হামের লক্ষণ নিয়ে আরো ৪ মৃত্যু
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৪৪ জনের মৃত্যু হল।
দেশে হামের লক্ষণ নিয়ে গত এক দিনে আরো চার জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৪৪ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকালে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১৭৭ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় ১৬৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে ১৩ হাজার ৪৯৭ জন চিকিৎসা নিতে গেছেন। পরীক্ষার মাধ্যমে মোট ২ হাজার ৪০৯ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯১০ জন। আর হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৬০৯ জন।
গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৬২ জন এবং রাজশাহী বিভাগে ২৩০ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
হামের লক্ষণ নিয়ে গত এক দিনে যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের দুজন ঢাকা বিভাগের এবং দুজন খুলনা বিভাগের।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৬২ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। আর ঢাকা বিভাগে মারা গেছেন ৫৯ জন।
দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের ৩০টি উপজেলায় হামের হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
