ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় মুরগীর খামারে ঘন ঘন বার্ড ফ্লুর প্রার্দুভাব বাংলাদেশের জনগনের জন্য মারাত্মক স্বাস্থ্য হুমকি সৃষ্টি করেছে।
ঢাকা জেলায় এক সপ্তাহে বার্ড ফ্লু আক্রান্তের প্রায় ১২টি ঘটনা ঘটেছে। এ থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিন্তিত হয়ে পড়েছেন। ২০০৮ সালে মে মাসে ঢাকা নগরী ও আশপাশ এলাকা থেকেই বাংলাদেশে প্রথম মানব দেহে এভিযান ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ ডা. এএসএম আলমগীর হোসেন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মুরগি থেকে এইচ৫এন১ ভাইরাস যে কোন সময় মানবদেহে ছড়িয়ে পড়তে পারে। এটা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
ড.আলমগীর আরো বলেন, যেসব এলাকায় পোল্ট্রি খামার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে সেইসব এলাকার মুরগি বাজারজাত করা হলে যারা এটা গ্রহণ করবেন তারা স্বাস্থ্য ঝুঁকিতে পরতে পারেন।
এমনকি বিনা প্রয়োজনে কাক ও কবুতরের সংস্পর্শে আসার বিষয়টিও এড়িয়ে চলা উচিত। কারণ ২০০৮ সালে ঢাকা ও চট্টগ্রামে অনেক কাক মারা যায়। সে সময় গবেষণাগারে পরীক্ষা নীরিক্ষায় কাকের শরীরে এইচ৫এন১ ভাইরাসের উপস্থিতি মেলে।
ডা. আলমগীর পোল্ট্রি খামারে জীব নিরাপত্তা বজায় রাখার এবং সবাইকে ভালভাবে মুরগী রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন।
বিশ্বের ১৫ টি দেশে ৫১৮ জন এভিয়ান ফ্লু আক্রান্তের মধ্যে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই বার্ড ফ্লু আক্রান্ত মুরগির সংস্পর্শে এসেছিলেন।
গবেষকরা বলেছেন, বার্ড ফ্লুর মত জটিল ও সংক্রামক রোগটি ক্রমান্বয়ে যে ভাবে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে তাতে বাংলাদেশে এটা মহামারি আকার ধারণ করতে পারে। জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের চলাফেরা, নগরায়ন, খাদ্য উৎপাদনে পরিবর্তন ও অন্যান্য কারণে এই ঝুঁকি সৃষ্টি হয়েছে।
ঢাকার কমলাপুরে একটি বস্তিতে এক মা মুরগি জবাই করার পর হাত না ধুয়েই তার ১৫ মাস বয়সী শিশুকে কোলে নেয়। এর ফলে শিশুটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রন্ত হয়। শিশুটি এই প্রাণঘাতী রোগে ভোগার পর অবশ্য বেঁচে গেছে।
মহামারী রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) চিকিৎসকদের এই মর্মে পরামর্শ দিয়েছে যে, কোন রোগীর শ্বাসতন্ত্রে বড় ধরনের সমস্যা দেখলে তারা যেন খোঁজ খবর নেন যে, ওই রোগী অসুস্থ মুরগির সংস্পর্শে এসেছিলো কিনা। সেক্ষেত্রে ওই রোগী প্রাণঘাতী এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে থাকতে পারে।
এ ভাইরাস সাধারণত অসুস্থ মুরগী থেকে মুরগীতেই ছড়ায়। তবে কখনো কখনো এটা মুরগী থেকে মানুষের শরীরেও ছড়ায়।
পশু বিশেষজ্ঞরা মনে করেন, পোল্ট্রি খামারে জীব-নিরাপত্তা রক্ষাই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণের অন্যতম উপায়।
পোল্ট্রি খামার কাজী ফার্মস লিমিটেড এর পরিচালক জাহিন হাসান জানান, তাদের খামারের কর্মীরা সবাই খামারের ভেতরেই বাস করে। তারা বাইরে যাওয়ার সময় গোসল করে বের হয়।
কিন্তু অনেক খামারই আছে যেগুলোর কর্মীরা গ্রামে নিজ নিজ বাড়িতে থাকে। তাদের বাড়িতে মুরগি থাকে এবং সেখান থেকে তাদের মাধ্যমে এই ভাইরাস খামারে ছড়ায়।
এছাড়াও বিভিন্ন প্রাণী যেমন কুকুর, ছাগল ও বাইরের মুরগী অনেক সময় বেড়ার ফাঁক দিয়ে খামারের মধ্যে প্রবেশ করে এ ভাইরাস ছড়াতে পারে। এগুলোর প্রবেশ বন্ধ করার জন্য অনেক খামার মালিক তাদের খামারে শক্তপোক্ত বেড়া দিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/কেএমএস/১৮৫৪ ঘ.
bdnews24