পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীর বৃত্তান্ত
পৃথিবীর দীর্ঘতম এই নদীটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, নাম আমাজন নদী।
বাংলাদেশ কে বলা হয় নদীমাতৃক দেশ। আমাদের দেশ জুড়ে কতই না ছোটবড় নদী আছে। কিন্তু বাংলাদেশের বড় নদীগুলোর কোনটাই কিন্তু খুব দীর্ঘ নদী নয়। এমনিতেই বাংলাদেশের সীমানায় আসার পরে নদীগুলো একদম মোহনার মুখেই চলে আসে। তাছাড়া আমাদের বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল হিমালয় থেকে পতিতের স্থান বঙ্গোপসাগরের দূরত্বও খুব বেশি না। তাই আমাদের নদীগুলো তেমন দীর্ঘও হয় না। আজকে আমরা একটা দীর্ঘ নদীর কথা জানব। নদীটা এতই বিশাল যে এটিকে পৃথিবীর দীর্ঘতম নদী নামেই সবাই চেনে। পৃথিবীর দীর্ঘতম এই নদীটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, নাম আমাজন নদী।
একটা নদীর দৈর্ঘ্য কতই বা হতে পারে, ১০০০ বা ২০০০ কিলোমিটার? কিন্তু পৃথিবীর দীর্ঘতম নদীটার দৈর্ঘ্য তার চেয়েও অনেক বেশি। এর দৈর্ঘ্য প্রায় ৬৪০০ কিলোমিটার।
অনেক নদীর উপর দিয়েই চলাচলের জন্য ব্রিজ থাকে। আচ্ছা, আমাজন নদীর উপর দিয়ে কি কোনো ব্রিজ আছে? অত লম্বা ব্রিজ কি বানানো সম্ভব? তোমার কৌতূহল মেটানোর জন্য জানাচ্ছি, আমাজন নদীর উপর দিয়ে কোনো ব্রিজ নেই। কেননা, আমাজন নদীর বেশিরভাগ অংশই পৃথিবীর বিখ্যাত আমাজন জঙ্গলের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তাই ব্রিজের প্রয়োজনও এখন পর্যন্ত হয়নি।
অনেকগুলো শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আমাজন নদী সংলগ্ন সবচেয়ে বড় শহরটির নাম ‘ম্যানোস’। ব্রাজিলের এই শহরটিতে প্রায় ১.৭ মিলিয়ন মানুষ বসবাস করে।
আমাজনের অগভীর জলের মাঝে ঘাপটি মেরে লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা। নদীর আশেপাশে কোন বড় প্রাণী (যেমন: ছাগল) এলেই অ্যানাকোন্ডা তাকে আক্রমণ করে এবং শিকার হিসেবে খেয়ে ফেলে।
শুধু অ্যানাকোন্ডাই নয়, আমাজনে লুকিয়ে থাকা আরেকটি মাংসাশী মাছের নাম পিরানহা। পিরানহা বেশ ভয়ঙ্কর। নদীতে নামা শিকারকে এরা একইসাথে দলবেঁধে আক্রমণ করে। বলা হয় কোনো জীবিত প্রাণী পিরানহার ঝাঁকের আক্রমণের শিকার হলে কিছুক্ষণ পরে সেখানে শুধু ঝকঝকে নতুন কংকাল পাওয়া যায়।
তাই পৃথিবীর দীর্ঘতম নদী যতটা দীর্ঘ, ততটাই বিপজ্জনক।
