২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর হাসপাতালে সেবা বাড়ানোর দাবি

নাটোর সদর হাসপাতালে সেবা বাড়ানো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

নাটোর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর হাসপাতালে সেবা বাড়ানো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে অবস্থান ধর্মঘট শেষে সচেতন নাগরিক সংগ্রাম পরিষদের নেতারা সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে স্বাস্থ্য সেবার মান উন্নত করার ব্যবস্থা নেওয়া এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এক চিকিৎসককে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। এর আগে একই দাবিতে শনিবারও শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের দক্ষিণ ফটকের সামনে অবস্থান ধর্মঘটে সচেতন নাগরিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক হোসেন সর্দারের সভাপতিত্বে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। পরিষদের নেতা জেলা যুবলীগের সভাপতি শরিফুল হক রমজান বলেন, জেলা বিএমএ ও স্বাচিপ সভাপতি আবাসিক চিকিৎসক আব্দুল গণি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করছেন। তার অনিয়মের কারণে হাসপাতালে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। পরিষদের আহ্বায়ক হোসেন সর্দার এবং পৌর কাউন্সিলর মোস্তাক আহম্মেদও একই ধরনের অভিযোগ করে বলেন, আব্দুল গণি সপ্তাহে অন্তুত দুই দিন ঢাকায় থাকেন। তিনি হাসপাতালের রোগীদের কোন খোঁজখবর রাখেন না। তবে নাগরিক সমাজের এ ধরনের অভিযোগ নাকচ করে চিকিৎসক আব্দুল গণি বলেন, “কিছু লোক আমার কাছে অন্যায় সুযোগ- সুবিধা চেয়েও পাচ্ছেন না। এই আক্রোশে অন্দোলন শুরু করেছে।” এর আগে নাগরিক সমাজের নেতারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং হাসপাতালে অবাঞ্চিত ঘোষণা করেন বলে দাবি করেন ওই চিকিৎসক। নাটোরের সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সুকুমার সরকার স্মারকলিপি পাওয়ার কথা জানিয়ে বলেন, হাসপাতালের সেবা যতোটা বাড়ানো সম্ভব সেই উদ্যোগ নেয়া হবে। তবে চিকিৎসক আব্দুল গণির অপসারণের বিষয়টি মন্ত্রণালয়কে জানাবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১১ ঘ.