রংধনুর ফ্যান
নিজে করি বিভাগে আমরা কত কিছুই না শিখি। কখনও আমরা অরিগ্যামি করেছি, কখনও ছবি আঁকা শিখেছি, কখনও বা মজার মজার উপায়ে বাগান করেছি। আজ একটা অন্যরকম মজার জিনিস করা যাক। চলো একটা রংধনুর ফ্যান বানাই।
রংধনুর ফ্যান শুনে মোটেই অবাক হয়ে যেও না। বিষয়টা খুবই সোজা, আবার মজারও। সহজভাবে যদি বলি রংধনুতে কী আছে? সহজ উত্তর হচ্ছে রংধনুতে ৭টি রং আছে। এখন আমরা যদি কোনো ফ্যানকে এরকম করে রং করে দেই যে, পাখাগুলি যখন ঘুরবে তখন রংধনুর মতো একটা ব্যাপার তৈরি হবে?
চলো তাহলে আমরা দেখে নেই এটি তৈরি করতে আমাদের কী কী লাগবে—
১। ৫ পাখার টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান
২। সবুজ, নীল, লাল, হলুদ ও কমলা এই ৫ রঙ।
যেভাবে করবে—
১। বড়দের কারও সাহায্য নিয়ে ফ্যানের সামনের কভারটা খুলে ফেলো।
২। এরপর ছবির ক্রম অনুযায়ী পাখাগুলোকে ক্রেয়ন দিয়ে রং করে দাও।
৩। এবার সামনের কাভার আবার লাগিয়ে ফ্যানটির চালিয়ে দাও।
কী দেখছো? মনে হচ্ছে না, রংধনুর মতো একটা বিশাল বৃত্ত তৈরি হয়েছে? এখন তো মনে প্রশ্ন জাগছে দূরের দূরের পাখাগুলো মিলে এমন একটা বৃত্তের রঙ কীভাবে মিলিয়ে দিলো?
এটা খুব সোজা বিজ্ঞান। আমাদের দর্শনানুভূতির স্থায়িত্ব ০.১ সেকেন্ড অর্থাৎ জিনিসটি চোখের সামনে থেকে সরে গেলেও আমাদের মস্তিষ্কে তার অনুভূতি আরও ০.১ সেকেন্ড থেকে যায়। এই সময়ের মধ্যে আবার পরবর্তী পাখাটি ঐ জায়গায় চলে আসে। এভাবে একের পর এক পাখা এসে একটি পূর্ণ বৃত্ত তৈরি করে। কিন্তু যেহেতু একেকটি পাখা একেক রঙ করা তাই তারা পর পর মিলে একটি রংধনুর মতো ছবি আমাদের মস্তিষ্কে রেখে দেয়।
সহজ না? তাহলে বানিয়ে ফেলো তোমার রংধনু ফ্যান, তবে অবশ্যই বড় কারও সাহায্য নিবে যেন অসাবধনতার কারণে কোনো দুর্ঘটনা না ঘটে।
