২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তায় গড়াচ্ছে নালার পানি

পুরো বর্ষাজুড়ে ছিল হাঁটু পানি, শুষ্ক মৌসুম এলেও শুকায়নি রাজধানীর রামপুরা ব্রিজ থেকে নতুন বাজারগামী সড়কের স্থানে স্থানে জমে থাকা পানি।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 11:03 AM

Updated : 12 Oct 2022, 04:44 PM

নর্দমা থেকে চুইয়ে আসা পানি সড়কে জমে থাকার কারণে এর কয়েকটি অংশে কাদার সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার ফাঁদ হয়ে আছে রাস্তার পাশের ঢাকনাবিহীন ম্যানহোলগুলো।

ব্যস্ত এই সড়ক দিয়েই রামপুরা ব্রিজ থেকে গুলশান, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দরে যেতে হয়। বছরের পর বছর ধরে চলতে থাকা এই দুর্ভোগ নিয়ে গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হলেও তাতে টনক নড়েনি কর্তৃপক্ষের। 

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন বিপন কুমার সাহা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সমস্যাটি চিহ্নিত করে ইতোমধ্যেই তারা উদ্যোগী হয়েছেন। অচিরেই এর অবসান ঘটবে।

এদিন সরেজমিন ঘুরে দেখা যায়, রামপুরা ব্রিজ থেকে একটু সামনে এগুলেই ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির উত্তর দিকে অন্তত চারটি ঢাকনাবিহীন ম্যানহোল। একটি ম্যানহোলের ঢাকনি ধসে পড়ায় বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে রাস্তার ওপর। আবর্জনায় পরিপূর্ণ এসব ম্যানহোল থেকে দিন রাত পানি গড়াতে থাকায় আশপাশের সড়কে কাদা জমে আছে।

Image
এই রকম গর্তও ঝুঁকিপূর্ণ করে তুলেছে পথচারীদের চলাচলে

এই রকম গর্তও ঝুঁকিপূর্ণ করে তুলেছে পথচারীদের চলাচলে

সড়কের পানি জমে থাকা স্থানে পিচ ঢালাই সরে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচল বেশ কষ্টকর।

স্থানীয় দোকানি আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তো শীত-বর্ষা সব সময় এখানে পানি জমতে দেখি। উপর মহলের কাছে অভিযোগ করার মতো সুযোগ তো আমাদের নেই। কবে যে এই নালা পরিষ্কার করা হয়েছে মনে পড়ে না।”

আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার পাশের নিষ্কাশন নালাটি আবর্জনায় ভর্তি হয়ে যাওয়ার কারণেই এই জলাবদ্ধতা। রাস্তার ওপরের আবর্জনাগুলো মাঝে মধ্যে পরিষ্কার করা হলেও ভাঙাচোরা নালাটি আবর্জনামুক্ত করতে কেউ দৃষ্টি দেন না।

“রামপুরা থেকে দক্ষিণে এশিয়ান হাসপাতাল পর্যন্ত পয়ঃনিষ্কাশন নালাটি মাটির গভীরে রিং বসিয়ে নির্মাণ করা হয়েছে। সেটিও আবর্জনায় ভর্তি হয়ে গেছে। ফলে পানি সরতে না পেরে সড়কের বিভিন্ন স্থান ফেটে বেরিয়ে আসছে,” বলেন রেস্তোরাঁ মালিক আজমল।

Image
ফুটপাতেও হাঁটার জো নেই

ফুটপাতেও হাঁটার জো নেই

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মেরুল থেকে নতুনবাজারগামী সড়কটির ফুটপাথও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বাড্ডা লিঙ্করোড থেকে মেরুল পর্যন্ত রাস্তার পূর্বপাশের অবস্থা বেশি নাজুক।

এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশন কর্মকর্তা বিপন সাহা বলেন, সেখানে ৫/৭ মাস ধরে নিষ্কাশন নালার সমস্যার কথা শুনেছি। তখনই দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে তা সফল হয়নি।

“কিছুদিন আগে রামপুরা ব্রিজ থেকে নতুন বাজার হয়ে কুড়িল পর্যন্ত রাস্তার পাশের পয়নিষ্কাশন নালা সংস্কারে নতুন করে আরেকটি টেন্ডার আহ্বান করা হয়। ২০ কি ২৫ লাখ টাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।”

নতুন দরপত্র অনুযায়ী অচিরেই সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন বিপন।