২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালা বদলের কাজ হৃদরোগের ঝুঁকি বাড়ায়

দিনে কাজ করা কর্মীদের চেয়ে পালা বদল করে কাজ করে এমন কর্মীদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

লন্ডন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিনে কাজ করা কর্মীদের চেয়ে পালা বদল করে কাজ করে এমন কর্মীদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেশি। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে (বিএমজে) প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান, পালা বদল করে কাজ করলে দেহঘড়ি তার ছন্দ হারায় এবং জীবনযাত্রার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। এর আগে পালা বদলের কাজে উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে বলে জানা গেছে। তবে রাতের পালায় কাজের হার কমিয়ে দিলে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কানাডা ও নরওয়ের একদল গবেষক পূর্ববর্তী ৩৪ টি গবেষণা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছেন। গবেষকরা তাদের পর্যালোচনায় দেখতে পান, মস্তিস্কে রক্ত সঞ্চালনের পরিমাণ কম হওয়ায় ১৭ হাজার ৩৫৯ টি ক্ষেত্রে হৃদযন্ত্রে রক্তসরবরাহকারী ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়াসহ ৬ হাজার ৫৯৮ টি হার্ট অ্যাটাক এবং ১ হাজার ৮৫৪ টি স্ট্রোকের ঘটনা ঘটেছে। এ রোগগুলো পালাবদলের কাজ করা কর্মীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। বিএমজে’র গবেষণাগুলোয় দেখা গেছে, পালাবদলের কাজ করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি ২৩ শতাংশ, ধমনিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি ২৪ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি ৫ শতাংশ বৃদ্ধি পায়। তবে গবেষকরা এ কথাও বলেছেন, পালা বদলের কাজ হৃদরোগে মৃত্যুহার বাড়িয়ে দিচ্ছে এমন নয় এবং এ কারণে হওয়া হৃদযন্ত্রের সমস্যাগুলো ‘পরিমিত’। লন্ডনের ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় ও কানাডার অন্টারিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড্যান হাকাম জানিয়েছেন, পালাবদলের কর্মীদের ঘুমের সময় নির্দিষ্ট থাকে না এবং তাদের খাদ্যাভ্যাসও থাকে এলোমেলো। তাই তাদের মধ্যে এ রোগগুলোর ঝুঁকি বেশি থাকে। যুক্তরাজ্যের ইন্সটিটিউট অব অকুপেশনাল সেফটি এন্ড হেলথ- এর গবেষণা ও তথ্য সেবা ব্যবস্থাপক জেন হোয়াইট জানিয়েছেন, “স্থায়ী রাতের পালা এড়িয়ে, ১২ ঘন্টার বেশি কাজ না করে এবং পালাবদলের কাজ করলে কমপক্ষে দুই রাত পুরোপুরি ঘুমিয়ে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।” এছাড়া রাতে, বিকালে বা প্রচলিত অফিস সময়ে যখনই কাজ করা হোক না কেন সুষম খাদ্য খেলে, নিয়মিত ব্যায়াম করলে এবং ধূমপান না করলে হৃদযন্ত্র অধিকতর ভাল থাকবে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪০ঘ.