২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিকের মন্ত্র: ম্যাচের কাঠি কই?

ম্যাজিশিয়ানরা যখন ম্যাজিক দেখান তখন চোখ বড় বড় করে তুমি কী ভাবো? নিশ্চয়ই ভাবো, এইবার ঠিকই বুঝে ফেলবো কীভাবে করলো এই ম্যাজিক। কিন্তু ম্যাজিশিয়ানরা কি আর এতো বোকা যে দেখলেই আমরা ম্যাজিক শিখে ফেলবো? তবে জানো কি, ম্যাজিক কিন্তু সব চোখের ধাঁধাঁ এখানে মন্ত্রটা পুরাই ফাঁকি। একটা দুইটা ছোট্ট কৌশল জানলে আমরাও এসব ম্যাজিক দেখিয়ে দিতে পারবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাসয়াত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2015, 02:29 PM

Updated : 22 Aug 2022, 12:55 PM

আজকে আমরা এরকম একটি সহজ ম্যাজিকের কৌশল জানবো। কতো সহজ জানো? এই ধরে এটি শিখতে আমাদের মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে। এই সহজ ম্যাজিকটির নাম হচ্ছে, ম্যাচের কাঠি অদৃশ্য করার ম্যাজিক। সব কিছুর আগে চলো জেনে নেই ম্যাজিশিয়ানরা যখন আমাদের এই ম্যাজিক দেখান আমরা কী দেখতে পাই।

আমরা যা দেখি—

একজন ম্যাজিশিয়ান বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মধ্যে একটি ম্যাচের কাঠি ধরে আছেন। চলো আগে হাতের আঙ্গুলগুলোর নাম জেনে নেই। থলে আমাদের ম্যাজিকটি বুঝতে আরও সুবিধা হবে। আমাদের হাতের পাঁচটি আঙ্গুলের পাঁচটি আলাদা নাম আছে। একদম আলাদা ছোট আঙ্গুলটি যেটি উঁচু করে আমরা ‘লাইক’ সাইন দেখাই তার নাম বৃদ্ধাঙ্গুলি। এর পাশের আঙ্গুল যেটা উঁচু করে আমরা কোনো জিনিসকে নির্দেশ করি সেটার নাম তর্জনী। তর্জনীর পাশের সবচেয়ে বড় আঙ্গুলটির নাম মধ্যমা। এর পরে যে আঙ্গুলটায় সাধারণত সবাই আংটি পরে তার নাম অনামিকা। একদম শেষের ছোট আঙ্গুলটির নাম কণিকা।

এবার আমরা আমাদের আগের শিক্ষায় ফিরে আসি। সবাই দেখতে পাচ্ছে, ম্যাজিশিয়ান তার বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে একটি ম্যাচের কাঠি ধরে রেখেছেন। কী সব আগডুম বাগডুম মন্ত্র পড়ে চট করে সেটা উড়িয়ে দিলেন। এতো দ্রুত কাঠিটি উড়ে গেলো যে তুমি চোখের পলক না ফেলেও কিছুই দেখতে পারলে না। এখন চালাক ম্যাজিশিয়ান আবার কী সব মন্ত্র তন্ত্র পড়ে বাতাস থেকে কাঠিটিকে ধরে আনলেন। আবার উড়িয়ে দিলেন। এবার বের করে আনলেন তোমার কানের পিছন থেকে। কেমন লাগে বলো তো? এত্ত বড় বড় চোখ করে তাকিয়েও বোঝা গেলো না কাঠিটি নিজের কানের পিছনে গিয়েই পরেছে!

ব্যাস অনেক হয়েছে ম্যাজিশিয়ানের মুনশিয়ানা দেখানো। এবার চলো আমরাও সেই মুনশিয়ানাটি শিখে নেই।

যা যা লাগবে—

১। ম্যাচের একটা মাত্র কাঠি।

২। অল্প একটু স্কচ-টেপ।

যেভাবে করব—

উপকরণের বিবরণ শুনেই তুমি বেশ আন্দাজ করতে পারছো এটাকে কোথাও আটকাতে হবে। একদম ঠিক ধরেছো, এই একটা মাত্র কাঠিকে আমাদের এক জায়গায় আটকাতে হবে আর সেই জায়গাটিকে আড়াল করার দক্ষতার উপরই নির্ভর করবে আমাদের ম্যাজিকের সাফল্য। আমদের বৃদ্ধাঙ্গুলিকে যদি ভাঁজ করি তাহলে দেখবো সেটি সোজা দুইটি ভাগে বিভক্ত। সে দুই ভাগের উপরের ভাগটির পিছন দিকে এই কাঠিটিকে আমাদের উল্টো করে আটকাতে হবে। এখন যদি আমরা আমাদের হাত সামনের দিকে মেলে ধরি তাহলে দর্শক দেখবে আমাদের হাত খালি। কিন্তু আমাদের হাত কিন্তু খালি না। আমাদের বৃদ্ধাঙ্গুলির পিছনে একটা ম্যাচের কাঠি উল্টো করে লাগানো আছে। এইবার আমরা ঝট করে আঙ্গুলটাকে ভাঁজ করবো। ভাঁজ করার আগে এমন ভাব করব যেন বাতাস থেকে কিছু ধরছি। এই ঝট করে ধরে ফেলার ফাঁকে আমরা বৃদ্ধাঙ্গুলিকে তর্জনী দিয়ে এমন করে চেপে ধরব যেন আমাদের স্কচ-টেপটি ঢেকে যায়।

এবার যত খুশি ততবার ম্যাচের কাঠিকে বাতাসে উড়াও আবার বাতাস থেকে ধরো। বার বার করে যখন আয়ত্তে এসে যাবে তখন এর ওর কানের পিছন থেকেও বের করে দেখাও। এখন তুমিও কম বড় ম্যাজিশিয়ান নও কিন্তু।