হায় ‘স্বাধীনতা চত্বর’
মাছ ও সবজির জমজমাট বাজার, ময়লার স্তূপ, ছড়ানো-ছিটানো ভ্যান আর নানা মাপের পোস্টারের আড়ালে হারিয়ে যেতে বসেছে ঢাকার কচুক্ষেতের ‘স্বাধীনতা চত্বর’।
মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর পরিচয় ও তাদের বীরত্বগাথার ফলক নিয়ে ১৯৯৯ সালে এ চত্বর নির্মাণ করা হয়। কিন্তু ১৬ বছরেই এর ‘ভগ্নপ্রায়’ দশা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংষ্কার না হওয়ায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই চত্বর এখন ভবঘুরে ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।
অবশ্য চত্বরের দায়িত্বে থাকা ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষের ভাষ্য, পর্যাপ্ত টাকার অভাবেই রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ আটকে রয়েছে।
নামফলকের পাশে থাকা লাল ইটের স্থাপনাগুলো পোস্টারের কারণে রঙ হারিয়ে ‘সাদা’ হয়ে গেছে। চত্বর ঘিরে থাকা লোহার বেষ্টনীর অবস্থাও করুণ। কোথাও আছে, কোথাও নেই।
চত্বরের ভেতরেই পসরা নিয়ে বসেছে ভ্রাম্যমাণ হকাররা। এক সময় কিছু গাছ লাগানো হলেও এখন শুধু খাঁ খাঁ।
চত্বরের ভেতরে সাত শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমান, সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল, সিপাহি হামিদুর রহমান, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, মোহাম্মদ রুহুল আমিন, ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর ও ল্যান্স নায়েক নূর মোহাম্মদের নামে আলাদা ফলক থাকলেও তার অধিকাংশই এখন ভাঙা।
এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল থেকে চত্বরের প্রধান ফটকের সামনের রাস্তায় ও দক্ষিণ-পূর্বাংশে মাছের বাজার বসে। বাজারের ময়লা আবর্জনা এবং ফেলে দেওয়া মাছ-সবজির ঠাঁই হয় চত্বরের ভেতরে।
সারাদিনই ক্রেতা-বিক্রেতার ভিড় থাকায় ভ্যানচালকরাও সেখানেই গাড়ি নিয়ে পড়ে থাকেন।
পাশের মোহাম্মদীয়া জামে মসজিদে নামাজ পড়তে আসা শফিকুর রহমান বলেন, চত্বর সংলগ্ন ড্রেনে শৌচকর্ম চলে দিনরাত, ফলে স্বাধীনতা চত্বর দূর্গন্ধে টেকা দায়।
স্থানীয় বাসিন্দা সালাহ উদ্দিন জানান, মাঝে মাঝে ‘নামকাওয়াস্তে’ পরিষ্কার করা হলেও চত্বরের রক্ষণাবেক্ষণে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি দীর্ঘদিন।
চত্বরের এই হাল স্বীকার করে ক্যান্টনমেন্ট বোর্ডের কার্যনির্বাহী প্রকৌশলী আলম খান বলেন, সংস্কারের উদ্যোগ নিলেও ‘টাকার অভাবে’ তারা কাজ শুরু করতে পারেননি।
“আট বছর ধরে বলছি, তবুও সংস্কার কাজের বিল পাস করতে পারিনি।”
তবে শিগগিরই এ বিষয়ে আরেকটি উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
