‘প্রতীক্ষার’ পানি রোজায় এসে বন্ধ
স্থানীয় সরকারমন্ত্রী রোজায় বাড়ি বাড়ি গিয়ে পানি দিয়ে সঙ্গে মাফ চাইতে ওয়াসাকর্মীদের নির্দেশ দিলেও আড়াই মাস পানির সমস্যায় থাকা বাড্ডার কয়েক লাখ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
৭ জুন রোজা শুরুর পর থেকে গত আট দিন ধরে বাড্ডার সাঁতারকুল সড়ক, ময়নারবাগ ও মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে পানি নেই বলে বাসিন্দারা জানিয়েছেন।
তারা বলছেন, আড়াই মাসের বেশি সময় ধরে পানির সমস্যা চলছে। আগে দিনে দু-একবার এলেও রোজা শুরুর পর থেকে ট্যাপে একদমই পানি আসছে না।
ওয়াসায় বার বার অভিযোগ করেও কোনো ফল আসেনি বলে জানিয়েছেন কয়েকজন। ওই এলাকায় ওয়াসার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানালেও কতদিনে তা হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি।
শনিবার বাড্ডার সাঁতারকুল সড়ক, ময়নারবাগ এবং মধ্যবাড্ডার পোস্ট অফিস সড়ক ঘুরে পানির অভাবে বাসিন্দাদের দুর্ভোগের চিত্র চোখে পড়ে।
পানির অভাবে বন্ধ রান্নাসহ অধিকাংশ কাজ, সেই পানি মেলার পর হাসিমুখে ঘরের পথে এই কিশোরী। ছবি: তানভীর আহাম্মেদ
“এই কষ্টের কথা বইলা শেষ করতে পারুম না। অনেকদিন গোসল নাই। আইজকা (শনিবার) বৃষ্টির পানি দিয়া গোসল করছি। আমাগো কষ্টের কথা লেখেন ভাই। পারলে উপকার করেন।”
সাঁতারকুল সড়কের ১৮৫ নম্বর বাড়ির বাসিন্দা মফিজুর রহমান বলেন, “এই গরমে ৩-৪ দিন ধরে গোসল করি না। আজকে পাশের এক বাসা থেকে গোসল করে এসেছি। কিন্তু প্রতিদিন তো কারও বাসায় যাওয়া যায় না। নিজের কাছেই লজ্জা লাগে।”
গত ১৫ দিন ঘর মোছা হয়নি জানিয়ে গৃহিনী মর্জিনা খাতুন বলেন, “খাওয়া ও রান্না করার পানিই পাই না। ঘর ধোয়া-মোছা বিলাসিতা মনে হয়।”
পাশের বাড়ির একটি গভীর নলকূপ থেকে আগে পানি দিলেও তিন-চারদিন ধরে সেটাও বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।
ওয়াসার লাইন সংস্কারের পর প্রায় আড়াই মাস ধরে মধ্যবাড্ডার পোস্ট অফিস গলি ও এর আশপাশে পানির সমস্যার কথা জানান বাসিন্দারা।
অন্য পাড়ায় গিয়ে পানি আনতে কলসি, বালতি নিয়ে অপেক্ষায় উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের কয়েকজন বাসিন্দা। ছবি: তানভীর আহাম্মেদ
উত্তর বাড্ডার সাঁতারকুল রোড এলাকার বাসিন্দারা পানি নিচ্ছেন অন্য পাড়ার বাড়ি থেকে। ছবি: তানভীর আহাম্মেদ
এই গলি থেকে বেরিয়ে যাওয়া ভাঙারি গলির ৮২৭ নম্বর বাড়ির গৃহিনী হামিদা খাতুন বলেন, “পানির লাইগ্যা অনেক কষ্ট হইতাছে। এই রোজায় বাইরে থেকে পানি টানোন যায়?”
পাশের বাড়ির গৃহিনী জহুরা বেগম বলেন, “পানি পাই না। কিন্তু বিল তো ঠিকই নেয়। এইবার বিল নিতে আইলে বাইন্ধা রাখুম।”
সাঁতারকুল সড়কের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, পানি সমস্যা নিয়ে বেশ কয়েকবার ওয়াসায় গেছেন।
“কিন্তু তারা ভ্রুক্ষেপ করে না।”
ওয়াসার গাড়িতে করে পানির ব্যবস্থা হয় না বলে অভিযোগ করেন এসব এলাকার বাসিন্দারা।
শনিবার উত্তর বাড্ডার তেঁতুলতলা সড়কের ১৯ নম্বর বাড়ির সামনে ওয়াসার একটি গাড়ি দেখা যায়।
ওই বাড়ির বাসিন্দা জান্নাতুল ফেরদৌস তিশা বলেন, ‘অনেক তদবির’ করে এক গাড়ি পানি আনতে পেরেছেন তারা।
“রোজার দিনে খুবই বিপদের মধ্যে আছি। ওয়াসায় ‘ম্যানেজ’ করে এক গাড়ি পানি এনেছি।”
রোজার মধ্যে ঘরে আসছে না পানি; অন্য পাড়ার বাসা থেকে পানি নিয়ে চলতে হচ্ছে উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের বাসিন্দাদের।ছবি: তানভীর আহাম্মেদ
ওয়াসার শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলেন, “ঢাকায় পৌনে দুই কোটি লোকের ৯০ থেকে ৯৫ ভাগ রোজা রাখেন। প্রতিদিন কোনো না কোনো এলাকায় ওয়াসার পানির স্বল্পতা দেখা দেয়।
“পানি বাড়ি বাড়ি পৌঁছে দিবা, দরজা খুললে মাফ চাবা। এটা করা যাবে তো, নাকি? মন্ত্রী হিসেবে আমি নির্দেশ দিয়েছি।”
এই এলাকায় পানির সমস্যার কথা স্বীকার করে ঢাকা ওয়াসার অঞ্চল-৮ এর নির্বাহী প্রকৌশলী ক্ষিতিশ চন্দ্র সরকার বলেন, বাড্ডা এলাকায় ওয়াসার পঁচিশটি পাম্প রয়েছে। এর মধ্যে চারটি পাম্পের উৎপাদন ক্ষমতা কমে গেছে। এসব পাম্পের জায়গায় নতুন পাম্প বসানোর প্রক্রিয়া চলছে।
এরইমধ্যে পূর্ব বাড্ডার টেকপাড়ায় নতুন পাম্প বসানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই’ পোস্ট অফিস গলি ও আশপাশের এলাকায় সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা।
এছাড়া আরেকটি পাম্প বসানোর জন্য ময়নারবাগে জায়গা পাওয়া গেলেও পরিসর কম হওয়ায় সেখানে পাম্প বসাতে দেরি হচ্ছে বলে জানান তিনি।
“পাম্প বসাতে বেশি জায়গা লাগে। কিন্তু সেখানে জায়গা কম বলে ঠিকাদারকে রাজি করানো যাচ্ছে না।”
