২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৭৫

এ বছর ডেঙ্গুতে মারা গেলেন ৫৭৫ জন।

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৭৫
দিনকে দিন বাড়ছে ডেঙ্গু রোগী সংখ্যা। গত কয়েক দিনে প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি হচ্ছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 07:01 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে এ বছর ডেঙ্গুতে মারা গেলেন ৫৭৫ জন।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন রোগী। তাদেরকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ২১৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন তাদের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩০ জন, ঢাকা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে এক জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে দুই জন এবং বরিশাল বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৯৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৩৮ জন; ৩৬১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৯৭২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪২২ জন।

ডিসেম্বরের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ৭৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৮৭ জনের।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।