা তর মায়? মানিকের কথায় চোখ বেয়ে পানি গড়ায় সোনার।
গরিব মানুষ। খাওয়াই কি? ছোড বইনডারে কোলে লইয়া আইসা পড়লো। আমি অহন এট্টু বড় হইছি না? আমি মায়েরে লইয়া যামু। তোমরা আমার মায়েরে খুঁইজ্যা দিবা, কও খুঁইজ্যা দিবা?
আবেগে ফোঁপাতে থাকে দশ বছরের সোনা মিয়া। পিচ্চির মুখটা হঠাৎ দুঃখে ভরে ওঠে-
আরে বেক্কল, এইডা হারানের শহর। পাওনের না। আমিও আমার মায়েরে হারাইয়া ফালাইছি। কত খোঁজলাম। পাইলাম না। মইরা গেছে মনে হয়।
মুহূর্তে শাদা কাফনে ঢাকা মায়ের মুখটা ভেসে ওঠে সোনার ঝাপসা চোখে। দু’হাতে চোখ ঢাকে সোনা- মা, মাগো! তুমিও কি মইরা গেছো?
সরিষা রং বিকেলটা সেই কখন থেকে যাই যাই করছে। এই ফাঁকে সূয্যিটা হঠাৎ হলদে তিনতলা বাড়ির ওপাশে টুপ করে ডুব মারলো।
সন্ধের পর এলো চাঁটগার ট্রেন। অমনি হুলস্থুল কাণ্ড বেধে গেল স্টেশনে।
আরেব্বারা শহরে এতো মানুষ থাহে কই? এতো বালিশ পায় কই?
সোনার প্রশ্নে হেসে ওঠে সবাই। রাজা বলে আরে হাবু মিয়া, বালিশে ঘুমায় কয়জনে? এইহানে বালিশ লাগে না। ডাইন হাত বাম হাতই সিথানের কাম দেয়।
স্টেশনের লাল জামাওয়ালা কুলিদের জ্বালায় কারো কোন বাকশো পেটরাই আর নেয়া যায় না। ধরতে পারলে হাড্ডি-মাংস আলাদা করে দেয় মেরে। সোনা প্রতিবাদ করে, ক্যান, খালি অরা কাম করবো ক্যান? মোট বইবো ক্যান? শহরটা কি অগো বাপের?
আরে না, না, অগো লাইসেন আছে, লাইসেন। সর্দারও আছে। সর্দারের আবার দেওন লাগে কমিশন। আমরা তো আর সর্দাররে কমিশন দেই না, তাই আমাগো পিটায়।
পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে মানিক।
মনটাই খারাপ হয়ে যায় সোনার। কয় কি। শহরেও তালুকদার সাবের অভাব নাই।
চল যাই সোনা মিয়ারে ঢাকা শহরড়া ইট্টু ঘুরাইয়া আনি। পিচ্চির প্রস্তাবে সবাই রাজি হয়।
স্টেশন থেকে বের হয়েই সোনাতো অবাক! খাইছে দেহনি কি সোন্দর! গান ধরে সোনা- আরে লাল লাল নীল নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইছে...।
অরেব্বাপরে, অতো বড় চোখ দুইডা কিয়ের? ভয়ে জড়োসড়ো হয়ে সোনা জড়িয়ে ধরে মানিককে।
অইডা টেরাক রে, টেরাক।
আর এইগুলি রিশকা?
হ, বুঝলি ক্যামনে?
রিশকা দেখতে নতুন বউয়ের ঘোমটার মতোন। ছলিম চাচায় কইছিলো।
বড় রাস্তাটা পার হতে গিয়ে বেশ ঘাবড়ে যায় সোনা। রাজা-মানিকরা ওকে ধরে তবে পার করে। রাজা বলে, রাইতের বেলা তরে কি আর দেহাম। ইস্টিডিয়াম যাবি? ইস্টিডিয়াম?
হ, যামু। রাজি হয় সোনা।
তয় বামদিকে চল বে বলে হাঁটার স্পিড আরো একটু বাড়িয়ে দেয় ওরা। বেশ অনেকক্ষণ হেঁটে তেষ্টা পেলো সোনার। তেষ্টা পেয়েছিলো চানেরও। পথের পাশের হোটেলে পানি খেতে ঢোকে ওরা। কিন্তু বেয়ারা দেয় তাড়িয়ে। ম্যানেজার চেঁচিয়ে ওঠে-
ভাগ, ভাগ কি চাই?
পানি খামু।
পানি? পানি কি গাছে ধরে? ওয়াসার পয়সা দেওয়া লাগে না? যা, ভাগ!
তাড়া খেয়ে বেরিয়ে আসে ওরা। সোনা মুখ বাঁকিয়ে গাল দেয় ম্যানেজারকে- ব্যাটা এজিদের গুষ্টি।
আরে, আরে, দেখছনি, আসমান কিরুম শাদা। ফকফইক্যা! সোনার কথায় হাসে ওরা।
হ, ওডাই ইস্টিডিয়াম। ফেলাডবাতি জ্বালাইছে ত, হের লাইগা আসমান বি ডিসকালার হইয়া গেছে। পিচ্চির রসিকতার সবাই একচোট হাসে।
এর ভিতরে খেলা চলতাছে। ফুটবল খেলা। অ-মিয়া ভাই, আইজ কার খেলা? প্রশ্ন করে চান এক দোকানিকে।
আবাহনী-মোহামেডান।
জিততাছে ক্যাডা?
কেডা আবার? আবাহনী।
কি সব আবাহনী, মোহামেডান, কইতাছস? কিচ্ছু বুঝলাম না। আক্ষেপ করে সোনা।
বুঝাবিরে বুঝবি। সব বুঝবি। ছালাউদ্দিনের খেলা একবার দেখলেই বুঝবি আবাহনী কি চিজ। মাথা ঝাঁকিয়ে বেশ গম্ভীরভাবে বলে রাজা।
স্টেডিয়ামের ভেতর একটু পর পরই তুমুল হাততালি আর চিৎকার শোনা যায়। এরই মধ্যে ভেতরে মারামারি শুরু হয়ে গেছে। সে কী সাংঘাতিক মারামারি! গ্যালারি উপচে পড়া দর্শক পুলিশের এলোপাতাড়ি লাঠিচার্জ আর কাঁদানে গ্যাসে দিশেহারা। দর্শকদের ইটপাটকেলে কয়েকজন পুলিশের চেহারার মানচিত্রও গেছে পাল্টে। মুহূর্তে স্টেডিয়ামের গেটগুলো দিয়ে ওয়াসার কলের পানির মতো মানুষ বেরিয়ে ছুটতে থাকে। পটাপট দোকানপাট বন্ধ হয়ে যায়। সোনারা কেমন ভয়ে থতমত।
মানিক বললো, পলা, জলদি, পলা, দৌড় দে।
সচকিত সবাই দৌড়াতে থাকে। সোনা এরকম পরিস্থিতিতে পড়েছে এই প্রথম। তাই ওদের সঙ্গে কুলিয়ে উঠতে পারে না। পুলিশের এলোপাতাড়ি লাঠিচার্জে পথচারীরা ছুটে পালাচ্ছে। সবাইকে যেন ঠিক জেল পালানো আসামির মতো মনে হয় সোনার। বাব্বা। পুলিশের লগে মাইনসে মাইরপিট করে। ভাবতেও সোনা শিউরে ওঠে ভয়ে।
সোনা ছুটছে। ওর ডানে মানুষ, বাঁয়ে মানুষ। সামনে পুলিশ পেছনে পুলিশ। কোন দিকে যাবে সোনা?
হঠাৎ দু’চোখ কেমন ঝাপসা হয়ে আসে সোনার। চোখের সামনে লাল নীল সবুজ হলুদ আর কালো রঙের ঝিলিক। মুখ থুবড়ে পড়ে ও ফুটপাতে। মাথার ডানদিকে প্রচণ্ড ব্যথা।
লাল নীল সবুজ হলুদ আর কালো রং চাপিয়ে সোনার চোখের কাছে এবার সাদা রং খেলা করতে থাকে। মায়ের শাদা শাড়ি। শাদা কাফন। কাফনের ভেতর শুয়ে আছে মা। না। ওটা মা নয়। ওটা সোনাইতো! চিৎকার করে ওঠে সোনা- আল্লা রে...।
সোনার বুকে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। না। ওটা যুদ্ধের দামামা। না। ওটা ট্রেন। রেলগাড়ি। স্বপ্নের রেলগাড়ি। স্বপ্নের রেলগাড়ির হুইসেল এতো করুণ কেনো? রেল চলছে ঝক ঝক ঝক। ঝক ঝক ঝক। ঝকর ঝকর ঝকঝকা ঝক।
সোনার মনে হলো, ওটা হৃদয়পুরের রেল। রেল চলছে ঝক ঝকা ঝক। ঝক ঝক ঝক। সোনা মিয়া কই? সোনা মিয়া কই? ঝকর ঝকর ঝক ঝক ঝক। হৃদয়পুরের সোনা মিয়া কই? সোনা মিয়া কই? সোনা মিয়া কই? হৃয়দপুরের সোনা মিয়া কই?
| কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
