যুক্তরাষ্ট্র, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হালকা-পাতলা মানুষের তুলনায় বেশি ওজনের বা মোটা মানুষদের বৃহদান্ত্রে টিউমার দেখা দেওয়ার ঝুঁকি বেশি। যা পরবর্তীতে ক্যান্সারে রূপ নিতে পারে।
সম্প্রতি মার্কিন চিকিৎসা সাময়িকী ‘গ্যাস্ট্রোএন্ট্রোলজি’তে প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণার ফলে একথা বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)‘র নির্দেশনা অনুযায়ী উচ্চতার ও শরীরের ওজনের অনুপাত ২৫ বিএমআই এর বেশি হলে স্বাভাবিকের তুলনায় ওজন হবে বেশি, আর বিএমআই ৩০ এর ওপরে হলে তাকে স্থ’ূল বলা যায়।
এর আগে যুক্তরাষ্ট্রের ক্যান্সার ইনিস্টিটিউট পরিচালিত এক গবেষণায় বেশি ওজন কিংবা স্থূলতার সঙ্গে বৃহদান্ত্রে ক্যান্সারের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। কিন্তু নতুন গবেষণায় প্রথমবারের মতো বেশি ওজনধারী ও স্থূলদেহীদের মলাশয়ে পলিপ বা টিউমার হওয়ার ঝুঁকি বেশি প্রমাণিত হয়েছে এবং এ থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি দেখা গেছে।
লন্ডন ইম্পিরিয়াল কলেজের গবেষক হুতান আশ্রাফিন বলেন, “স্থূলতা ও ক্যান্সারের মধ্যে সম্পর্ক আছে তা আগেই জানা ছিল। তাই স্থ’ূলতার সঙ্গে ক্যান্সার পূর্ববর্তী অবস্থারও একটি সম্পর্ক থাকার কথা, আর সেই সম্পর্কটিই হচ্ছে মলাশয়ে পলিপ।”
আশ্রাফিন ও তার সহগবেষকরা এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের এক লাখেরও বেশি মানুষের ওপর চালানো ২৩টি গবেষণার ফল বিশ্লেষণ করে দেহের ওজনের সঙ্গে টিউমারের সম্পর্ক খুঁজে দেখেন।
এর সামগ্রিক ফলে দেখা যায়, বেশি ওজনধারী ও মুটিয়ে যাওয়া ২২ শতাংশ মানুষের বৃহদান্ত্রে টিউমার আছে। বিপরীতে স্বাভাবিক ওজনের ১৯ শতাংশ মানুষের বৃহদ্রান্ত্র টিউমার পাওয়া যায়।
বিএমআই এর মান বাড়ার সঙ্গে সঙ্গে টিউমার হওয়ার ঝুঁকিও বাড়ে।
তবে স্থূলদেহ হলেই টিউমার বা সিস্ট হবে তা গবেষণায় বলা হয়নি। তেমনটি হলে মোটা মানুষের সংখ্যা বাড়তে থাকা এই বিশ্বের জন্য তা দুঃসংবাদ হয়ে দাঁড়াবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, বিশ্বে স্থ’ূল মানুষের সংখ্যা প্রায় ৫০ কোটি। আর ২০০৮ সালে বিশ্বব্যাপী বৃহদান্ত্রের ক্যান্সারে মারা যাওয়াদের সংখ্যা ৫ লাখেরও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৮ঘ.
bdnews24