নতুন চীনের অচিন পথে, দ্বিতীয় পর্ব
চীনের পশ্চিমপ্রান্তে, এক অচেনা শহরে শুরু হলো আমার রোমাঞ্চের দিনরাত্রি।
প্রতিটা শহরের একটা গল্প থাকে, একটা ইতিহাস থাকে। নিশ্চয় উরুমচিরও আছে। বিকেলের ম্লান আলোয় হোটেলের ১১ তলায় নিজ রুমের জানালা দিয়ে উরুমচির উপর দৃষ্টি ফেলে ভাবছিলাম। যুক্তরাষ্ট্রের ইতিহাসবিদ লুইস মামফোর্ড তার ‘দ্য সিটি ইন হিস্টরি’ বইয়ে নগরের উদ্ভব সম্পর্কে লিখেছেন, “শহর সময়ের ধারায় গঠিত একটি জীবন্ত সাংস্কৃতিক প্রক্রিয়া”।
যদি তাই হয় তাহলে এই শহরটাকে চিনতে হলে এর সময় পরিক্রমা জানতে হবে। বুঝতে হবে সাংস্কৃতিক বিকাশ। কিন্তু উপায়? উপায় একটাই; যে ক’দিন আছি, একেবারে চষে ফেলতে হবে শহরটাকে। মিশে যেতে হবে এর বাসিন্দাদের সঙ্গে। ওলটপালট করে দেখতে হবে সবকিছু।
হঠাৎ দরজায় টোকা পড়ে। ভাবনার সুতো কেটে গেল। কে? প্রশ্ন তুলে দরজা খুলতে এগিয়ে গেলাম। বাহার ভাই! আগন্তুকের উত্তরের মুখে দরজা খুলে দেখি সহকর্মী সজল কুমার দাস। সজল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা। সুন্দর করে হাসেন। চীন পৌঁছার পর বাংলাদেশে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কারণ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কাজ করছিল না। কিন্তু সজলেরটা করছিল। তিনি যেচে আমাকে ফোন বাড়িয়ে দিতেন, যাতে আমার কোনো সমস্যা না হয়। সেই দায়িত্বশীল মানুষটা এখন পাশের রুমে উঠেছেন, আমাকে ছাড়া খেতে চাচ্ছেন না। তাড়া দিচ্ছেন, কি, ডিনার করবেন না? উত্তর দিলাম, এখনই? ৭টা থেকে ডিনার শুরু হয়ে যাবে?
দুপুরে বিমানবন্দর থেকে বের হওয়ার পর এমি আমাদেরকে একটা শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তুলেছিল। সুবিশাল বিমানবন্দর। কোথাও কোনো জটলা নেই। ভিড়ভাট্টা নেই। বাস আমাদের নিয়ে শহরের দিকে ছুটলো। বাসের স্বচ্ছ কাচ গলে সবার দৃষ্টি বাইরে। বিমানবন্দর ঘিরে ছিল অসংখ্য সড়ক। দ্বিতল, ত্রিতল, পাতাল পথ। কিছুক্ষণ সমতলে চলার পর আমরা একটা টানেলে ঢুকে পড়ি। বাংলাদেশে কর্ণফুলি টানেলের খুব কাছে গিয়েও একবার ফিরে আসতে হয়েছিল। বিশেষ কারণে সেদিন টানেল বন্ধ ছিল।
আজ চীনে এসে প্রথম মাটির তলদেশে টানেল ভ্রমণ হলো। টানেল থেকে বের হয়ে বাসটি উঠলো একটি উড়াল সড়কে। আর তখনই উরুমচি শহর দূর থেকে হেসে উঠলো, যেন শিশুদের খেলার ব্লক দিয়ে বানানো অসংখ্য সুউচ্চ ভবনের একটি সেট। পেছনে তিয়ান শান পর্বতশ্রেণি। সাদা বরফে ঢাকা, উপরে মেঘমুক্ত নীল আকাশ। রোদ ঝলমল। সুপরিসর রাস্তা। বাস ছুটে চলেছে, আর উরুমচি দু’হাত তুলে আমাদের কাছে টেনে নিচ্ছে।
হোটেলের নিচতলায় ডাইনিং। আমি আর সজল বিশেষ স্বচ্ছ প্লাস্টিকের পর্দা ঠেলে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি সহকর্মীদের অনেকেই ইতোমধ্যে টেবিলে বসে গেছে। গল্পগুজব করছে। খাচ্ছে। সজলকে আগে দিয়ে আমিও প্লেটে খাবার তুলে নিতে শুরু করলাম। দুপুরের মতো রাতেও বুফে। ৪০টির বেশি আইটেম। চিকেন, বিফ, ফিশ, ভেজিটেবল, রাইস, কয়েক রকম সালাদ, ফ্রুটস, কোফতা, সেদ্ধ ডাক মিট আর অপরিচিত কিছু আইটেম। আছে দই, স্যুপ, জুস, নাট, কর্নফ্লেক্স, ড্রাই ফ্রুটস, কোলা আরো কতো কি!
মাছে-ভাতে বাঙালি কি আর করে? আমরাও প্লেট ভরতে লাগলাম। বাঙালির চেয়ে রসনাবিলাসী এ পৃথিবীতে আর নেই, কথাটা তো আর এমনি এমনি হয়নি। খাবার নেওয়া শেষে আমরাও আহার সম্পাদনে লেগে গেলাম। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। খাবার পেটে নামছে না। কারণ ঘড়িতে তখন মাত্র ৭টা। বাংলাদেশ সময় বিকেল ৫টা। উরুমচিতে সন্ধ্যা হয় সাড়ে আটটার দিকে। তার উপর শরৎকাল। ঝলমলে দিন। পরিষ্কার আকাশ। ফুরফুরে বাতাস। মোলায়েম। রাতের দিকে কিছুটা শীত পড়ে অবশ্য। কিন্তু বিকেলটা থাকে উপভোগ্য। এমন মনকাড়া বিকেলে ক্ষুধা লাগে কার?
কিন্তু কিছু করার নেই। ওখানকার রেওয়াজই এটা। অগত্যা কী আর করা? নিরুপায়! তবে মানুষ পারে না এমন কিছু নেই। দুই-তিনদিনের মধ্যেই আমরা অভ্যস্ত হয়ে গেলাম। দিনের আলোয় ডিনার গ্রহণ। এমনকি মনে যে ভয় ছিল রাতে হয়তো ক্ষুধা লাগবে, তা-ও হলো না। বরং মানসিক শান্তিতে মন ভরে যাচ্ছিলো। ভালো একটা অভ্যাস হচ্ছে। সন্ধ্যায় ডিনার গ্রহণ।
আরেকটা বিষয়, বলতে ভুলে গিয়েছিলাম। কুয়াইজি প্রসঙ্গ। কুয়াইজি ছিল আমাদের আতঙ্কের বিষয়, যদিও আমরা ছিলাম চীন সরকারের আমন্ত্রিত অতিথি। ভ্রমণের আগেই তারা আমাদের কাছ থেকে কী কী খাবার খাবো, মতামত নিয়েছিল। কিন্তু খাদ্যগ্রহণের মাধ্যম কী হবে, সেটা তো জানতে চায়নি! তাহলে উপায়? বাঙালির তো কনুই ডুবিয়ে খাওয়ার অভ্যাস। ভদ্রভাবে বললে, হাত দিয়ে খেয়ে অভ্যস্ত। এখন যদি কাঠি দিয়ে দেয়! ছুরি-কাঁচির প্রশিক্ষণ আছে, কিন্তু কাঠির তো নেই। হ্যাঁ! চীনারা আহার গ্রহণে যে কাঠি ব্যবহার করে চীনা ভাষায় তাকেই বলে ‘কুয়াইজি’। তারা সাধারণত সকালে নাস্তা, দুপুরে আর রাতে পূর্ণ খাবার খায়।
তবে রাতের খাবারটা বিশেষ। রাতে পরিবারের সবাই একসঙ্গে বসে গল্পগুজব করে কুয়াইজি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খাদ্যদ্রব্য গলাধঃকরণ করে। এটি তাদের একটি পুরনো ঐতিহ্য। খাওয়ার পর ফলফলাদি। কুয়াইজি দিয়ে গেঁথে গেঁথে সতেজ ফলমূল জিহ্বায়। এখন যদি আমাদেরকেও ওই কাঠি ধরিয়ে দেয়! বলে, খাও এবার বুফে। দেখবো তোমাদের বুকের পাটা! তখন কী হবে? ভয়ে বুক ডিপ ডিপ করতে থাকে! সরু দুটি কাঠি! খাদ্যদ্রব্য চেপে ধরে মুখে চালান করা সোজা কথা? কী তার কৌশল? রপ্ত তো হয়নি! নাকে-মুখের বাঙালির না জানি কী দশা হবে? অতিথি হয়ে এসে শেষমেষ বেইজ্জতি! মান-সম্মানে পানি! তা-ও আবার সবাই অফিসার মানুষ। ভাত, নুডুলস কি সবজি, কুয়াইজি দিয়ে কী করে সম্ভব?
নুডলস না হয় প্যাঁচিয়ে ধরা যেতে পারে। সবজি আগায় গেঁথে। কিন্তু ভাত? একটা একটা করে ভাত ধরা, এতো যেন বাইম মাছ ধরার অবস্থা হবে। ধরতে গেলেই না আবার ফসকে যায়। তখন অবস্থাটা কী হবে? ভাবা যায়? এছাড়া চীনারা শুনেছি পরিশ্রমী জাতি। সময়ের মূল্য দেয়। কাজ করে। গুয়াংজুতে নেমেই সেটা টের পেয়েছি। কতো বড় বিমানবন্দর বানিয়েছে! ভালোভাবে রক্ষণাবেক্ষণও করছে। কোথাও এক টুকরো ময়লা নেই। উরুমচিরও একই অবস্থা। ঝা চকচকে। পরিচ্ছন্ন। নিশ্চয় এর পেছনে চীনাদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে। তাহলে খাবার গ্রহণে কুয়াইজির মতো এমন জটিল জিনিস আবিষ্কার করলো কেন ওরা? এর কোনো মানে হয়?
কিন্তু সব ভয় যেন ঝড়ো বাতাসে পলকা মেঘের মতো উড়ে গিয়েছিল যখন দুপুরে বিমানবন্দর থেকে সোজা হোটেলের ডাইনিংরুমে ঢুকে দেখি কাঠি নেই। বদ কুয়াইজি নেই! কুয়াইজির পরিবর্তে এবার এলো ছুরি-কাঁচি। রাতের ডিনারেও তাই। ছুরি-কাঁচি, বিষয়টা পাকাপোক্ত। তো বাঙালির রসনাবিলাসে আর বাধা রইল না। এমনকি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার ‘রসনাবিলাস’ গল্পে যে ৪২০ পদের ভর্তার কথা বলেছেন, চীনারা সেই ৪২০ পদের ভর্তা নিয়ে এলেও সমস্যা নেই।
বিকেলে ৭টা থেকে ৮টা পর্যন্ত ছিল ডিনারের সময়। ৮টার পরও বাইরে শেষ বিকেলের আলো। একটু পর গোধূলী। ভোজনের পর নিরুদ্দেশভাবে বাইরে বের হয়েছি। হোটেলের সামনে নুড়ি-বিটুমিনের কালো চত্বর। কর্তৃপক্ষ বলেছে, চার তারকা হোটেল। বুকভরে নির্মল নিশ্বাস নেওয়া যায়। এদিকে গতরাতের বিমান ভ্রমণে সবাই মোটামুটি নির্ঘুম ছিল। দিনের আলোয় অনুসন্ধিৎসু দৃষ্টিতেও কারও টানা ঘুম হয়নি গুয়াংজু থেকে উরুমচির পথে। উড়ন্ত বিমানের জানালায় চোখ দিতেই দেখা গেছে ২০-৩০ হাজার ফুট নিচে অচেনা জনপদ। পেনসিলের দাগের মতো সরু-সর্পিল পাহাড়ি নদী। নদীকেন্দ্রিক বসতি। বালুময় তাকলামাকান মরুভূমি। সাদা তুষারাবৃত কুনলুন, পামির ও তিয়ান শান পর্বতমালা।
পর্বতমালার উঁচু উঁচু চূড়া। উড়োজাহাজ ছোঁয় ছোঁয়। কিংবা জানালা খুললেই যেন ধরা যাবে। কর্পূর তুষার। হিম জমাট। ওফ! সেকি রোমাঞ্চকর অভিজ্ঞতা! ভয়ঙ্কর সুন্দর! সৌন্দর্য অবগাহন, আনন্দ নিকেতন। উত্তেজনা। নতুন জায়গায় গেলে মনে হয় এমন হয়। শরীরের শক্তি নিঃশেষ হয় না। শুধু বেরিয়ে পড়ার তাড়না কাজ করে। কিন্তু অচেনা শহর। অজানা রাস্তাঘাট। ম্যাপ-মানচিত্র নেই। তাই সবাই আগামীকালকে টার্গেট করছে। প্ল্যান-প্রোগ্রাম করছে। কে কোথায় যাবে। আমাকেও নিরস্ত হতে হচ্ছে।
কিন্তু কিছু দূর হাঁটতেই দেখি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুল হাসান সৈকত হোটেল মুখে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনিও স্মিতমুখে এগিয়ে এলেন। সৈকত মজার এক চরিত্র। দারুণ রসিক। জিজ্ঞাসা করলাম, কি ভাই একা?
হুম।
কী করেন?
খুঁজছি। কী?
পরে বলছি।
ঠিক আছে চলেন হাঁটি।
আমরা ফুটপাতে পা বাড়াই। বাঁ পাশে দুই লেন করে পর্যায়ক্রমে ৮ লেনের রাস্তা। রোড ডিভাইডারে সবুজ গাছের সারি। সামনে সুপরিসর ফুটপাত। মানুষজন কম। সাজানো গোছানো। ছিমছাম। চীনকে এখনো ‘উন্নয়নশীল দেশ’ বলা হয়। এসব ভাবছিলাম আর ফুটপাত ধরে এগিয়ে যাচ্ছিলাম। উরুমচিতে তখন শরৎকাল চলছে। শরৎকালে যেমন হয় ঝিরঝির বাতাসে। ক্ষীণ পত্র পতন। হঠাৎ সৈকত দাঁড়িয়ে পড়েন। চমকে আমি জিজ্ঞাসা করলাম, কী হলো?
সৈকত বিস্ময়ে বললেন, রবীন্দ্রনাথ না! তাকিয়ে দেখি রবীন্দ্রনাথই তো! পাশে দেখি আইনস্টাইন। তার পাশে নিউটনও আছে। আরে! আরো আছে। পৃথিবীর তাবৎ সব জ্ঞানীগুণী। আবক্ষমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। চীনারা জ্ঞান-বিজ্ঞানের কতো সমঝদার, গোটা পৃথিবী থেকে সেরাদের তুলে এনে রেখেছে।
সন্ধ্যা তখন প্রায় হয়ে এসেছে। আমরা ঘুরে যাই। গোধূলির ম্লান আলোতে শহর, জ্বলে উঠেছে সড়কবাতি। কিন্তু ল্যাম্পপোস্টগুলো ব্যতিক্রম। বিশেষ এক নকশার, নান্দনিক সৌন্দর্যের। লাল গোলাকার তিনটি উপর থেকে ক্রমান্বয়ে ছোট স্ফীত সংযুক্ত চিমনি বিশেষ। ভেতরে বাল্ব। লাল আলো ছিটকে পড়ছে চারদিক। অপরূপ। পরে দেখেছি পুরো উরুমচিজুড়ে একই সড়কবাতি। এমনকি দিন দশেক পর যখন আমাদের বেইজিং নিয়ে যাওয়া হয়, সেখানেও দেখি একই বাতি। একই রং। কমিউনিস্ট রাষ্ট্র বোধ হয় এভাবেই অসাম্য দূর করে।
আরো ঘণ্টাখানেক অনতিদূরের ফুটপাতে হাঁটাহাঁটি করে রাত ৯টার দিকে আমরা হোটেলে ফিরি। এবার পরের দিনের পালা। আগামীকাল উরুমচি আবিষ্কারের দিন। রাতের জানালা থেকে আলোকিত উরুমচির অবয়ব দেখা যাচ্ছে। কাল দিনের আলোয় সব পরিষ্কার হয়ে যাবে। শুধু রাতটা অপেক্ষা। বাংলা ভাষায় অধিকাংশ রোমাঞ্চকর কাহিনি যেমন– সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ কিংবা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ’ লেখা হয়েছে পাহাড়-জঙ্গল নিয়ে। কিন্তু উরুমচির মতো আধুনিক এক মেট্রোপলিটনকে আবিষ্কারের নেশায় পাহাড়সমান রোমাঞ্চ নিয়ে প্রথমদিন আমরা ঘুমোতে গেলাম।
চলবে…
