ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৪২ জনের প্রাণ গেল।
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৪২ জনের প্রাণ গেল।
আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৪৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত সাত জনের মধ্যে তিন জন পুরুষ ও চার জন নারী।
তাদের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকার ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি এলাকার ১ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ২২৩ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১৯ জন।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, ময়মনসিংহে ৬৭, রাজশাহী ১৭৬, রংপুরে ৫৯ এবং সিলেটে ১৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
