শরতের ছড়া
তৌহিদ আহাম্মেদ লিখন
শরৎ এলেই
শরৎ এলেই নীল আকাশে
সাদা মেঘ যে ভাসে
প্রকৃতির এই অপরূপে
চারদিকে সব হাসে।
শরৎ এলেই বিলের ধারে
সাদা কাশফুল ফোটে,
শিউলি ফোটা ফুল বনেতে
মন চলে যায় ছুটে।
শরৎ এলেই পদ্ম ফোটে
সারাটা বিল জুড়ে,
শাপলা ফুলের পরাগ মেখে
শূন্যে ভ্রমর উড়ে।
এম এ রহমান
সোনালি শরৎ
তুমি কি দেখনি
শরৎ ভোরে নির্মল বাতাসে
পরিতৃপ্ত প্রেয়সী!
পান্থপাদপ, মিনজিরি, শেফালি
শিউলি মালায় বাঙালি রমণী।
পত্রঝরার ঝরে পড়া পাতা
আমন ধানের বেড়ে ওঠা চারা
নীল গগনে স্বচ্ছ মেঘের
লুকোচুরি খেলা
এলোমেলো চলা
নদীর তীরে কাশফুলে আঁকা
মায়াময় ছবি।
বিলের জলে শাপলা, শতদল
গাছে পাকা তাল
শোননি তুমি!
গাছের ডালে ঝাঁকে ঝাঁকে বসা
কাক, টিয়া আর শালিকের ডাক
নিয়েছে কি বাতাসে
হাসনাহেনার ভেসে
আসা সুবাস।
দেখেছ কখনও!
বটের ছায়ায় ক্লান্ত চাষার
শ্রান্তির নিঃশ্বাস
শারদোৎসবের আনন্দ উচ্ছ্বাস
এ যেন আজ হারানো ইতিহাস
তবু কবি খুঁজে পায়
সোনালি শরতের
মধুময় নির্যাস।
কাব্য কবির
দেশের ছবি
সবুজের বুকে রূপালি হাসি
আছে আমাদের দেশে,
চিরদিনই যাবো আমরা
দেশকে ভালোবেসে।
মাঠে ফলে সোনার ফসল
সোনার কমল ফোটে,
প্রজাপতি মুগ্ধ হয়ে
এদিক ওদিক ছোটে।
মিষ্টি সুরে ডাকে দোয়েল
ফিঙ্গে নাচে গাছে
এসব দেখে চড়ুই পাখি
ছোটে ওদের পাছে।
বাবুই পাখি বাসা বাঁধে।
তালগাছেরই পাতায়
দেশের ছবি ফুটিয়ে তুলবো
আমার কাব্য গাঁথায়।
সবুজ পাতার দেশ
খাগড়াছড়ি, রাঙামাটি
সবুজ পাতার দেশ
খাগড়াছড়ি, রাঙামাটির
রূপের নেই তো শেষ।
সবুজ পাতার ফাঁকে বসে
দোয়েল, শ্যামা ডাকে
পাখির ডাকে মুগ্ধ হয়ে
প্রজাপতি থাকে।
পাহাড়ের ওই ঝর্নাগুলো
দেখতে লাগে বেশ,
পাহাড়ের ওই রমণীদের
দীঘল কালো কেশ।
পাহাড়ের ওই রাস্তাগুলো
একেঁ বেঁকে চলে,
এসব দেখে উদাস মনে
মিষ্টি কথা বলে।
সবুজ পাতা মন মাতায়
দেয় অপরূপ হাসি
সবুজ পাতার দেশটাকেই
আমি ভালোবাসি।
প্রজাপতি
প্রজাপতি, প্রজাপতি
কোথায় যাচ্ছ ভাই?
সকালবেলা ফুলের ডালে
তোমায় যেন পাই।
তোমায় নিয়ে ঘুরবো
নীল আকাশে উড়বো,
অচিনপুরে যাবো
খুবই মজা পাবো।
প্রজাপতি, প্রজাপতি
তোমার সাথে নেবে
পরীর দেশে নিয়ে আমায়
একটু মজা দেবে।
| কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
