২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৫৫ জন

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫৬৬ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 10:51 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৫ জন; এসময়ে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৬ জনে; মোট মারা গেছেন ৪৮জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন ও খুলনা বিভাগে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে রোববার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৮৩ রোগী চিকিৎসা নিচ্ছিলেন; এর মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১৯৬ জন; ঢাকার বাইরে ১৮৭ জন। 

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন, মারা যান পাঁচজন। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মৃত্যু হয় দুইজনের। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, মারা যান ১২ জন। জুন মাসে ৭৯৮ জন আক্রান্ত হন, মৃত্যু হয় আটজনের। এ ছাড়া জুলাই মাসের প্রথম ১৪ দিনে ৯১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন চারজন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।