প্রবাদের গল্প: মাছি মারা কেরানি
প্রবাদ প্রবচন খুব মজার একটি ব্যাপার। এখানে ছন্দে মিলানো বুদ্ধিদীপ্ত কিছু লাইন থাকে যেগুলোর অর্থ অনেক বিশদ। এই বিস্তারিত ব্যাখ্যাগুলোর পিছনে আবার মজার গল্পও থাকে। সেরকম একটি প্রবাদ হলো ‘মাছি মারা কেরানি’।
এমনিতে মাছি মারা কেরানি বলতে বুঝায়, এমন এক লোক যার কাজ হল অন্ধ অনুকরণ করা। জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে মানুষের নিজের বিচার বুদ্ধি বিবেচনা করার একটা সুযোগ থাকে। কিন্তু ‘কেরানি’ বা ইংরেজিতে যাদের ক্লার্ক বলে তাদের পেশাটাই এমন যেখানে নিজের বুদ্ধি বিবেচনার সুযোগ হয়তো কমই থাকে। এ পেশার লোকদের কাজই হলো অন্যের নির্দেশ হুবহু মেনে চলে কোনো কাজ করা।
কোম্পানি আমলেও ব্যাপারটা তাই ছিল। তার আগে জেনে নেয়া যাক কোম্পানি আমলটা কী। ব্রিটিশ শাসকরা ভারতীয় উপমহাদেশকে প্রায় দুইশ বছর শাসন করে। এই দুইশ বছরের মধ্যে একশ বছর ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ শাসকদের পক্ষ থেকে এ উপমহাদেশকে শাসন করেন। এই সময়কে কোম্পানি শাসনামল বলা হয়। বাকি একশ বছর ১৮৫৮ সাল থেকে ১৯৪৭ পর্যন্ত সরাসরি ব্রিটিশ রাজবংশ ভারত শাসন করে। এ সময়কে ব্রিটিশ রাজ বা রাণীর শাসনামল বলা হয়।
আমরা সেই কোম্পানির শাসন আমল মানে ১৭৫৭ থেকে ১৮৫৭ সালের মধ্যে কোনো একটি সময়ের কথা বলছি। সেসময় মাত্র অফিস-আদালতের ধারণাটা গড়ে উঠছিল। প্রযুক্তিও এখনকার মতো এত সমৃদ্ধশালী ছিলো না। তাই এখনকার মতো স্ক্যানার বা ফটোকপি মেশিনও ছিলো না, তাই কিছু লোকের কাজ ছিল কপি করা। মানে হয়তো একটা ছাপানো বই আছে সেটি দেখে দেখে হুবহু বইটি বা এর কিছু অংশ লিখতে হতো।
এভাবে একবার একজন বই লেখা শুরু করলেন। নিজে তো আর বুদ্ধি করে লেখেননি, আরেকজনের লেখাটা হুবহু তুলছিলেন। প্রথম পাতার পর দ্বিতীয় পাতা, দ্বিতীয় পাতার পর তৃতীয় পাতা, এভাবে লিখেই যাচ্ছেন। শব্দের জায়গায় শব্দ, অক্ষরের জায়গায় অক্ষর, দাড়ি কমা সেমিকোলন থাকলে তাই, একটার পর একটা কপি করেই যাচ্ছিলেন।
ঝামেলা লাগল একটু পরেই, কিছুদূর এভাবে কপি করার পর একটা লাইনে এসে দেখেন একটা মাছি মরে পরে আছে। এখন এটা কি আসলেই কোন সমস্যা হওয়ার কথা? ওই কেরানি লোকটা কিন্তু এটাকে বিরাট সমস্যা বানিয়ে দিলেন। তিনি মনে করলেন মূল বইয়ে যেহেতু একটা মাছি পরে আছে তার কপিতেও থাকতে হবে নাহলে কপি কীভাবে হবে! একবারও তার মাথায় আসলো না, আরে মাছিটা কি আর বইয়ের অংশ! সেটা তো পরে এসেছে।
সেই কেরানি ব্যক্তি যা করলেন, তিনি তারপর মাছি সন্ধানে বের হলেন, কোথায় তিনি একটি মাছি পান? কোথায় পাওয়া যাবে! অবশেষে তিনি একটি মাছির সন্ধান পেলেন, তাকে মারলেন। কিন্তু এই মাছিটা দেখা যাচ্ছে সাইজে অনেক বড়। তারপর তিনি অনেকগুলো মাছি মারলেন। পছন্দ মতো একটা সাইজ নিলেন, সেটা তিনি তার কপি করার বইয়ের ঐ অংশে জুড়ে দিলেন। এভাবেই নাকি একটা বই হুবহু কপি হয়ে গেল।
মাছি মারা কেরানি বলতে তাই বুঝানো হয় কেউ যদি না বুঝে শুধুমাত্র আরেকটা লেখা কপি করার জন্যই করতে থাকে। লোকমুখে এই প্রবাদটি চলতে চলতে এতই জনপ্রিয়টা পেয়ে গেছে যে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হলেই এটা বলা হয়।
মূল বিষয়টা হলো, ভাল মন্দ বিচার না করে অন্যের নির্দেশ মানাটা আসলে ঠিক না। অবস্থা বুঝে তোমার নিজেরও সিদ্ধান্ত নিতে হবে কোনটা করবে আর কোনটা বাদ দিবে। কাছাকাছি অর্থের এরকম আরেকটি প্রবাদ আছে। প্রবাদটি হল, ‘গড্ডালিকা প্রবাহ’। গড্ডালিকা মানে ভেড়া। এখানেও একটা মজার ব্যাখ্যা আছে। ভেড়ারা নাকি সামনের জনকে দেখে এগিয়ে যায়। একজন যেদিকে যায় বাকিরাও কোনোকিছু না ভেবে পুরো পাল ধরে আগে পিছে না দেখে সামনে এগিয়ে যায়।
