২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

খবর দিলে ১৫ মিনিটে মশার লার্ভা নিধন: তাপস

তাপস বলেন, “আমরা ব্যাপক জায়গায় লার্ভা পাচ্ছি, জরিমানা করছি। আমরা অভিযানটা চলমান রাখব।”

খবর দিলে ১৫ মিনিটে মশার লার্ভা নিধন: তাপস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 05:11 PM

Updated : 22 Jun 2023, 04:35 PM

ঢাকার কোনো জায়গায় পানি জমে থাকলে বা জমা পানিতে ডেঙ্গু রোগের বাহক এইডিস মর্শার লাভা আছে বলে মনে হলে সেই তথ্য দক্ষিণ সিটি করপোরেশনকে জানাতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, খবর দেওয়া হলে সিটি করপোরেশন ১৫ মিনিটের মধ্যে মশার লার্ভা নিধনের ব্যবস্থা নেবে।

এইডিস মশার বিস্তৃতি রোধে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরেনের প্রস্তুতি, সক্ষমতা এবং পরিকল্পনা নেওয়া আছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার এক অনুষ্ঠানে তাপস বলেন, “ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনাদের নজরে যদি কোথাও পানি জমে আছে এমনটা দেখতে পান অথবা এইডিস মশার লার্ভা থাকতে পারে বলে মনে হয়, তাহলে আমাদেরকে সাথে সাথে তথ্য দিন।

“আমাদের জনবল প্রত্যেকটা ওয়ার্ডেই নিয়োজিত রয়েছে। আপনারা তথ্য দিলে তারা দ্রুত ১৫ মিনিটের মধ্যে সেই জায়গায় গিয়ে লার্ভিসাইড, এডাল্টিসাইড করতে পারবে, যথাযথ ব্যবস্থা নিতে পারবে।“

বুধবার খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজার সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় এইডিস মশা নিধনে করপোরেশনের উদ্যোগ নিয়ে মেয়রকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

যেখানে যেখানে মশার লার্ভা জমে আছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেখানে জরিমানা করা হচ্ছে বলে তাপস জানান।

তিনি বলেন, “আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে। তারা অভিযান চালিয়ে যাবে। আমরা ব্যাপক জায়গায় লার্ভা পাচ্ছি, জরিমানা করছি। আমরা অভিযানটা চলমান রাখব, যাতে করে জনগণ, দায়িত্বশীল মহল, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন আবাসন (কোম্পানি ও সরকারি আবাসন সংস্থা) তারা যেন আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে।"

এবারে বর্ষা মৌসুম শুরুর আগেই দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এ বছর সারাদেশে ৫ হাজার ২৩১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অর্ধেকের বেশি, ৩২০৯ জনই আক্রান্ত হয়েছেন জুন মাসের প্রথম ১৯ দিনে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। তাদের মধ্যে ২৩ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।

বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় এর ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক হওয়ার পরামর্শও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দায় চাপিয়েছে সিটি করপোরেশনের ওপর। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তাপস বলেন, "আমরা কোনো দায় চাপানো বা দায় নিয়ে কোনো ধরনের কথা আদান-প্রদান করতে চাই না। আমাদের দায়িত্ব নিয়ে আমরা অত্যন্ত ওয়াকিবহাল আছি। গতবছরও আমরা সফলতার সাথে এইডিস মশার বিস্তৃতি মোকাবেলা করেছি। আমাদের সকল প্রস্তুতি, সক্ষমতা এবং পরিকল্পনা আছে।“

দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডেই করপোরেশনে নির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োজিত আছেন জানিয়ে মেয়র তাপস বলেন, “সকালে ৭ জন বিকেলে ৬ জন এবং একজন সুপারভাইজর দিনব্যাপী তদারকি করে। এরপরে আমরা তদারকি করে থাকি। আমরা শ্রাবণ মাসের প্রথম থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কক্ষ চালু করব। সুতরাং এইডিস মশার বিস্তৃতি রোধ করার জন্য আমাদের সকল কার্যক্রম চলমান রয়েছে এবং ধাপে ধাপে এটি আরো গতিশীল হবে, বেগবান হবে।"

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মেয়র ১১ নম্বর ওয়ার্ডের নর্দমা পরিষ্কার কার্যক্রম, শেখ হাসিনা ছিন্নমূল পূনর্বাসন কেন্দ্র (র‍্যাব-১০ এর সাবেক কার্যালয়) এবং ৪৯ নম্বর ওয়ার্ডের নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন। 

সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন:

পুরানো খবর:

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩২৩ রোগী, মৃত্যু ২

পুরানো খবর:

ডেঙ্গু প্রতিরোধ না করা অন্যায়: দীপু মনি

পুরানো খবর:

দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী

পুরানো খবর:

ডেঙ্গু: দিনে রোগী ভর্তি ৪০০ ছাড়াল

পুরানো খবর:

ডেঙ্গু: পাঁচ দিনেই ৪৫৫ রোগী হাসপাতালে, মৃত্যু ৪ জনের