Published : 19 Jun 2023, 06:24 PM
বর্ষা মৌসুম শুরুর আগেই দেশে হানা দেওয়া এইডিসবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৩ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
নতুনদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২৩১ জন, যাদের অর্ধেকের বেশি ৩২০৯ জনই ভর্তি হয়েছে জুন মাসের প্রথম ১৯ দিনে।
একদিনে মৃত দুইজনকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। তাদের মধ্যে ২৩ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুন মাসে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩২৩ রোগীর মধ্যে ঢাকায় ২৬০ জন এবং ঢাকার বাইরের ৬৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১১৫৮ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৯১৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন।
বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় এর ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক হওয়ার পরামর্শও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
গত ১০ জুন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত যত জনের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।